গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাসভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

গাজীপুর শহরের জোরপুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আ ক ম মোজাম্মেল হক কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। আগুন দেওয়া বাড়িটি তাঁর পুরোনো টিনশেডের বাসভবন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত টিনশেডের বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
টিনশেড বাসভবনটির পাশেই মোজাম্মেল হকের আটতলা একটি ভবন রয়েছে। তবে ওই ভবনটি অক্ষত রয়েছে। ভবনটি ভাড়া দেওয়া হয়েছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন দিয়েছে, তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি অডিও ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অডিওতে তাঁকে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া এবং তাঁদের ওপর হামলার নির্দেশনা দিতে শোনা যায়। অডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর গাজীপুরের ধীরাশ্রমে আ ক ম মোজাম্মেল হকের গ্রামের বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল।




