ফ্লোরিডায় ডেঙ্গুর বড় প্রাদুর্ভাবের মধ্যে ৯৮ শতাংশ নির্ভুল এআই মশার ফাঁদ আনলেন গবেষকেরা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলা করছে। রাজ্যে স্থানীয়ভাবে আক্রান্তের সংখ্যা ৫২৪ জনে পৌঁছেছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
ফ্লোরিডা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ সাপ্তাহিক নজরদারি প্রতিবেদন অনুযায়ী, শুধু হিলসবরো কাউন্টিতেই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন ৪০৭ জন। কাউন্টির ইতিহাসে এটিই সবচেয়ে বড় ডেঙ্গু প্রাদুর্ভাব।
এই আক্রান্তরা বিদেশ ভ্রমণে গিয়ে নয়, এলাকার মশার কামড়েই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। অর্থাৎ ডেঙ্গু এখন ফ্লোরিডার ভেতরেই ছড়াচ্ছে।
টাম্পা এলাকা এই প্রাদুর্ভাবে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অক্টোবরে ফ্লোরিডা স্বাস্থ্য বিভাগ হিলসবরো কাউন্টির পরিস্থিতি নিশ্চিত করে।
এই পরিস্থিতিতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একটি মশার ফাঁদ তৈরি করেছেন। ফাঁদটি বিপজ্জনক মশার প্রজাতি অনেক দ্রুত শনাক্ত করতে স্বাস্থ্য কর্মকর্তাদের সাহায্য করতে পারে।
গবেষণাগারের পরীক্ষায় ফাঁদটি মশার প্রজাতি শনাক্তে ৯৮ শতাংশের বেশি নির্ভুলতা দেখিয়েছে। গবেষকদের দেওয়া তথ্যে এই হার উল্লেখ করা হয়েছে।
নভেম্বরে যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় ঠান্ডা আবহাওয়ায় মশা কমে গেলেও ফ্লোরিডায় মশাবাহিত সমস্যা রয়ে গেছে। সে কারণেই এই ফাঁদের সময়টিকে গুরুত্বপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা।
ডেঙ্গু ছড়ানো মশার প্রজাতি দ্রুত চিহ্নিত করা গেলে কোন এলাকায় ঝুঁকি বেশি, তা আগেভাগে বোঝা এবং নিয়ন্ত্রণ কার্যক্রম সেখানে কেন্দ্রীভূত করা সহজ হবে বলে গবেষণায় তুলে ধরা হয়েছে।




