স্টারশিল্ডের গতিসীমা তুলে নিতে যুক্তরাষ্ট্র ও মাস্কের প্রতি জেলেনস্কির আহ্বান, ক্ষেপণাস্ত্র ঠেকাতে হিমশিম ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট ইন্টারনেট সেবা এখনো খুব ধীরগতিতে চলছে, যা রাশিয়ার হামলা থামানোর সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে। স্টারশিল্ড ব্যবস্থার ওপর থাকা গতিসীমা তুলে নিতে তিনি যুক্তরাষ্ট্র সরকার ও ইলন মাস্কের প্রতি আহ্বান জানিয়েছেন।
জেলেনস্কি বলেছেন, ‘এই সীমাবদ্ধতাগুলো তুলে নেওয়া হবে বলে আমরা আশা করছি। শীতের আগে মানুষের জীবন ও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর সুরক্ষা সরাসরি এর ওপর নির্ভর করছে।’ তিনি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সরকার ও মাস্কের কোম্পানির সঙ্গে ‘যতটা সম্ভব ঘনিষ্ঠভাবে’ কাজ করতে বলেছেন বলেও জানান। তাঁর ভাষায়, ‘ইতিহাসের সঠিক পাশে থাকা গুরুত্বপূর্ণ।’
স্টারশিল্ড হলো স্টারলিংকের সামরিক মানের সংস্করণ, যার মালিক ইলন মাস্ক এবং যা ইউক্রেনকে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র সরকার। যুদ্ধক্ষেত্রে যোগাযোগের জন্য ইউক্রেন সাধারণ স্টারলিংক সেবা ব্যবহার করে, আর আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকানোর কাজে ব্যবহৃত হয় স্টারশিল্ড।
রোববার জেলেনস্কি জানান, সম্মুখসারি ও সাময়িকভাবে দখলকৃত এলাকায় স্টারশিল্ড টার্মিনালের গতির ওপর সীমাবদ্ধতা এখনো রয়েছে, ফলে রাশিয়ার জেটচালিত ড্রোনের পেছনে ছুটতে গিয়ে ইউক্রেনের ইন্টারসেপ্টর ড্রোনগুলো সমস্যায় পড়ছে। এই ড্রোনগুলো ইরানি নকশার ‘শাহেদ’ ধরনের।
তিনি লিখেছেন, ‘আমাদের ইন্টারসেপ্টর ড্রোনগুলো ঘণ্টায় ১৬১ কিলোমিটার (১০০ মাইল) গতিতে অপারেটরদের সঙ্গে সংযোগ হারায় এবং রাশিয়ার জেটচালিত শাহেদগুলোকে ধরতেই পারে না।’ ইউক্রেনের বিদ্যুৎ উপকেন্দ্রগুলোকে লক্ষ্য করে এই ড্রোনগুলো হামলা চালাচ্ছে বলেও তিনি জানান।
গতির সীমাবদ্ধতার বিষয়টি প্রথম শনাক্ত হয় অক্টোবরে। তখন মাস্ক ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছিলেন। মাস্ক বলেছিলেন, স্টারশিল্ড যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে থাকায় দায়িত্ব তাদের; ট্রাম্প দায় অস্বীকার করে বলেছিলেন, তিনি মাস্ককে এটি ‘ফিরিয়ে দিতে’ বলেছেন। এক সপ্তাহ পর ব্যবস্থাটি স্বাভাবিক অবস্থায় ফিরছে বলে মনে হলেও ইউক্রেন পরে জানায়, সীমাবদ্ধতা তখনো কার্যকর ছিল।
সংযোগ সমস্যার এই পর্বটি এসেছে রাশিয়ার ভেতরে তেল অবকাঠামোতে ইউক্রেনের হামলা নিয়ে জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের সময়ে। ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বৈশ্বিক জ্বালানি মূল্য বাড়িয়ে দিয়েছে; কিয়েভের ভাষায়, মস্কোর যুদ্ধের প্রধান রাজস্ব উৎস বন্ধ করতেই এসব হামলা জরুরি।
একই সময়ে যুক্তরাষ্ট্রনির্মিত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ঘাটতিতেও ভুগছে ইউক্রেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষায় ব্যবহৃত এই ইন্টারসেপ্টরের সংকট কাজে লাগিয়ে রাশিয়া ইউক্রেনের লক্ষ্যবস্তুতে হামলা তীব্র করেছে।
শনিবার রাতভর ও রোববার সকালে রাশিয়া জাপোরিঝিয়া এবং সুমি, ওডেসা, জিতোমির ও কিরোভোহরাদ অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে বলে ইউক্রেন জানিয়েছে। দিনিপ্রো, খারকিভ ও জাপোরিঝিয়া অঞ্চলের রেল অবকাঠামোতেও হামলা হয়েছে। দোনেৎস্ক ও কিয়েভ অঞ্চলসহ বিভিন্ন স্থানে বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
চেরনিহিভ অঞ্চলের মেনায় একটি অবকাঠামো স্থাপনায় হামলায় দুজন নিহত হয়েছেন বলে গভর্নর ভিয়াচেস্লাভ চাউস জানিয়েছেন। ওই অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতেও একাধিক হামলা হয়েছে বলে তিনি টেলিগ্রামে জানান।
অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, তারা মধ্য রাশিয়ার নিজনেকামস্ক শহরে একটি পেট্রোকেমিক্যাল কারখানা ও একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী টেলিগ্রামে বলেছে, ১৫ নভেম্বর রাতে তাদের প্রতিরক্ষা বাহিনীর ইউনিট তাতারস্তানের নিজনেকামস্কে পৌঁছায় এবং রাশিয়ার যুদ্ধে কাঁচামাল ও জ্বালানি জোগান দেওয়া দুটি প্রতিষ্ঠান হামলার শিকার হয়। সীমান্তের কাছে শিল্প বন্দরনগরী তাগানরোগে ইউক্রেনের অন্য হামলায় একজন নিহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন। দখলকৃত লুহানস্ক অঞ্চলে একজন লরিচালক ও একজন বয়স্ক নারী নিহত হয়েছেন বলে মস্কোর বসানো আঞ্চলিক নেতা লিওনিদ পাসেচনিক জানিয়েছেন।
এদিকে এস্তোনিয়া ঘোষণা করেছে, একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে সন্দেহভাজন নাশকতার চেষ্টার পর ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে তাদের সীমান্ত পারাপার পয়েন্টগুলো বন্ধ করে দেওয়া হবে। ড্রোন নির্মাতা থ্রিওড সিস্টেমসে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। এস্তোনিয়ার কর্তৃপক্ষ বলেছে, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর নির্দেশে এই হামলার চেষ্টা করা হয়েছিল; রাশিয়া এ বিষয়ে মন্তব্য করেনি। পররাষ্ট্রমন্ত্রী মার্গুস তসাহকনা বলেছেন, ‘রাশিয়াকে বুঝতে হবে, এস্তোনিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের পরিণতি আছে।’




