দেশের হাসপাতালেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হলো
দেশের হাসপাতালেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হার্টে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্যন্ত্রের ব্লক দূর করতে এই চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। সেই পরীক্ষায় তাঁর হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে।
চিকিৎসকদের পরামর্শে রোববার দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটির চিকিৎসা করা হয়েছে ডায়ালেশন পদ্ধতিতে, অর্থাৎ বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করে।
অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এই চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার বিকল্প থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবারের এনজিওগ্রামে ব্লক শনাক্ত হওয়ার পর চিকিৎসকদের পরামর্শ অনুসারেই রোববারের এই কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হয়।




