বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘আকভানে’ — চার বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ও ‘মুরাসু’র পর বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসতে পারে আরও একটি ঘূর্ণিঝড়। সোমবার গভীর নিম্নচাপ থেকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, আর ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’।
তবে ‘আকভানে’র বাংলাদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা কম বলে ধারণা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সোমবারের সবশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গভীর নিম্নচাপটি মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩৬৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সকালে আজকের পত্রিকাকে বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও কয়েক দিন সাগরে অবস্থান করে শক্তি সঞ্চয় করতে পারে। আবার সাগরে বৃষ্টি ঝরিয়ে কিছুটা দুর্বলও হয়ে যেতে পারে।
নাজমুল হকের মতে, দুর্বল অবস্থায় ‘আকভান’ ভারতের ওডিশা, অন্ধ্র প্রদেশ বা তামিলনাড়ুর কিছু অঞ্চলের ওপর আঘাত হানতে পারে। এটি ওডিশায় আঘাত হানলে তার প্রভাব বাংলাদেশের ওপর পড়তে পারে।
এর কারণ সম্পর্কে তিনি বলেন, একটি ঘূর্ণিঝড়ের ব্যাপ্তি সাধারণত ৩০০ থেকে ৬০০ কিলোমিটার হতে পারে। সে কারণে ‘আকভানে’র কারণে ১৮ নভেম্বর থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে।
নাজমুল হক আরও বলেন, ‘আকভানে’র কারণে সাগর উত্তাল রয়েছে, এ জন্য দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে সতর্ক সংকেত বদলানো হতে পারে।
এদিকে সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অঞ্চলে দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। এই সময়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।
পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৫ মিনিটে।




