গাজীপুরে আরও ২২ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, কোনাবাড়ীতে সড়ক অবরোধ ছত্রভঙ্গ

গাজীপুরের বিভিন্ন এলাকায় আরও ২২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের আন্দোলন, ভাঙচুর ও বিশৃঙ্খলার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) এই সিদ্ধান্ত জানানো হয়। ন্যূনতম মজুরি নিয়ে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলটিতে নতুন করে এই বন্ধের ঘোষণা এল।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী ১৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ওইসব কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হলো আলিফ কম্পোজিট লিমিটেড, ফোর্টিস গার্মেন্টস লিমিটেড, ইউক্রেডিবল ফ্যাশন লিমিটেড, স্টারলিং ডিজাইন লিমিটেড, এরো স্পোর্টস ওয়্যার লিমিটেড, গ্লোবাস ফ্যাশন লিমিটেড, নীট প্লাস ফ্যাশন লিমিটেড, লিরিক ফ্যাশন লিমিটেড, রোমা ফ্যাশন লিমিটেড, জালো স্পোর্টস ওয়্যার লিমিটেড, জালো নীট কম্পোজিট লিমিটেড, ফ্যাশন ফ্লো লিমিটেড, ইকোটেক্স লিমিটেড, ইন্টারস্টপ অ্যাপারেলস, করণী নীট কম্পোজিট, ডিভাইন গ্রুপ লিমিটেড, লিডা ফ্যাশন লিমিটেড, লিজ ফ্যাশন লিমিটেড, এপেক্স কোল্ডিং লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড এবং ইকো নিটস লিমিটেড ইকো গ্রুপ।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরে চলমান পোশাকশ্রমিক অসন্তোষের কারণে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানোর পরও অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয় বলে সূত্রগুলো জানিয়েছে।
সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালান। এতে কারখানাগুলোর ব্যাপক ক্ষতি হয়। এসব ঘটনায় শ্রমিক ও কর্মকর্তারা আহত হন। এর পরিপ্রেক্ষিতেই শ্রম আইনের ধারা প্রয়োগ করে কারখানাগুলো বন্ধের সিদ্ধান্ত আসে।
এদিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় দুটি কারখানার শ্রমিকেরা আজ সোমবার বিক্ষোভ করেছেন। সকাল ৮টার দিকে তাঁরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন।
অবরোধের পর পুলিশ ও বিজিবি টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।
গাজীপুরে নতুন করে বন্ধের এই চিত্রের বিপরীতে সাভার ও আশুলিয়ায় আজ সোমবার ভিন্ন অবস্থা দেখা গেছে। টানা কয়েক দিনের উত্তেজনার পর সোমবার সকাল থেকেই সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রমে যোগ দেন এবং সেখানে কর্মচঞ্চল পরিবেশ অব্যাহত থাকে।




