…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

শুধু বিশ্বস্ত চিকিৎসা গবেষণা থেকে উত্তর দেবে অ্যাপলের এআই স্বাস্থ্য অ্যাপ, শুরু হলো গবেষণা

নিজস্ব প্রতিবেদক
শুধু বিশ্বস্ত চিকিৎসা গবেষণা থেকে উত্তর দেবে অ্যাপলের এআই স্বাস্থ্য অ্যাপ, শুরু হলো গবেষণা
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যবিষয়ক প্রশ্নের উত্তর খুঁজতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের দিকে ঝুঁকছেন লাখ লাখ মানুষ, কিন্তু ভুল বা ক্ষতিকর তথ্যের ঝুঁকি নিয়েও শিরোনাম হচ্ছে প্রতিনিয়ত। এই পরিস্থিতিতে রোববার অ্যাপল নতুন এক উদ্যোগের ঘোষণা দিয়েছে: ‘অ্যাপল হেলথ এআই ইউজেজ স্টাডি’ নামের একটি অ্যাপ চালু করেছে প্রতিষ্ঠানটি, যা শুধু বিশ্বস্ত চিকিৎসা গবেষণার ভিত্তিতে স্বাস্থ্য প্রশ্নের উত্তর দেবে বলে অ্যাপল জানিয়েছে।

ব্যবহারকারী চাইলে অনুমতি দিলে অ্যাপটি তাঁর স্বাস্থ্য পরিমাপ ও রেকর্ডের ভিত্তিতেও উত্তর সাজাবে। গবেষণাটির উদ্দেশ্য হলো ব্যবহারকারীর আস্থা যাচাই করা, তথ্য কতটা সহজে বোঝা যাচ্ছে তা দেখা, তথ্য কতটা কাজে লাগছে তা মূল্যায়ন করা এবং এটি রোগীদের চিকিৎসকের সঙ্গে যোগাযোগে কতটা সাহায্য করে, তা বোঝা।

অ্যাপলের স্বাস্থ্য ও ফিটনেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডা. সুম্বুল দেশাই এবিসি নিউজকে বলেন, ‘দায়িত্বশীল, সহজে বোধগম্য এবং প্রচলিত চিকিৎসাব্যবস্থায় পথ চলতে সাহায্য করে—এমন অভিজ্ঞতা তৈরি করা গুরুত্বপূর্ণ।’ তাঁর ভাষায়, স্পষ্ট ও চিকিৎসাগতভাবে ভিত্তিসম্পন্ন তথ্য হাতে থাকলে মানুষ আরও প্রস্তুত, অবহিত ও আত্মবিশ্বাসী হয়ে চিকিৎসকের কাছে যেতে পারে।

এই অ্যাপে ব্যবহারকারীরা দৈনন্দিন স্বাস্থ্য প্রশ্ন করতে পারবেন এবং উত্তরের সঙ্গে পিয়ার-রিভিউ করা ক্লিনিক্যাল গবেষণার সূত্রের লিংকও দেখতে পাবেন, যাতে পরামর্শটি কোথা থেকে এল, তা জানা যায়।

এই প্রকল্পে অ্যাপল সহযোগিতা করছে ওপেনএভিডেন্সের সঙ্গে। এটি চিকিৎসকদের ব্যবহৃত একটি এআই টুল, যা চিকিৎসা সাময়িকীসহ এমন সব উৎসে প্রশিক্ষিত, যা অন্য এআই প্ল্যাটফর্মের নাগালে নাও থাকতে পারে। ওপেনএভিডেন্সের পূর্ণ সুবিধা বর্তমানে শুধু স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্যই উন্মুক্ত এবং এর উত্তরগুলো তাঁদের ব্যবহৃত ভাষাতেই আসে; অ্যাপল বলছে, নিজেদের প্রযুক্তি দিয়ে সেই গবেষণাকে সহজে বোধগম্য উত্তরে রূপ দিচ্ছে তারা।

গবেষণার পটভূমিতে রয়েছে উদ্বেগজনক এক পরিসংখ্যান। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নেচার মেডিসিনে প্রকাশিত অক্সফোর্ডের এক গবেষণায় দেখা গেছে, ক্লিনিক্যাল ক্ষেত্রে পরীক্ষা করলে এআই চ্যাটবট প্রায় ৯৫ শতাংশ ক্ষেত্রে রোগ সঠিকভাবে শনাক্ত করতে পারে, অথচ জটিল নির্দেশনা বুঝতে গিয়ে সাধারণ ব্যবহারকারীরা ৩৫ শতাংশেরও কম ক্ষেত্রে সঠিক উত্তরে পৌঁছাতে পারেন। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, এরই মধ্যে প্রাপ্তবয়স্কদের ৩৫ শতাংশ এআই চ্যাটবট ব্যবহার করছেন, আর ৩০ বছরের কম বয়সীদের মধ্যে এই হার প্রায় অর্ধেক।

হার্ভার্ড মেডিকেল স্কুলের শিশুরোগ ও বায়োমেডিকেল ইনফরমেটিকসের অধ্যাপক ডা. জন ব্রাউনস্টেইন বলেন, ‘লাখ লাখ মানুষ স্বাস্থ্য পরামর্শের জন্য এআইয়ের দিকে ঝুঁকছেন, কিন্তু সঠিক উত্তর সব সময় কাজে লাগার মতো হয় না। বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্য মিথ্যা আশ্বাস তৈরি করতে পারে কিংবা চিকিৎসা পেতে দেরি করিয়ে দিতে পারে।’

