লাল কার্ডে নিষিদ্ধ হলেও সিঙ্গাপুর সফরে ব্রাজিল দলেই থাকছেন রাফিনহা
জাপানের বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচে লাল কার্ড দেখেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রাফিনহা।
এই কার্ডের কারণে সিঙ্গাপুরের বিপক্ষে সেলেসাওদের বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন না।
ম্যাচটিতে তাঁর খেলা নিষিদ্ধ হলেও তাঁকে দলের সঙ্গেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) জাতীয় দলের জেনারেল ডিরেক্টর রদ্রিগো কায়েতানো আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
সাধারণত কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে খেলোয়াড়দের আগেভাগে নিজ ক্লাবে ফিরে যাওয়ার সুযোগ থাকে, কিন্তু রাফিনহার ক্ষেত্রে এখনই তাঁকে বার্সেলোনার কাছে ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা ব্রাজিলের নেই।
ক্রীড়া সাংবাদিক ফার্নান্দো পোলোর এক প্রতিবেদন অনুযায়ী, বিশেষ বৈঠকের পর সিবিএফের একজন প্রতিনিধি জানিয়েছেন, আন্তর্জাতিক ক্যাম্প পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এই ফরোয়ার্ডকে ক্লাবের কাছে ছাড়া হবে না। ফলে খেলতে না পারলেও সিঙ্গাপুরে জাতীয় দলের পুরো সফরে দলের সঙ্গেই থাকবেন তিনি।
ব্রাজিলের এই সিদ্ধান্তে হতাশ হয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। গত দুটি আন্তর্জাতিক বিরতিতেই জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট নিয়ে স্পেনে ফিরেছিলেন রাফিনহা, তাই এবার লাল কার্ড পাওয়ার পর কাতালান ক্লাবটি ভেবেছিল নিষেধাজ্ঞার কারণে তাঁকে হয়তো চোটের ঝুঁকি ছাড়াই আগেভাগে পেয়ে যাবে।
সিবিএফের সিদ্ধান্তে সেই প্রত্যাশা ভেস্তে গেছে। চোটমুক্ত অবস্থায় রাফিনহাকে ফিরে পেতে বার্সেলোনাকে এখন ব্রাজিলের আন্তর্জাতিক ক্যাম্প আনুষ্ঠানিকভাবে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে; জাতীয় দলের সূচি শেষে তবেই স্পেনে ফিরতে পারবেন এই ফরোয়ার্ড।




