পরিবেশবান্ধব শিক্ষায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল ছয় প্রতিষ্ঠান, ঢাকায় জাতীয় কর্মশালা
ঢাকায় অনুষ্ঠিত এক জাতীয় কর্মশালায় পরিবেশবান্ধব শিক্ষা কার্যক্রমে সফল অংশগ্রহণের জন্য দেশের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আনুষ্ঠানিক স্বীকৃতি ও সম্মাননা দেওয়া হয়েছে। গত ১৪ নভেম্বর রাজধানীতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্বীকৃতিটি দেওয়া হয়েছে ‘গার্ডিয়ানস অফ ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে। বেসরকারি প্রতিষ্ঠান ‘প্রভা অরোরা’ (Probha Aurora) কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা এজেন্সি KOICA এবং KIDC-এর সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে, যা বাংলাদেশে পরিবেশ শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউনেস্কো ঢাকা অফিসের শিক্ষা প্রধান। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। এ ছাড়া শিক্ষার্থী, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকদের ভাষ্য, বাংলাদেশে এ ধরনের স্বীকৃতি এই প্রথম। এর মধ্য দিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও পরিবেশবান্ধব ও টেকসই করে তোলার অভিযাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো বলে তারা মনে করছেন।
কর্মসূচির লক্ষ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের ৫০ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানকে ‘গ্রিনিং’ বা পরিবেশবান্ধব কাঠামোর আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশে FEE-এর জাতীয় অপারেটর হিসেবে ‘প্রভা অরোরা’ পরিবেশগত শিক্ষার প্রসার ঘটিয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টেকসই কার্যক্রম গ্রহণে সহায়তা দিয়ে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে।
ইতোমধ্যে দেশের ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানকে ‘গ্রিনিং স্কুল’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সর্বশেষ এই ছয় প্রতিষ্ঠানের স্বীকৃতি সেই ধারাবাহিকতাকেই এগিয়ে নিল।



