২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়তে ওকাসিও-কোর্তেজকে আহ্বান নিউইয়র্ক ডিএসএর

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) নিউইয়র্ক সিটি শাখা প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছে। শনিবার শাখাটির বার্ষিক সম্মেলনে এ সংক্রান্ত একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়।
প্রস্তাবটি পাস হয় ২৯১-১২৩ ভোটে। এর মধ্য দিয়ে নিউইয়র্ক সিটি ডিএসএ আনুষ্ঠানিকভাবে ওকাসিও-কোর্তেজকে প্রেসিডেন্ট পদে লড়ার আহ্বান জানাল।
স্থানীয় ডিএসএ শাখার সহ-সভাপতি গুস্তাভো গর্দিয়ো বলেন, এই ভোট আনুষ্ঠানিক সমর্থন (এনডোর্সমেন্ট) নয়; বরং এটি প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার জন্য উৎসাহ দেওয়া ও ভিত্তি গড়ে তোলার প্রতিশ্রুতি।
শনিবার এক সংবাদ সম্মেলনে গর্দিয়ো বলেন, ‘ওকাসিও-কোর্তেজ ও নিউইয়র্ক সিটি ডিএসএ আরও শক্তিশালী গণতান্ত্রিক সমাজতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং ডিএসএ এমন পরিস্থিতি তৈরি করবে যাতে শ্রমজীবী মানুষের রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নিতে সক্ষম একটি প্রেসিডেন্ট প্রচারণা দাঁড়াতে পারে।’
একই সম্মেলনে শাখাটি নিউইয়র্ক সিটির সিটি কাউন্সিল দখলের পরিকল্পনাসহ আরও কয়েকটি প্রস্তাব পেশ করে।
তবে কয়েকটি প্রস্তাব নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, ডিএসএর কয়েকটি প্রস্তাব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে মনে হচ্ছে। এআই শনাক্তকরণ টুল প্যানগ্রাম দিয়ে যাচাই করে দেখা গেছে, ২০২৯ সালের সিটি কাউন্সিল নির্বাচন সংক্রান্ত প্রস্তাবটি শতভাগ এআই-নির্মিত বলে রেটিং পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আরও দুটি প্রস্তাবও এআই-নির্মিত বলে চিহ্নিত হয়েছে — একটি কমিউনিটি বোর্ডগুলোতে ডিএসএর সদস্য সংখ্যা বাড়ানো এবং আরেকটি দক্ষিণ এশীয় সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত।
উল্লেখযোগ্য বিষয় হলো, শাখাটির নিজেরই এআই ব্যবহারের বিরুদ্ধে নীতি রয়েছে, এবং শনিবার তারা এআই সম্প্রসারণের আনুষ্ঠানিক বিরোধিতা করেও ভোট দিয়েছে।
নিউইয়র্ক সিটি ডিএসএর সহ-সভাপতি গ্রেস মাউসার পলিটিকোকে দেওয়া এক বিবৃতিতে প্যানগ্রামের ফলাফলের নির্ভুলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রস্তাবগুলো সাধারণত একাধিক সদস্য মিলে ঐকমত্যের ভিত্তিতে লিখে সম্পাদনা করেন।
মাউসার আরও বলেন, প্যানগ্রামের টুল তৈরি করেছে সেই শিল্পখাতই, যারা অনুমতি ছাড়া লেখকদের লেখা সংগ্রহ করেছে এবং এখন মানুষকে নিজের লেখা নয় বলে অভিযুক্ত করার সফটওয়্যার বিক্রি করছে।
প্যানগ্রামের দাবি, তাদের সেবা ১০ হাজার বারের মধ্যে ৯ হাজার ৯৯৯ বারই সঠিকভাবে এআই-লেখা শনাক্ত করতে পারে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়ও প্যানগ্রামের ভুলের হার প্রায় শূন্য বলে পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।




