মার্কিন শহরগুলোতে হত্যাকাণ্ড কমেছে ১৭ শতাংশের বেশি, টুলসায় কমেছে ৭১ শতাংশ
যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে সহিংস অপরাধে উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে বলে এক প্রতিবেদনে জানা গেছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হত্যাকাণ্ড আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ কমেছে।
মেজর সিটিজ চিফস অ্যাসোসিয়েশনের (এমসিসিএ) ৬৬টি আইনশৃঙ্খলা সংস্থার ওপর চালানো এক জরিপে এ চিত্র উঠে এসেছে। জরিপে চারটি বিভাগের তথ্য পর্যালোচনা করা হয়: হত্যাকাণ্ড, ধর্ষণ, ডাকাতি ও গুরুতর হামলা। ডাকাতি কমেছে ১৩ দশমিক ৩ শতাংশ, গুরুতর হামলা ৪ শতাংশ এবং ধর্ষণ ৩ দশমিক ৮ শতাংশ।
২০২৫ সালের তুলনায় সামগ্রিক সহিংস অপরাধ সবচেয়ে বেশি কমেছে টেনেসির মেমফিসে, যেখানে সামগ্রিক অপরাধ কমেছে ২৯ শতাংশ। ওকলাহোমার টুলসায় হার কমেছে প্রায় ২৯ শতাংশ। ইন্ডিয়ানার ইন্ডিয়ানাপলিসে সহিংস অপরাধ কমেছে ২৪ শতাংশ।
হত্যাকাণ্ড কমার ক্ষেত্রে এগিয়ে রয়েছে টুলসা। সেখানে হত্যাকাণ্ড কমেছে ৭১ শতাংশ। কলোরাডোর অরোরায় হত্যাকাণ্ড কমেছে ৬৫ শতাংশ। আর নিউ জার্সির নিউআর্কে কমেছে ৫৯ শতাংশ।
ধর্ষণের ঘটনা নিউইয়র্কের বাফেলোতে অর্ধেক কমে গেছে। টুলসায় কমেছে ৩৭ শতাংশ এবং মেমফিসে ২৮ শতাংশ।
ইন্ডিয়ানাপলিস পুলিশ বিভাগের জনসংযোগ দপ্তর ফক্স নিউজ ডিজিটালকে জানায়, শহরের সব জেলাজুড়েই অপরাধ কমার ধারাবাহিকতা দেখা যাচ্ছে। শহরটি এ সাফল্যের কৃতিত্ব দেয় বেশ কয়েকটি উদ্যোগ ও অংশীদারিত্বকে, যার মধ্যে রয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র অপসারণে গঠিত একটি টাস্কফোর্স, যা অপরাধে ব্যবহারকারীদের হাত থেকে অস্ত্র সরিয়ে নেয়।
বিভাগের এক মুখপাত্র ই-মেইলে লেখেন, ‘অপরাধ কমলে পুরো শহরই উপকৃত হয়। এটা শুধু একটি মহল্লা বা একটি গোষ্ঠীর উপকার নয়, যারা এখানে বাস করেন, কাজ করেন ও বেড়াতে আসেন, সবার উপকার হয়।’
ন্যাশনাল কাউন্সিল অন ক্রিমিনাল জাস্টিসের সাম্প্রতিক এক মূল্যায়নে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের হার কমার কারণ ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। সক্রিয় পুলিশিং ও প্রতিরোধমূলক কৌশলের ওপর জোর দেওয়াকে এই হ্রাসের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
গবেষকরা আরও একমত হয়েছেন যে মহামারি-পরবর্তী সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় থেকে স্বাভাবিক অবস্থায় ফেরাও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
ছোট শহরগুলোতেও রেকর্ড কম অপরাধ দেখা যাচ্ছে। ফ্লোরিডার পোল্ক কাউন্টিতে অপরাধের হার ৫৪ বছরের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছেন শেরিফ গ্র্যাডি জাড। তিনি বলেন, কাউন্টিতে সূচক অপরাধ, ধর্ষণ, ডাকাতি, হত্যা, চুরি, বড় চুরি, ভাঙচুর ও গাড়ি চুরি ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
জাড এর কৃতিত্ব দেন শেরিফ দপ্তরের কঠোর অপরাধবিরোধী নীতিমালা ও স্থানীয় রাষ্ট্রীয় অ্যাটর্নির সঙ্গে সংস্থার অংশীদারিত্বকে। তিনি বলেন, ‘আমরা এটা গোপন রাখি না। আমি মানুষকে আগেই বলি, তুমি এটা করলে জেলে যাবে। আমরা তোমাকে গ্রেপ্তার করব।’




