চার বছর বয়সের ছবির পাশে আজকের টেন্ডুলকার, ব্যাটের সঙ্গে সম্পর্কের ৪৯ বছর

কিছু ছবি সময়ের দীর্ঘ পথচলা চোখের সামনে তুলে ধরে। একই মানুষ, একই হাসি, হাতে একটি ব্যাট — শুধু মাঝখানে পেরিয়ে গেছে ৪৯টি বছর। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার আজ রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমনই একটি ছবির কোলাজ পোস্ট করেছেন।
ছবির বাঁ পাশে ছোট্ট একটি ছেলে। কোঁকড়া চুল, মুখে দুষ্টুমিভরা হাসি, হাতে ক্রিকেট ব্যাট — ছবিটা সাদা-কালো। ডান পাশের ছবিতে সেই একই মানুষ; চুলে বয়সের ছাপ, মুখে পরিণত মানুষের হাসি, পরনে নীল শার্ট আর জিনস, হাতে সেই ক্রিকেট ব্যাট, দাঁড়ানোর ভঙ্গিটাও প্রায় একই।
ছবির সঙ্গে টেন্ডুলকার হিন্দিতে একটি বাক্য লিখেছেন, যার বাংলা মানে দাঁড়ায় — ‘প্রথম থেকেই ব্যাটের সঙ্গে সম্পর্ক। ৪৯ বছর পরও সে আমার সঙ্গেই আছে!’
১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ে জন্ম টেন্ডুলকারের। চার বছর বয়সে তোলা ছবিটিই তাঁর ব্যাট হাতে প্রথম দিনগুলোর স্মৃতি, আর ৪৯ বছর পরের ছবিটি সেই সম্পর্কেরই ধারাবাহিকতা।
ভারতের হয়ে ২৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন টেন্ডুলকার। এই সময়ে তিনি করেছেন ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি, জিতেছেন বিশ্বকাপ, আর হয়ে উঠেছেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আলোচিত ও সম্মানিত খেলোয়াড়দের একজন।
ভারতের কোটি কোটি মানুষের কাছে টেন্ডুলকার ছিলেন আবেগের অন্য নাম। তাঁর সেঞ্চুরিতে উৎসব হয়েছে, আউট হলে নেমে এসেছে বিষণ্ণতা; টেলিভিশনের সামনে বসে অসংখ্য মানুষ অপেক্ষা করেছেন তাঁর ব্যাটিং দেখার জন্য।
হঠাৎ করে চার বছর বয়সের ছবিটি আজ পোস্ট করার একটি উপলক্ষও আন্দাজ করা যায়। ১৯৮৯ সালের এই দিনেই ব্যাট হাতে ভারতের হয়ে প্রথম মাঠে নেমেছিলেন টেন্ডুলকার।
টেন্ডুলকারের জীবনে ব্যাটের সঙ্গে সম্পর্কটা তাই কখনোই শুধু পেশার ছিল না; ৪৯ বছর পরের এই ছবিটি যেন সেই ভালোবাসারই দলিল হয়ে সামনে এল।




