দেশ দখল হয়ে গেলেও ক্লাউডে চলবে সরকার: রুশ আক্রমণের আশঙ্কায় এস্তোনিয়ার নতুন প্রস্তুতি
রাশিয়ার সঙ্গে ২৯৪ কিলোমিটার সীমান্ত ভাগ করে নেওয়া বাল্টিক দেশ এস্তোনিয়া এমন এক নতুন কৌশল তৈরি করছে, যাতে দেশটির ভূখণ্ড শত্রুর দখলে গেলেও সরকারের ডিজিটাল সেবা বিদেশ থেকে পুরোপুরি চালানো যায়। এস্তোনীয় ভাষায় ‘হুকুকিন্দলুস’ নামের এই পরিকল্পনাকে দেশটির কর্মকর্তারা ‘সর্বনাশা পরিস্থিতির সহনশীলতা’ কৌশল হিসেবে বর্ণনা করেছেন।
জনসংখ্যা মাত্র ১৩ লাখের এই দেশটি মনে করে, রাশিয়া কোনো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে আক্রমণ চালালে তারাই হতে পারে প্রধান লক্ষ্য। এস্তোনিয়ার নিরাপত্তা সংস্থাগুলো এরই মধ্যে সতর্ক করেছে যে রাশিয়া ইউরোপের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে, আর সাইবার হামলা থেকে অগ্নিসংযোগের ষড়যন্ত্র ও সমুদ্রের তলদেশের ডেটা কেবল কাটার ঘটনা পর্যন্ত নানা কিছুর জন্য মস্কোকে দায়ী করেছে তালিন।
নতুন কৌশলের অন্যতম রূপকার এবং বিচার ও ডিজিটালবিষয়ক মন্ত্রণালয়ের ডিজিটাল অবকাঠামো ও সাইবার নিরাপত্তাবিষয়ক সাবেক উপমহাসচিব তনু গ্রুনবার্গ বলেছেন, ডেটা সেন্টার ধ্বংস হয়ে গেলে কিংবা মাটিতে শত্রুসেনা নেমে এলে এবং দেশের ভেতর থেকে কাজ চালানো না গেলে, তখনই সরকারি সেবা ক্লাউডে সরিয়ে নেওয়া হবে।
এস্তোনিয়ার এরই মধ্যে লুক্সেমবার্গে একটি ‘ডেটা দূতাবাস’ রয়েছে, যেখানে নাগরিক নিবন্ধন, ভূমি নিবন্ধন ও দেশের আইনসংহিতাসহ রাষ্ট্রের পুরো ডিজিটাল নকশার একটি অনুলিপি সংরক্ষিত আছে। তবে সেটি এখন পর্যন্ত মূলত তথ্যের ব্যাকআপ হিসেবেই কাজ করে।
গ্রুনবার্গ বলেন, ‘এবার আমরা সত্যিকার অর্থে অনলাইনে থাকতে চাই, যা-ই ঘটুক না কেন। সব গুরুত্বপূর্ণ সেবা অনলাইনে থাকবে, সবকিছু চালু থাকতে হবে।’ তিনি এ মাসে প্রযুক্তি অবকাঠামো প্রতিষ্ঠান লেভিরার প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন।
এ লক্ষ্যে এস্তোনিয়া সরকার মাইক্রোসফট অ্যাজুর ও অ্যামাজন ওয়েব সার্ভিসেসসহ বিভিন্ন ক্লাউড প্ল্যাটফর্মে এবং নিজস্ব রাষ্ট্রীয় ক্লাউড প্ল্যাটফর্মে নিরাপদ অ্যাপ্লিকেশন তৈরি করছে। গ্রুনবার্গ জানিয়েছেন, এই ব্যবস্থা ডেটা দূতাবাসসহ ইউরোপের অন্যান্য জায়গায় পাঠানো হচ্ছে।
বিচার ও ডিজিটালবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি স্থাপত্য ও অবকাঠামোবিষয়ক উপদেষ্টা অ্যালান আলমেরে বলেন, সবচেয়ে খারাপ পরিস্থিতির প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনাই তাদের লক্ষ্য। তাঁর ভাষায়, কোনো দেশই সব ঝুঁকি আগাম অনুমান বা দূর করতে পারে না; সবচেয়ে গুরুতর পরিস্থিতিতেও এস্তোনিয়ার ডিজিটাল রাষ্ট্র পুনর্গঠনের জন্য একটি বিশ্বস্ত ভিত্তি টিকিয়ে রাখতে হবে। তিনি বলেন, তাদের লক্ষ্য হলো কখনোই শূন্য থেকে শুরু করতে না হয়।
ডিজিটাল সেবার ওপর এই ঝুঁকি এস্তোনিয়ার কাছে নতুন নয়। ২০০৭ সালে দেশটি ২২ দিন ধরে চলা একের পর এক সাইবার হামলার মুখে পড়েছিল, যাতে বাণিজ্যিক ও সরকারি সেবার বড় অংশ অচল হয়ে গিয়েছিল। এস্তোনিয়ার কর্তৃপক্ষ পরে ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করে। ওই ঘটনাকে আধুনিক যুগে কোনো দেশের ওপর প্রথম বড় আকারের সাইবার হামলাগুলোর একটি হিসেবে দেখা হয় এবং এর পরই তালিন তার পুরো ডিজিটাল অবকাঠামো ঢেলে সাজায়।
লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (রুসি) জ্যেষ্ঠ গবেষক জোসেফ জারনেকি বলেছেন, সরকারি সেবা ডিজিটাল করার ক্ষেত্রে এস্তোনিয়া উল্লেখযোগ্যভাবে অগ্রগামী ভূমিকা নিয়েছে।
সাম্প্রতিক সময়ে রাশিয়ার ডেটা সেন্টারগুলোর ওপর হামলাও দেখিয়ে দিয়েছে, যুদ্ধরত দেশগুলোর জন্য ডিজিটাল সেবা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত মাসে ইউক্রেন রুশ প্রতিষ্ঠান ইয়ানডেক্সের তিনটি ডেটা সেন্টারে হামলা চালায়।
এস্তোনিয়া একা নয়। বৃহস্পতিবার যুক্তরাজ্য ও নরওয়ে ঘোষণা করেছে, নিজেদের ‘ডেটা দূতাবাস’ গড়ে তারা একে অপরের নিরাপদ ডেটা সংরক্ষণের উপায় খুঁজছে। আলমেরের ভাষায়, এস্তোনিয়ার সামনে এখন পরের চ্যালেঞ্জ হলো সংকটের সময় সেই সংরক্ষিত ডেটা দিয়েই রাষ্ট্রকে সচল রাখা এবং ডেটা যাতে কয়েক দশক পরও বোধগম্য ও ব্যবহারযোগ্য থাকে, তা নিশ্চিত করা।

