উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা: বাহারছড়ায় আহত মাদি হাতির চিকিৎসা শুরু, সঙ্গী ছাড়েনি পুরুষ হাতি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে লোকালয়ে বন্য হাতির আনাগোনা বেড়েছে। টেকনাফের বাহারছড়ায় ডান পায়ে গুরুতর ক্ষত নিয়ে দুই দিন ধরে ঘুরে বেড়াচ্ছে একটি মাদি হাতি। ড্রোনের সাহায্যে অবস্থান শনাক্তের পর আজ মঙ্গলবার গভীর বনে শুরু হয়েছে তার চিকিৎসা।
বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা জানান, আহত হাতিটির পেছনের ডান পায়ে গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে এবং চামড়া উঠে গিয়ে পচন ধরেছে।
অসুস্থ সঙ্গীকে ছেড়ে না গিয়ে পাশেই রয়েছে একটি পুরুষ হাতি। সঙ্গী অসুস্থ হওয়ায় পুরুষ হাতিটি তার পাশে থাকছে এবং চলাচলে সহযোগিতা করছে বলে জানা গেছে।
শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম জানান, আহত হাতিটির চিকিৎসায় ডুলাহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক দলকে যুক্ত করা হয়েছে। ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে দলটি আজ বিকেলে গভীর বনের মধ্যে হাতিটির চিকিৎসা শুরু করেছে। হাতিটির অবস্থান শনাক্ত করতে আজ প্রায় আট ঘণ্টা ড্রোন ব্যবহার করা হয়।
এদিকে আজ সকাল ৯টার দিকে উখিয়ার থাইংখালী বন বিটের চোরাখোলা এলাকায় সাতটি বন্য হাতির একটি পাল লোকালয়ে চলে আসে। খবর পেয়ে বন বিভাগের কর্মী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় হাতিগুলোকে বনের ভেতরে ফিরিয়ে দেওয়া হয়।
এর আগে গত ৪ নভেম্বর টেকনাফের হ্নীলায় খাবারের সন্ধানে লোকালয়ে এসে গর্তে আটকা পড়ে দুটি বন্য হাতি। পরে বন বিভাগ তাদের উদ্ধার করে বনে ফিরিয়ে দেয়। এ ছাড়া গত ১২ জুলাই টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়ার পাহাড়ি এলাকায় ওপর থেকে গড়িয়ে পড়ে ২০ থেকে ২৫ বছর বয়সী একটি মা হাতির মৃত্যু হয়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী তারিকুর রহমান বলেন, রোহিঙ্গা বসতি গড়ে ওঠায় উখিয়া ও টেকনাফে হাতির চলাচলের করিডর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অঞ্চলের পাহাড়গুলো একসময় প্রায় বৃক্ষশূন্য হয়ে পড়েছিল। ২০২০-২১ অর্থবছরে সুফল প্রকল্পের আওতায় সেখানে নতুন করে বনায়ন করা হয়।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের পরিচর্যায় গড়ে ওঠা বনে এখন বন্য হাতির নিয়মিত বিচরণ দেখা যাচ্ছে। এটিকে বন পুনরুদ্ধারের ইতিবাচক ফল হিসেবে দেখা হচ্ছে। হাতির নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হচ্ছে।




