তিন শিশুকে হত্যার দায়ে টেক্সাসে মৃত্যুদণ্ড কার্যকর, একই দিনে ওকলাহোমায় আরও একজন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিন শিশুকে ছুরিকাঘাত ও শিরশ্ছেদ করে হত্যার দায়ে দণ্ডিত জন অ্যালেন রুবিওর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে হান্টসভিলের রাজ্য কারাগারে প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। একই দিনে ওকলাহোমায় আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
২০০৩ সালে মেক্সিকো সীমান্তবর্তী শহর ব্রাউনসভিলে জানালাবিহীন একটি অ্যাপার্টমেন্টে হত্যাকাণ্ডটি ঘটে। তিন বছর বয়সী জুলিসা কেসাদা, ১৪ মাস বয়সী জন ই রুবিও ও দুই মাস বয়সী মেরি জেন রুবিওকে হত্যা করা হয়। ঘটনাটি ব্রাউনসভিল শহরকে এতটাই নাড়া দিয়েছিল যে পরে অ্যাপার্টমেন্ট ভবনটি ভেঙে ফেলা হয় এবং জায়গাটিকে পার্ক ও কমিউনিটি বাগানে রূপ দেওয়া হয়।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে একজন ধর্মীয় উপদেষ্টা তাঁর জন্য সংক্ষিপ্ত প্রার্থনা করেন। রুবিও বন্ধু ও পরিবারকে ‘ভালোবাসা ও বোঝাপড়ার’ জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি ‘আগের সেই মানুষটি আর নন’। কারাগারের কর্মীদের ঈশ্বর খুঁজে পেতে শেখানোর জন্য ধন্যবাদ জানান তিনি এবং হত্যাকাণ্ডে নিজের ভূমিকার জন্য যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করা কমন-ল স্ত্রী অ্যাঞ্জেলা কামাচোর প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
রুবিও বলেন, ‘আমি আমার স্ত্রীর পরিবারের কাছে ক্ষমা চাই। অতীত বদলাতে পারব না, তবে বলতে পারি আমার জীবন শেষ হতে চলেছে। কিন্তু তাতে আপনারা খুশি হবেন না।’ তিনি আরও বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই আমি আমার সন্তানদের কাছে যাব। আমি আমার প্রভু ও ত্রাণকর্তার কাছে স্বর্গে যেতে প্রস্তুত।’
ঘুমের ওষুধ পেন্টোবারবিটালের প্রাণঘাতী মাত্রা কাজ শুরু করলে রুবিও তিনবার শ্বাস নেন এবং নাক ডাকার মতো শব্দ করতে থাকেন। এরপর সব নড়াচড়া থেমে যায় এবং ইনজেকশন শুরুর ২১ মিনিট পর একজন চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রুবিওর বয়স ছিল ৪৬ বছর।
একই বৃহস্পতিবার ওকলাহোমার কারাগারে ৭৩ বছর বয়সী জেমস পাভাটকে প্রাণঘাতী ইনজেকশন দেওয়া হয়। ২০০১ সালে তিনি তাঁর প্রেমিকার বিচ্ছিন্ন স্বামীকে গুলি করে হত্যা করেন; থ্যাংকসগিভিংয়ের আগে ভুক্তভোগী তাঁর দুই ছোট সন্তানকে নিতে এসেছিলেন।
বৃহস্পতিবারের এই দুটি মৃত্যুদণ্ড এ বছর যুক্তরাষ্ট্রে কার্যকর হওয়া ৩৬তম ও ৩৭তম। দেশটি টানা দ্বিতীয় বছর ৪০টির বেশি মৃত্যুদণ্ড কার্যকরের পথে রয়েছে, যার গতি মূলত ফ্লোরিডা থেকে আসছে।
মৃত্যুদণ্ড ইস্যুটি সম্প্রতি আবার আলোচনায় এসেছে সেপ্টেম্বরে টেনেসিতে ক্রিস্টা পাইকের ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার পর। আর ৫ নভেম্বর ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ঘোষণা দেন, জানুয়ারিতে দায়িত্ব ছাড়ার আগে তিনি শত শত মৃত্যুদণ্ড লঘু করবেন—বিশেষজ্ঞদের মতে যা হবে মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় গণ-ক্ষমা।
