লবণের পটাশিয়ামসমৃদ্ধ বিকল্প বছরে প্রায় ৩০ লাখ মৃত্যু ঠেকাতে পারে, গবেষণার হিসাব

সাধারণ খাবার লবণের বদলে পটাশিয়ামসমৃদ্ধ বিকল্প লবণ ব্যবহার করা হলে বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ৩০ লাখ মৃত্যু এবং হৃদ্রোগ ও কিডনি রোগের এক কোটির বেশি নতুন ঘটনা ঠেকানো সম্ভব বলে এক বড় গবেষণায় হিসাব করা হয়েছে। গবেষণাটি ‘নেচার হেলথ’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
অস্ট্রেলিয়াভিত্তিক জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের গবেষকেরা ১৯৩টি দেশের ৪৬০ কোটি প্রাপ্তবয়স্ক মানুষের খাদ্যাভ্যাস ও রোগের ঝুঁকি বিশ্লেষণ করে এই সম্ভাব্য উপকারের হিসাব করেছেন। গবেষকেরা স্বীকার করেছেন, এটি কোনো ক্লিনিক্যাল ট্রায়াল নয়; গাণিতিক সিমুলেশনের ওপর ভিত্তি করে করা এই হিসাবের নির্ভুলতায় তারতম্য থাকতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ১৪০ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন, আর এটি স্ট্রোক, হার্ট অ্যাটাক ও দীর্ঘমেয়াদি কিডনি ক্ষতির অন্যতম প্রধান কারণ। অতিরিক্ত লবণ খাওয়া উচ্চ রক্তচাপ বাড়াতে পারে, কারণ লবণের সোডিয়াম শরীরে পানি ধরে রাখে, এতে রক্তের পরিমাণ বেড়ে ধমনির দেয়ালে চাপ বাড়ে।
পটাশিয়ামসমৃদ্ধ লবণে সোডিয়ামের একাংশের বদলে পটাশিয়াম থাকে, তবে দেখতে, স্বাদে ও রান্নায় এটি সাধারণ লবণের মতোই। গবেষকদের মতে, এই বদলে সোডিয়াম গ্রহণ কমে এবং পটাশিয়াম বাড়ে; পটাশিয়াম রক্তনালি শিথিল করতে ও শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দিতে সাহায্য করে।
গবেষণার একটি হিসাবে, শুধু বাড়ির রান্না ও খাবার টেবিলে ব্যবহৃত লবণ বদলালেই প্রতিবছর ১৮ লাখ ৫০ হাজার মৃত্যু কমতে পারে এবং হৃদ্রোগ ও কিডনি রোগের নতুন ঘটনা কমতে পারে ৬১ লাখ ৯ হাজার।
আরেকটি হিসাবে, শুধু রেস্তোরাঁর খাবার ও প্রক্রিয়াজাত খাবারের লবণ বদলালে বছরে প্রায় ১৫ লাখ ৬০ হাজার মৃত্যু এবং ৫৪ লাখ ৬০ হাজার নতুন রোগের ঘটনা ঠেকানো যাবে বলে গবেষকেরা বলেছেন।
আরও লক্ষ্যভিত্তিক হিসাবে, উচ্চ রক্তচাপ ধরা পড়েছে এমন প্রাপ্তবয়স্কদের ৮০ শতাংশ পটাশিয়ামসমৃদ্ধ ঘরোয়া লবণে চলে গেলে প্রতিবছর প্রায় ৫ লাখ ৯০ হাজার মৃত্যু ঠেকানো সম্ভব বলে প্রক্ষেপণ করা হয়েছে।
অঞ্চলভেদে সম্ভাব্য উপকারের তারতম্য দেখা গেছে, যা জনসংখ্যার আকার ও খাদ্যে সোডিয়ামের উৎসের ওপর নির্ভর করেছে। পূর্ণ বদলের হিসাবে সবচেয়ে বড় উপকার দেখা গেছে চীনে, যেখানে বছরে আনুমানিক ১০ লাখ ৮ হাজার মৃত্যু এড়ানো সম্ভব। ভারতে এই সংখ্যা প্রায় চার লাখ, আর যুক্তরাষ্ট্রে প্রায় এক লাখ পাঁচ হাজার মৃত্যু ও চার লাখ ৯২ হাজার নতুন রোগের ঘটনা এড়ানো যেতে পারে।
গবেষণায় বলা হয়েছে, এশিয়া ও আফ্রিকার অনেক দেশে খাদ্যের বেশির ভাগ লবণ আসে বাড়ির রান্না থেকে। অন্যদিকে পশ্চিমা দেশগুলোতে খাদ্যের সোডিয়ামের ৭০ শতাংশের বেশি আসে প্রক্রিয়াজাত ও রেস্তোরাঁর খাবার থেকে, তাই সেখানে সর্বোচ্চ উপকার পেতে খাদ্য প্রস্তুতকারক ও রেস্তোরাঁগুলোর ব্যাপক অংশগ্রহণ দরকার হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উইলিয়ামস ক্যানসার ইনস্টিটিউটের চিকিৎসক নাথান গুডইয়ার, যিনি এই গবেষণায় যুক্ত ছিলেন না, বলেছেন, ‘এই গবেষণা দেখায়, ছোট বদল বিশ্বজুড়ে দুটি বড় রোগে—হৃদ্রোগ ও কিডনি রোগে—বিশাল প্রভাব ফেলতে পারে।’ গবেষণার সারসংক্ষেপে সতর্ক করা হয়েছে, কিছু রোগীর ক্ষেত্রে হাইপারক্যালেমিয়ার ঝুঁকি থাকতে পারে।




