নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন নিকারের, সিলেটের জৈন্তাপুর হচ্ছে পৌরসভা

দেশের প্রশাসনিক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনার লক্ষ্যে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
একই সভায় একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার অধীন কোনাখালী ইউনিয়নের বটতলীতে ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।
একই সঙ্গে বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে ভাগ করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
পৌরসভা গঠনের অনুমোদন পাওয়া দুটি এলাকা হলো বগুড়া জেলার মোকামতলা উপজেলার অধীনে ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার অধীনে ‘জৈন্তাপুর’ পৌরসভা। জৈন্তাপুর পৌরসভা গঠনের সিদ্ধান্তে সিলেট বিভাগে নতুন একটি পৌরসভা যুক্ত হচ্ছে।
নাম পরিবর্তনের সিদ্ধান্তে ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ওই উপজেলার ‘পাগলা’ থানার নাম পাল্টে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।
সদর দপ্তর স্থানান্তরের ক্ষেত্রে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার বদলে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
নতুন থানা প্রতিষ্ঠা ও থানার নাম পরিবর্তনের প্রস্তাবগুলোর উদ্যোগী মন্ত্রণালয় হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে পৌরসভা গঠন ও প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তর সংক্রান্ত প্রস্তাবগুলোর উদ্যোগী বিভাগ ছিল স্থানীয় সরকার বিভাগ।




