দেশে স্মার্টফোন উৎপাদনের অংশ প্রায় অর্ধেকে পৌঁছেছে, ফিচার ফোনের সঙ্গে ব্যবধান মাত্র ১.৯২ পয়েন্ট
দেশে উৎপাদিত মোবাইল ফোনে স্মার্টফোনের অংশ দ্রুত বাড়ছে, আর কমছে ফিচার ফোনের হিস্যা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিসংখ্যান অনুযায়ী, গত জুনে দেশে উৎপাদিত মোট মোবাইল ফোনের ৩০ দশমিক ৭১ শতাংশ ছিল স্মার্টফোন।
জুলাইয়ে স্মার্টফোনের অংশ বেড়ে দাঁড়ায় ৩২ দশমিক ২১ শতাংশে, আগস্টে ৩৩ দশমিক ৮৩ শতাংশে এবং সেপ্টেম্বরে তা এক লাফে পৌঁছে যায় ৪৯ দশমিক ০৪ শতাংশে।
অন্যদিকে জুনে ফিচার ফোনের অংশ ছিল ৬৯ দশমিক ২৯ শতাংশ, যা সেপ্টেম্বরে কমে দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯৬ শতাংশে। ফলে সেপ্টেম্বরে দুই ধরনের ফোনের উৎপাদন-অংশের ব্যবধান কমে হয়েছে মাত্র ১ দশমিক ৯২ শতাংশ পয়েন্ট।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ বাড়ায় এ ধরনের ফোনের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে। সিম্ফনির মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং মোবাইল ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) সভাপতি জাকারিয়া শহীদ বলেন, কিস্তিতে কেনার সুবিধা স্মার্টফোনের চাহিদা বাড়াতে ভূমিকা রাখছে। এ ক্ষেত্রে মোবাইল অপারেটরদের সমন্বিত প্যাকেজ দেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
এদিকে দেশে ইন্টারনেট সংযোগের সংখ্যাও বেড়েছে। চলতি বছরের জানুয়ারিতে মোট ইন্টারনেট সংযোগ ছিল ১২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার, যা সেপ্টেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৭৮ লাখ ১০ হাজারে। অর্থাৎ নয় মাসে সংযোগ বেড়েছে ৮৮ লাখ ২০ হাজার।
এর মধ্যে মোবাইল ইন্টারনেট সংযোগ বেড়েছে ৮০ লাখ ৪০ হাজার। সেপ্টেম্বরে মোবাইল ইন্টারনেট সংযোগের সংখ্যা ছিল ১২ কোটি ২২ লাখ ৬০ হাজার। একই সময়ে আইএসপি ও পিএসটিএন ব্রডব্যান্ড সংযোগ বেড়েছে ৭ লাখ ৮০ হাজার।
উৎপাদনের পরিসংখ্যানে দেখা যায়, দেশে ফোরজি ফোনের উৎপাদনও বাড়ছে। জুলাইয়ে এ ধরনের ফোন উৎপাদিত হয়েছিল ৫ লাখ ৯৯ হাজার, আগস্টে ৭ লাখ ৩৫ হাজার এবং সেপ্টেম্বরে ৭ লাখ ৯২ হাজার। গত এপ্রিলে ফোরজি ফোন উৎপাদন হয়েছিল ১০ লাখ ২ হাজার, যা ওই সময়ের মধ্যে সর্বোচ্চ মাসিক উৎপাদন।
চলতি বছরের প্রথম নয় মাসে দেশে টুজি ফোন উৎপাদিত হয়েছে ৯৩ লাখ ১৬ হাজার, ফোরজি ফোন ৫৩ লাখ ৯৮ হাজার এবং ফাইভজি ফোন ৩ লাখ ৭৪ হাজার। সব মিলিয়ে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট মোবাইল ফোন উৎপাদিত হয়েছে ১ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার।
মাসভিত্তিক হিসাবে এপ্রিলে উৎপাদন ছিল ২৭ লাখ ৫ হাজার, জুলাইয়ে ১৮ লাখ ৩৩ হাজার, আগস্টে ২২ লাখ ৬৬ হাজার এবং সেপ্টেম্বরে ১৬ লাখ ৪৫ হাজার।


