নিউ অরলিন্সে রিভারবোট ডুবির আগে সতর্ক হুইসেল ও জরুরি নির্দেশের বিবরণ দিল এনটিএসবি

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে শুক্রবার ডক করা একটি রিভারবোটে ট্যাংকারের ধাক্কার প্রায় দুই মিনিট আগে ট্যাংকারটিতে স্টিয়ারিং সমস্যা দেখা দিয়েছিল বলে রোববার জানিয়েছেন ফেডারেল তদন্তকারীরা। দুর্ঘটনার আগে সতর্ক হুইসেল, সাহায্যের আহ্বান ও জরুরি নির্দেশের বিবরণও দিয়েছেন তাঁরা।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) জ্যেষ্ঠ সামুদ্রিক দুর্ঘটনা তদন্তকারী বার্ট বার্নাম বলেন, আটলান্টিক অ্যাসফল্ট নামের ট্যাংকারটি দুপুর ১২টা ২৬ মিনিটের দিকে ক্রিসেন্ট সিটি কানেকশন ব্রিজের কাছে উজানে যাওয়ার সময় এর রাডার ডান দিকে ঘোরা অবস্থায় আটকে যায়, ফলে জাহাজটি মিসিসিপি নদীর পূর্ব তীরের দিকে যেতে থাকে।
দুপুর ১২টা ২৮ মিনিটে ট্যাংকারটি আমেরিকান ক্রুজ লাইনসের ‘আমেরিকান হেরিটেজ’ রিভারবোটে ধাক্কা দেয়। এনটিএসবির প্রাথমিক তথ্য অনুযায়ী, রিভারবোটটি প্রায় ২২ মিনিটের মধ্যে উল্টে যায়।
তদন্তকারীরা ট্যাংকারের ভয়েজ ডেটা রেকর্ডার থেকে নয় ঘণ্টার বেশি তথ্য ডাউনলোড করেছেন, যার মধ্যে রয়েছে ব্রিজের অডিও, রাডারের কোণ, ইঞ্জিনের গতি, গতিপথ ও গতি। রেকর্ডিংয়ে জাহাজের হুইসেলের শব্দ, সামুদ্রিক রেডিওতে সতর্কবার্তা ও সাহায্যের অনুরোধ, নোঙর ফেলার নির্দেশ ও জরুরি জাহাজ পরিচালনার নির্দেশ শোনা গেছে বলে বার্নাম জানান।
কর্মকর্তারা স্টিয়ারিং সমস্যাটিকে ‘স্টিয়ারিং ক্যাজুয়ালটি’ বলে বর্ণনা করেছেন, তবে সতর্ক করে বলেছেন, এই শব্দটি দিয়ে কী ভুল হয়েছিল তা নিশ্চিত হয় না। বার্নাম বলেন, ‘এটি অনেক কিছুই হতে পারে। আমরা এটি খুব ঘনিষ্ঠভাবে তদন্ত করছি।’
এনটিএসবি বোর্ড সদস্য জন ডিলিউ বলেন, ট্যাংকারের গতি সম্পর্কে তদন্তকারীদের কাছে তথ্য থাকলেও তা প্রকাশের আগে বিশ্লেষণ চলছে। ভিডিওতে নোঙর নামানো দেখা গেছে, তবে কোন নোঙরগুলো কতটা নামানো হয়েছিল, তা এখনো নির্ধারণ করা হচ্ছে।
এই তথ্য প্রকাশের আগে শুক্রবারের উদ্ধার অভিযানে আমেরিকান হেরিটেজের সবাইকে জীবিত উদ্ধার করা গেছে বলে কর্মকর্তারা জানিয়েছিলেন। প্রায় ১০০ জনকে মিসিসিপি নদী থেকে টেনে তোলা হয়, আর জাহাজ উল্টে যাওয়ার আগে ৮০ জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয় বলে শনিবার জানান নিউ অরলিন্স বন্দরের হারবার পুলিশ প্রধান মেলানি মনট্রল।
লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি শুক্রবার বলেন, ‘এটি একটি অলৌকিক ঘটনা। মিসিসিপিতে আক্ষরিক অর্থেই অলৌকিক ঘটনা ঘটেছে।’
শনিবার পর্যন্ত আটজন হাসপাতালে ছিলেন, যাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ও বাকি ছয়জন স্থিতিশীল ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। আরেকটি প্রাথমিক হিসাবে আহত ৩২ জনকে হাসপাতালে নেওয়ার কথা বলা হয়েছিল, তবে কারও নিখোঁজ থাকার খবর নেই।
এনটিএসবি রোববার জানায়, রিভারবোটটিতে ১৪০ জন যাত্রী ও ৫০ জন ক্রু ছিলেন, মোট ১৯০ জন। নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো বলেন, আমেরিকান হেরিটেজের ক্যাপ্টেন আহত হলেও যাত্রী ও ক্রুদের হিসাব মেলানো পর্যন্ত জাহাজে ছিলেন এবং সবশেষে জাহাজ ছাড়েন তিনি।
কোস্ট গার্ড ক্যাপ্টেন মেলানি বার্নহাম শনিবার বলেন, উদ্ধার অভিযানের আগে ১৬ হাজার গ্যালন জ্বালানি সরানোর প্রস্তুতি চলছিল এবং উল্টে যাওয়া জাহাজটি সরাতে কয়েক সপ্তাহ লাগতে পারে। ডিলিউ রোববার বলেন, ডুবুরিরা পানিতে নেমেছেন এবং কোস্ট গার্ড ও উদ্ধারকারী কোম্পানিগুলোর তত্ত্বাবধানে উদ্ধারকাজ চলছে।
রোববার আমেরিকান হেরিটেজের ক্রুদের সাক্ষাৎকার চলছিল। আটলান্টিক অ্যাসফল্টের ক্রুদের সাক্ষাৎকার সোমবার শুরু হয়ে সপ্তাহজুড়ে চলবে বলে বার্নাম জানান।
এনটিএসবি প্রায় ৩০ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন প্রকাশের আশা করছে। রোববারের ব্রিফিংটিই ছিল তাদের শেষ পরিকল্পিত ঘটনাস্থল সংবাদ সম্মেলন; পরবর্তী হালনাগাদ অনলাইনে প্রকাশ করা হবে বলে ডিলিউ জানান।




