ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের ঢেউ, বন্ধ জনপ্রিয় পিয়ার, ক্যাপিটোলায় সরিয়ে নেওয়ার সতর্কতা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে রোববার আবারও বিশাল ঢেউ আছড়ে পড়েছে। ঢেউয়ে সৈকত প্লাবিত হয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রাস্তায় পানি উঠেছে এবং জনপ্রিয় কয়েকটি পিয়ার বন্ধ করে দিতে হয়েছে।
সান ফ্রান্সিসকো বে এলাকার জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, ৩৫ ফুট বা ১১ মিটার পর্যন্ত ঢেউ উঠতে পারে। সেই সঙ্গে বিপজ্জনক রিপ কারেন্ট ও স্নিকার ঢেউয়ের আশঙ্কার কথাও জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তর সামাজিক মাধ্যমে বলেছে, পানিতে নামা যাবে না, পাথর ও জেটি থেকে দূরে থাকতে হবে এবং সমুদ্রের দিকে কখনো পেছন ফেরা যাবে না।
শনিবার সান ফ্রান্সিসকোর ঠিক দক্ষিণে সান মাতেও কাউন্টিতে ৫০ ফুটের বেশি উঁচু ঢেউ রেকর্ড করা হয়।
বিপজ্জনক এই ঢেউ সার্ফারদের থামাতে পারেনি। হাফ মুন বের কাছে বিখ্যাত ম্যাভেরিকস সৈকতে বিশাল ঢেউয়ের সুযোগ নেন সার্ফাররা।
আরও দক্ষিণে সান্তা ক্রুজ কাউন্টির শেরিফের দপ্তর উপকূলীয় শহর ক্যাপিটোলার কাছে সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে। শক্তিশালী ঢেউয়ের সবচেয়ে বড় ধাক্কা গেছে এই এলাকার ওপর দিয়েই।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে কয়েকটি পিয়ার বন্ধ ছিল। এর মধ্যে রয়েছে ভেনচুরা, ম্যানহাটন বিচ, হান্টিংটন বিচ এবং সান ডিয়েগোর প্যাসিফিক বিচের পিয়ার। ঢেউ বারবার আছড়ে পড়ছিল এসব পিয়ারে।
সান ডিয়েগোর কাছে সি লায়নের জন্য পরিচিত লা হোয়া কোভে পানি সৈকত ছাপিয়ে বালিতে নামার সিঁড়ি পর্যন্ত উঠে আসে।
রোববার বিকেলের দিকে পরিস্থিতি শান্ত হতে শুরু করলেও পূর্বাভাসদাতারা সতর্ক করেছেন, সারা সপ্তাহই বড় ঢেউ থাকতে পারে।
চলমান সুপার এল নিনো সমুদ্রকে উষ্ণ করেছে, যার ফলে সমুদ্রের পানির পরিমাণ বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।




