ট্রাম্প ও তাঁর পরিবার ইরানের এক নম্বর লক্ষ্য, প্রতিদিন হুমকির তথ্য পাচ্ছি: মুলিন

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান মার্কওয়েন মুলিন সতর্ক করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবার ইরানের হুমকির শীর্ষ লক্ষ্য হয়েই রয়েছেন। 'দ্য সানডে ব্রিফিং' অনুষ্ঠানে তিনি বলেন, ড্রোনের ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে কর্মকর্তারা প্রতিদিন সম্ভাব্য হুমকির গোয়েন্দা তথ্য পাচ্ছেন।
মুলিন বলেন, 'প্রতিদিন প্রেসিডেনশিয়াল ব্রিফিংয়ে আমরা ইরানের কাছ থেকে উচ্চাকাঙ্ক্ষী হুমকির তথ্য পাই। আমরা জানি, প্রেসিডেন্ট ট্রাম্প—এবং তাঁর পরিবার—এক নম্বর লক্ষ্য।'
তাঁর এই মন্তব্য এসেছে এমন এক প্রতিবেদন নিয়ে প্রশ্নের জবাবে, যেখানে দাবি করা হয়েছে ইসরায়েলি গোয়েন্দারা ট্রাম্পকে লক্ষ্য করে বিস্ফোরকবোঝাই ড্রোন ব্যবহারের সম্ভাব্য ইরানি ষড়যন্ত্র শনাক্ত করেছেন। নির্দিষ্ট ওই প্রতিবেদনটি নিশ্চিত না করলেও মুলিন বলেন, হুমকি সম্পর্কে কর্মকর্তারা অবগত আছেন।
মুলিন মানবহীন আকাশযান ব্যবস্থা (ইউএএস) প্রতিরোধকে তাঁর 'এক নম্বর ইস্যু' বলে অভিহিত করেন। এর কারণ হিসেবে তিনি ক্রমেই উন্নত ড্রোন প্রযুক্তি, দক্ষিণ সীমান্তে কার্টেলের তৎপরতা এবং বড় জনসমাগমের স্থানগুলোর দুর্বলতার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, 'আমাদের কাউন্টার-ইউএএস ব্যবস্থার সাহায্য দরকার, আর ডিএইচএসই এর নেতৃত্ব দিচ্ছে। কারণ দক্ষিণ সীমান্তে আমরা বেশি ড্রোনের মুখোমুখি হই—কার্টেলগুলো প্রতিদিন যুক্তরাষ্ট্রে মাদক ঢোকানোর চেষ্টায় আমাদের সঙ্গে লড়ছে। আর আমরা এমন নতুন প্রযুক্তি দেখছি, যেগুলো ঠেকাতে এখন আমাদের হিমশিম খেতে হচ্ছে।'
প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকান কার্টেলগুলো বাণিজ্যিক ও পরিবর্তিত ড্রোন ব্যবহার করে মার্কিন নিরাপত্তা কর্মীদের ওপর নজর রাখছে, টহলের রুটিনের মানচিত্র তৈরি করছে এবং সীমান্তজুড়ে চোরাচালান করিডোরে সহায়তা করছে; কর্তৃপক্ষ এসব যান অকেজো করার প্রচেষ্টা বাড়াচ্ছে।
জয়েন্ট টাস্ক ফোর্স-সাউদার্ন বর্ডারের ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান ফিলার সাংবাদিকদের জানিয়েছেন, গত ৩০ দিনে সীমান্তজুড়ে ৩৭৮টি ড্রোন অনুপ্রবেশ শনাক্ত করেছে মার্কিন সামরিক বাহিনী। তিনি বলেন, এই প্রবণতা বাড়ছে এবং এসব যান সাধারণত ক্যামেরাসহ বাণিজ্যিক ড্রোন, যা চোরাচালান ও মানব পাচারের সঙ্গে যুক্ত নজরদারিতে ব্যবহৃত হয়।
মুলিন বলেন, ড্রোন হুমকি দক্ষিণ সীমান্তের বাইরেও বিস্তৃত; বড় ক্রীড়া আসর ও অন্যান্য বড় জনসমাগমে নিরাপত্তা উদ্বেগের দিকে তিনি ইঙ্গিত করেন। যেমন ফিফা বিশ্বকাপের সময় আইনশৃঙ্খলা বাহিনী ২ হাজারের বেশি ড্রোনের মুখোমুখি হয়েছিল, ৭০০টি জব্দ করেছিল এবং একাধিক গ্রেপ্তার করেছিল বলে তিনি জানান। তিনি উল্লেখ করেন, ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক অনুষ্ঠিত হবে।
তবে ডিএইচএস সেক্রেটারি সতর্ক করেন, প্রতিদিনের সমাগমেও ড্রোন নিরাপত্তা দরকার—এর মধ্যে রয়েছে হাইস্কুল ফুটবল খেলা, কুচকাওয়াজ ও পেশাদার ক্রীড়া আসর।
মুলিন বলেন, 'আমাদের কাউন্টার-ইউএএস সক্ষমতায় ঘাটতি আছে—আসল হুমকিকে গতিশক্তি দিয়ে নামিয়ে আনার ক্ষেত্রে।' তিনি জানান, আকাশসীমা ছাড়পত্রের বিষয় থাকায় তিনি পরিবহনমন্ত্রী শন ডাফির সঙ্গে সমন্বয় করছেন। সম্ভাব্য হুমকি নিষ্ক্রিয় করার সক্ষমতার ঘাটতি পূরণে কাজ করতে ডিএইচএসের ভেতরে তিনি একটি নিবেদিত কাউন্টার-ড্রোন বিভাগ গঠন করেছেন বলেও জানান মুলিন।




