স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডে তুষার-বরফের সতর্কতা, জারি হলো ঠান্ডাজনিত স্বাস্থ্য সতর্কবার্তা

যুক্তরাজ্যের আবহাওয়া অফিস (মেট অফিস) স্কটল্যান্ডের মধ্য ও পূর্বাঞ্চলের জন্য বরফের হলুদ সতর্কতা জারি করেছে। রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে।
বরফজমা ফুটপাতে পিছলে পড়ার ঝুঁকির কথা উল্লেখ করে চলাচলের সময় মানুষকে সতর্ক থাকতে বলেছে মেট অফিস।
একই সঙ্গে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (ইউকেএইচএসএ) উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব ইংল্যান্ড এবং ইয়র্কশায়ার ও হাম্বারের জন্য হলুদ ঠান্ডাজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। এই সতর্কতা রোববার রাত ৯টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কার্যকর থাকবে।
এর আগে ওয়েস্ট মিডল্যান্ডসের জন্য জারি করা সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
ইউকেএইচএসএ জানিয়েছে, এই সতর্কতার অর্থ হলো ঠান্ডা আবহাওয়া স্বাস্থ্য ও সমাজসেবা খাতে সামান্য প্রভাব ফেলতে পারে। এর মধ্যে স্বাস্থ্যসেবার ব্যবহার বেড়ে যাওয়া এবং ঝুঁকিপূর্ণ মানুষের জীবনের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
রোববার রাতভর যুক্তরাজ্যের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাফোকের স্যান্টন ডাউনহামে, মাইনাস ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
মেট অফিস বলেছে, আগামী কয়েক দিনে উত্তর ইংল্যান্ড ও স্কটল্যান্ডের পাহাড়ি এলাকায় তুষারপাত হতে পারে।
মেট অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড্যান স্ট্রাউড বলেছেন, উত্তর দিক থেকে আসা বাতাস ও দীর্ঘ রাতের কারণে এই ঠান্ডা আবহাওয়া তৈরি হয়েছে। সপ্তাহের শুরুতে আরও সতর্কতা জারি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মেট অফিস।
স্ট্রাউড বলেন, সপ্তাহের মাঝামাঝি আবহাওয়া কিছুটা মৃদু হলেও সপ্তাহান্তের দিকে আবার ঠান্ডা ফিরে আসবে। শুক্রবার উত্তরে ব্যাপক তুষারপাত (ফ্রস্ট) দেখা দেবে এবং দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে, এক অঙ্কের ঘরে থাকবে।
ইউকেএইচএসএর জনস্বাস্থ্য পরামর্শক পল কোলম্যান বলেছেন, এটি এই মৌসুমের সর্বশেষ ঠান্ডাজনিত স্বাস্থ্য সতর্কতা এবং শীত যত এগোবে এমন সতর্কতা আরও আসবে। ৬৫ বছর বা তার বেশি বয়সী এবং আগে থেকে অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের ওপর ঠান্ডা আবহাওয়ার গুরুতর প্রভাব পড়তে পারে বলে তিনি সতর্ক করেন এবং প্রতিবেশীদের খোঁজখবর নেওয়ার আহ্বান জানান।