গবেষণায় যোগ দেওয়া ব্যবহারকারীরা চাইলে ফোনের হেলথ অ্যাপে থাকা তথ্য—বিশ্রামকালীন হৃৎস্পন্দন, শারীরিক কার্যকলাপ, ঘুম কিংবা রক্ত পরীক্ষার ফল—শেয়ার করতে পারবেন, আবার না-ও করতে পারবেন। তথ্য শেয়ার করলে সাধারণ পরামর্শের বদলে নিজের পরিমাপের ভিত্তিতে উত্তর মিলবে; যেমন বিশ্রামকালীন হৃৎস্পন্দন কীভাবে উন্নত করা যায়, এমন প্রশ্নের উত্তর আসবে ব্যবহারকারীর নিজের স্বাস্থ্য পরিমাপ থেকে।

গবেষণায় আরও দেখা হবে, ব্যবহারকারীরা উত্তরগুলো বুঝতে পারছেন কি না। অংশগ্রহণকারীরা পাওয়া উত্তরগুলোর মূল্যায়ন করতে পারবেন এবং মাঝে মাঝে জরিপে নিজেদের অভিজ্ঞতা জানাতে পারবেন। ব্রাউনস্টেইনের ভাষায়, শুধু এআই সঠিক উত্তর দিচ্ছে কি না, তা নয়; মানুষ সেই উত্তর বুঝতে পারছে কি না, যথাযথভাবে আস্থা রাখছে কি না এবং শেষ পর্যন্ত আরও ভালো স্বাস্থ্য সিদ্ধান্ত নিচ্ছে কি না, তাও বুঝতে হবে।

গোপনীয়তা নিয়ে অ্যাপল বলছে, প্রশ্নগুলো ওপেনএভিডেন্সে পৌঁছানোর আগেই পরিচয় শনাক্তকারী তথ্য মুছে ফেলার সুরক্ষাব্যবস্থার মধ্য দিয়ে যায়। অ্যাপলের তথ্য অনুযায়ী, ওপেনএভিডেন্স প্রশ্ন ও উত্তরের ডেটা ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলবে এবং এই প্রশ্ন দিয়ে নিজেদের মডেলকে প্রশিক্ষণ দেবে না। অ্যাপটিতে সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি শনাক্ত করে ব্যবহারকারীকে পেশাদার চিকিৎসা সহায়তা নিতে উৎসাহিত করার সুরক্ষাব্যবস্থাও রয়েছে।

অ্যাপল জোর দিয়ে বলেছে, এই গবেষণা সরাসরি চিকিৎসা পর্যবেক্ষণ দেয় না এবং স্বাস্থ্যসেবা পেশাজীবীর বিকল্পও নয়; অ্যাপ ব্যবহারের সময় সেটি স্পষ্ট করে জানানো হবে। গবেষণাটি যুক্তরাষ্ট্রের ২১ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত, যাঁদের কাছে অ্যাপল ইন্টেলিজেন্স-সক্ষম আইফোন (আইফোন ১৫ প্রো বা তার পরের মডেল) রয়েছে এবং যাতে আইওএস ২৬ বা তার পরের সংস্করণ চলছে। অ্যাপল এবিসি নিউজকে জানিয়েছে, এই গবেষণার লক্ষ্য শুধু তাদের ভবিষ্যৎ পণ্যের দিকনির্দেশনা নয়; কম্পিউটার-সহায়ক স্বাস্থ্য যোগাযোগের ভবিষ্যতের কাজে লাগাতে গবেষণাটি ব্যাপকভাবে প্রকাশের পরিকল্পনাও রয়েছে তাদের।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

প্রযুক্তি

নয়াদিল্লিতে ফ্লেম অ্যাওয়ার্ডস এশিয়া ২০২৬-এ পাঁচটি গোল্ড জিতল বিকাশ

এশিয়ার আঞ্চলিক মার্কেটিং ও কমিউনিকেশনস বিষয়ক অ্যাওয়ার্ড ‘আরএমএআই ফ্লেম অ্যাওয়ার্ডস এশিয়া ২০২৬’-এ পাঁচটি ক্যাটাগরিতে সর্বোচ্চ সম্মাননা পেয়েছে দেশ…

প্রযুক্তি

এআই সেবা বাড়াতে ডিজিটএক্সের সঙ্গে চুক্তি করল বাংলালিংকের ডিজিটাল ব্র্যান্ড রাইজ

নিজেদের প্ল্যাটফর্মে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা যুক্ত করতে এআই প্রযুক্তি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটএক্সের সঙ্গে চুক্তি করেছে …

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নিজের সার্চ সাম্রাজ্য বাঁচাতে লড়ছে গুগল
প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নিজের সার্চ সাম্রাজ্য বাঁচাতে লড়ছে গুগল

সার্চ ইঞ্জিন দিয়ে বিশ্বের তথ্য খোঁজার পদ্ধতি বদলে দিয়ে গুগল বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটিতে পরিণত হয়েছিল। এখন কৃত্রিম বুদ্ধিমত্তানির্…

ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের ১০ মিনিটে ব্যর্থ ভালকান রকেট, ধ্বংস হলো অ্যামাজনের ৪০টি স্যাটেলাইট
প্রযুক্তি

ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের ১০ মিনিটে ব্যর্থ ভালকান রকেট, ধ্বংস হলো অ্যামাজনের ৪০টি স্যাটেলাইট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে রোববার উৎক্ষেপণের পর ব্যর্থ হয়েছে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) একটি ভালকান রকেট।…