টেক্সাসের মামলায় রুবিও ও কামাচোর বিরুদ্ধে তিন শিশু হত্যার অভিযোগ আনা হয়। কামাচো দোষ স্বীকার করে যাবজ্জীবন কারাদণ্ড পান। একটি আপিল আদালত রুবিওর প্রথম মৃত্যুদণ্ডের রায় বাতিল করে দেয়, কারণ কামাচোর বক্তব্য অনুচিতভাবে প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়েছিল। দ্বিতীয় বিচারে রুবিও মানসিক অসুস্থতার ভিত্তিতে নির্দোষ দাবি করলেও আবারও দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ড পান।
আদালতের নথি অনুযায়ী, বড় দুই শিশুর জৈবিক পিতা ছিলেন না রুবিও, তবে তিনি তাঁদের নিজের সন্তান হিসেবেই বড় করেছিলেন। বিভিন্ন সময় রুবিও দাবি করেছিলেন, শিশুরা ভূতগ্রস্ত ছিল এবং তিনি ছিলেন বিশ্বকে বাঁচানোর জন্য ‘নির্বাচিত ব্যক্তি’।
প্রতিরক্ষা পক্ষের বিশেষজ্ঞরা তাঁর প্যারানয়েড সিজোফ্রেনিয়া শনাক্ত করেছিলেন, যা প্রসিকিউশনের বিশেষজ্ঞরা প্রত্যাখ্যান করেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আরও বলেন, ঘরে সহিংসতা, ‘বিষাক্ত’ বাবা-মা, মাদক ব্যবহার ও পতিতাবৃত্তিতে ভরা শৈশব তাঁর বিকাশ ক্ষতিগ্রস্ত করেছিল।
ওকলাহোমায় পাভাট ৩৯ বছর বয়সী বিজ্ঞাপন নির্বাহী রব অ্যান্ড্রুকে হত্যায় প্রথম শ্রেণির হত্যা ও হত্যার ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হন। পাভাট অ্যান্ড্রু পরিবারের একই গির্জায় যেতেন এবং রবের স্ত্রী ব্রেন্ডা অ্যান্ড্রুর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। আলাদা বিচারে দোষী সাব্যস্ত ব্রেন্ডা বর্তমানে ওকলাহোমার মৃত্যুদণ্ডের সারিতে থাকা একমাত্র নারী।
গুলি চালানোর কয়েক সপ্তাহ আগে রব অ্যান্ড্রু পুলিশকে বলেছিলেন, কেউ তাঁকে হত্যার চেষ্টা করছে, কারণ তাঁর গাড়ির ব্রেক লাইন কেটে দেওয়া হয়েছিল। স্বামী নিহত হওয়ার পর ব্রেন্ডা পুলিশকে বলেন, মুখোশধারী অনুপ্রবেশকারীরা তাঁর হাতে গুলি করে এবং তাঁর স্বামীকে হত্যা করে। গুলির ঘটনার পর পাভাট ও ব্রেন্ডা ব্রেন্ডার দুই সন্তানকে নিয়ে মেক্সিকো পালিয়ে যান; তিন মাস পর যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশের সময় তাঁরা গ্রেপ্তার হন।
বৃহস্পতিবার শেষ কথা বলতে চান কি না জানতে চাইলে পাভাট মাথা নেড়ে ‘না’ বলেন। একজন ধর্মযাজক বাইবেল থেকে পড়তে থাকলে পাভাট কিছু শব্দ ঠোঁট নেড়ে বলছিলেন বলে মনে হয়, যা শোনা যায়নি।
এদিকে একই বৃহস্পতিবার ওকলাহোমার সাবেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিচার্ড গ্লসিপ ১৯৯৭ সালের একটি হত্যায় সহযোগী হওয়ার অপেক্ষাকৃত ছোট অভিযোগে দোষ স্বীকার করেছেন; ডিসেম্বরে তাঁর সাজা ঘোষণা হবে। তিনবার মৃত্যুদণ্ড কার্যকরের দ্বারপ্রান্তে যাওয়া গ্লসিপ প্রায় ৩০ বছর কারাগারে থাকার পর মে মাসে জামিনে মুক্তি পান।




