হোয়াইট হাউসের শুনানিতে যাবেন না ফেড গভর্নর লিসা কুক, প্রক্রিয়াকে পূর্বনির্ধারিত বললেন তাঁর আইনজীবী

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক আগামী মাসে হোয়াইট হাউসের একটি কমিটির শুনানিতে হাজির হবেন না। তাঁর আইনজীবীদের মাধ্যমে তিনি এ সিদ্ধান্ত জানিয়েছেন। কমিটিটি তাঁকে চাকরিচ্যুত করা যায় কি না, তা বিবেচনা করছে; কুকের পক্ষ বলছে, এই প্রক্রিয়া অন্যায্য এবং একটি পূর্বনির্ধারিত সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা চেয়েছিলেন, ফেডের গভর্নর বোর্ডে যোগ দেওয়ার আগে ২০২১ সালে কুক বন্ধক (মর্টগেজ) জালিয়াতি করেছেন বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে তিনি কমিটির সামনে জবাব দিন। কুক এই অভিযোগ অস্বীকার করেছেন। প্রশাসন প্রথমে ৬ নভেম্বর তাঁর উপস্থিতি দাবি করেছিল, আর এখন সেই উপস্থিতি নিয়ে হোয়াইট হাউস ও কুকের আইনজীবীদের মধ্যে টানাপোড়েন আরও বেড়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের আগস্ট থেকে কুককে অপসারণের চেষ্টা করছেন। কুকের যুক্তি, তাঁকে অপসারণের এই চেষ্টা ফেডের স্বাধীনতার জন্য হুমকি এবং ঋণের খরচ কমাতে কেন্দ্রীয় ব্যাংককে চাপ দেওয়ার জন্য ট্রাম্পের আকাঙ্ক্ষারই প্রতিফলন।
কুকের আইনজীবী অ্যাবে ডেভিড লোয়েল মঙ্গলবার প্রকাশিত এক চিঠিতে হোয়াইট হাউসের কৌঁসুলি উইলিয়াম শার্ফকে লিখেছেন, অন্যায্য শুনানিতে অংশ নেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা গভর্নর কুকের নেই; বরং প্রতিষ্ঠানটির অনন্য মর্যাদা ও স্বাধীনতা ক্ষুণ্ন করতে পারে এমন কোনো প্রক্রিয়ায় অংশ না নেওয়াই ফেডের প্রতি তাঁর দায়িত্ব। হোয়াইট হাউসের গঠিত তিন সদস্যের প্যানেল সম্পর্কে তিনি লিখেছেন, এটি গভর্নর কুককে চাকরিচ্যুত করার পূর্বনির্ধারিত সিদ্ধান্ত আড়াল করার জন্য সাজানো একটি প্রহসন বলে মনে হচ্ছে।
গত জুনে সুপ্রিম কোর্ট ট্রাম্পকে কুকের অপসারণ থেকে বিরত রাখেন, যত দিন তাঁর অপসারণের চেষ্টা নিয়ে মামলা চলমান থাকে। আদালত বলেন, ফেডের নকশায় স্বাধীনতার বাস্তবতা শুধু নয়, স্বাধীনতার ধারণাটিও মূল বিষয়।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, কুক না এলেও তাঁরা শুনানি এগিয়ে নিয়ে যাবেন। ৩ নভেম্বরের এক চিঠিতে তাঁরা বলেছেন, তিন সদস্যের কমিটি অংশ না নেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে প্রতিকূল সিদ্ধান্তে পৌঁছানোর অধিকার সংরক্ষণ করে।
হোয়াইট হাউসের গঠিত এই অস্বাভাবিক তদন্ত কমিটির সদস্য তিনজন। তাঁরা হলেন ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট, সমান কর্মসংস্থান সুযোগ কমিশনের (ইইওসি) নেতৃত্ব দিতে ট্রাম্পের নিয়োগ পাওয়া আন্দ্রেয়া লুকাস এবং শ্রমমন্ত্রী হিসেবে ট্রাম্পের মনোনীত কিথ সন্ডারলিং।
সুপ্রিম কোর্ট জুনের রায়ের একটি পাদটীকায় বলেছিলেন, প্রশাসন পর্যাপ্ত নোটিশ ও জবাব দেওয়ার সুযোগ দিলে ট্রাম্প আবার কুককে অপসারণের চেষ্টা করতে পারেন। এই তদন্ত কমিটি সেই শর্ত পূরণেরই একটি চেষ্টা।
ফেডসংক্রান্ত আইন অনুযায়ী, প্রেসিডেন্ট কেবল যথাযথ কারণ থাকলেই একজন ফেড গভর্নরকে অপসারণ করতে পারেন। তবে কুকের কর্মকাণ্ড সেই মানদণ্ড পূরণ করে কি না, সে বিষয়ে সুপ্রিম কোর্ট কোনো মন্তব্য করেননি। হোয়াইট হাউস জানিয়েছে, শেষ পর্যন্ত এই কমিটিই সুপারিশ করবে, তাঁকে অপসারণের কারণ আছে কি না।
ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শকে ২৮ অক্টোবর এক সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছিল, কুকের বিরুদ্ধে শুনানিতে তিনি বা ফেড যুক্ত হবেন কি না। জবাবে তিনি বলেন, তাঁর জানা মতে, না।




