যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক ‘এনএসএ নেট’ হঠাৎ অচল

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)-এর অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গোপনীয় নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। এ বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।
‘এনএসএ নেট’ নামের এই নেটওয়ার্কের মাধ্যমে সংস্থাটির কর্মীরা নিজেদের মধ্যে গোপনীয় ও শ্রেণিবদ্ধ তথ্য আদান-প্রদান করেন। একটি সূত্র জানিয়েছে, এই বিপর্যয় মাঝে মাঝে ঘটছে এমন ধরনের হলেও সংস্থার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা অক্ষত রয়েছে।
এখন পর্যন্ত এই বিপর্যয়ের পেছনে কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। একটি সূত্রের মতে, সমস্যাটি প্রযুক্তিগত প্রকৃতির বলেই মনে হচ্ছে, যদিও সুনির্দিষ্ট কারণ এখনো নির্ধারণ করা যায়নি।
নেটওয়ার্কটি অচল হওয়ার কারণ ও সমস্যার ব্যাপ্তি নির্ধারণে কাজ করছে সংস্থাটি। পরিস্থিতি সামাল দিতে কর্মীদের কর্মস্থলে আসার সময় পর্যায়ক্রমে নির্ধারণ করা হয়েছে, যাতে হাজার হাজার কর্মী একসঙ্গে কম্পিউটারে লগ ইন করার চেষ্টা না করেন।
এ বিষয়ে মন্তব্যের জন্য জাতীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি। বিপর্যয়টি কখন শুরু হয়েছে এবং নেটওয়ার্কটি পুরোপুরি সচল করতে কত সময় লাগবে, তা এখনো স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কর্মকর্তারা জানিয়েছেন, এনএসএ নেট অচল থাকলেও এশিয়া সফররত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পৌঁছানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ট্রাম্প বর্তমানে এয়ার ফোর্স ওয়ানে করে এশিয়া সফর করছেন। কর্মকর্তারা জানান, প্রেসিডেন্টের সঙ্গে নিরাপদ যোগাযোগ বজায় রাখতে মার্কিন সরকারের একাধিক বিকল্প ব্যবস্থা ও ব্যাকআপ নেটওয়ার্ক রয়েছে। একটি সূত্র জানিয়েছে, বিপর্যয় সত্ত্বেও সংস্থা গুরুত্বপূর্ণ যোগাযোগ সক্ষমতা হারায়নি এবং কার্যক্রম চালিয়ে যেতে অসংখ্য ব্যাকআপ সুবিধা রয়েছে।
ট্রাম্প বর্তমানে ফিলিপাইনে রয়েছেন। আগামীকাল চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা তাঁর। সেখানে চীনা নেতা সি চিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তাঁর।
এনএসএ বিদেশি সিগন্যাল গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের দায়িত্বে রয়েছে এবং মার্কিন গোয়েন্দা ও সামরিক কার্যক্রমে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। দেশটির সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থার যোগাযোগ নেটওয়ার্কে এই বিপর্যয় এমন সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমান সংস্থা ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ছে।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক ঘণ্টার জন্য সব ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছিল, আরকানসাস অঙ্গরাজ্যের একটি রাউটারের ত্রুটি থেকে এই সমস্যার সূত্রপাত হয়। গত সপ্তাহে মাইক্রোসফটের বিভিন্ন পণ্যেও বড় ধরনের বিপর্যয় দেখা দেয়; এতে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা আউটলুক ই-মেইল ও টিমস মিটিং সেবায় প্রবেশ করতে পারেননি। এনএসএ, এফএএ কিংবা মাইক্রোসফটের এসব প্রযুক্তিগত বিপর্যয়ের পেছনে সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।




