মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট মিগেল অ্যাঞ্জেল ফেলিক্স গ্যালার্দোর মৃত্যু, বয়স হয়েছিল ৮০

মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট মিগেল অ্যাঞ্জেল ফেলিক্স গ্যালার্দো হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
ফেলিক্স গ্যালার্দোকে ইতিহাসের অন্যতম বড় মাদক পাচারকারী হিসেবে বিবেচনা করা হয়। কলম্বিয়ার অপরাধী গোষ্ঠীগুলোর সঙ্গে নিজের মেক্সিকান কার্টেলের জোট গড়ার কৃতিত্ব তাঁরই বলে মনে করা হয়।
‘দ্য গডফাদার’ বা ‘বস অব বসেস’ নামে পরিচিত ফেলিক্স গ্যালার্দো ছিলেন সর্বশক্তিমান গুয়াদালাহারা কার্টেলের প্রধান। ১৯৮০-এর দশকে কোকেনের রমরমা সময়ে মেক্সিকোর মাদক পাচারে রাজত্ব করেছিল এই কার্টেল।
সে সময় অবৈধ মাদক ব্যবসায় তিনি এমন এক নতুন পদ্ধতি তৈরি করেন, যা আজও টিকে আছে। ১৯৮৯ সাল থেকে তিনি রাষ্ট্রীয় হেফাজতে ছিলেন।
তাঁর নেতৃত্বাধীন সংগঠনটি আন্দিজ অঞ্চলের উৎপাদনের সঙ্গে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পাচারের সংযোগ ঘটিয়ে মাদক চোরাচালানে বিপ্লব আনে, বিশেষ করে পাবলো এসকোবারের মেদেয়িন কার্টেলের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে।
একসময় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কোকেনের আনুমানিক ৮০ শতাংশই আসত মেদেয়িন কার্টেল থেকে, আর তা পাচারে ফেলিক্স গ্যালার্দো ও তাঁর সংগঠনের বড় ভূমিকা ছিল।
চরম পর্যায়ে ফেলিক্স গ্যালার্দোর গুয়াদালাহারা কার্টেল মেক্সিকোর রাজনীতি ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোতে প্রভাব বিস্তার করেছিল; পুরো পুলিশ নেটওয়ার্ক ও রাজ্যের গভর্নর পদ পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।
১৯৮৫ সালে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর এজেন্ট এনরিকে ‘কিকি’ কামারেনাকে নির্যাতন ও হত্যার পর কার্টেল নেতাদের চারপাশে জাল গুটিয়ে আসতে শুরু করে। চিহুয়াহুয়ায় অপরাধী গোষ্ঠীটির বিশাল গাঁজা বাগান আবিষ্কার ও ধ্বংস করে কামারেনা তাদের ক্ষুব্ধ করেছিলেন।
কামারেনার মৃত্যু উত্তর আমেরিকায় মার্কিন সরকারের অন্যতম বৃহত্তম ধরপাকড় অভিযানের সূত্রপাত ঘটায়।
১৯৮৯ সালে ফেলিক্স গ্যালার্দো ধরা পড়েন এবং দীর্ঘ কারাদণ্ডে দণ্ডিত হন। অসুস্থতার কারণে ২০২২ সাল থেকে তিনি গৃহবন্দী ছিলেন এবং নিজ শহর গুয়াদালাহারার একটি হাসপাতালে মারা যান। চলতি সপ্তাহের শুরুতে তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন, হাসপাতাল এলাকায় মেক্সিকোর কারাগার পুলিশ নিরাপত্তা দিয়েছিল।
১৯৮০-এর দশকে হোয়াকিন ‘এল চাপো’ গুজমানকে ফেলিক্স গ্যালার্দোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়; গ্যালার্দো তাঁকে নিজের মাদক সংগঠনের সরবরাহ ব্যবস্থাপনার দায়িত্ব দেন।
গ্রেপ্তারের পর ফেলিক্স গ্যালার্দোর সংগঠন ভেঙে যাওয়ার পর সেখান থেকেই গুজমানের নেতৃত্বে সিনালোয়া কার্টেলের উত্থান ঘটে। ২০১৯ সালে মাদক পাচার ও অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে গুজমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।




