পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে পাঁচ থেকে দশ বছর: বাংলাদেশ ব্যাংকের টাস্কফোর্স
বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে কোনো কোনো ক্ষেত্রে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সময় লাগতে পারে। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, দেওয়ানি বা সিভিল আইনি প্রক্রিয়াতেও সম্পদ পুনরুদ্ধারে তিন থেকে পাঁচ বছর সময় প্রয়োজন হতে পারে। আন্তর্জাতিক অভিজ্ঞতা অনুযায়ী ফৌজদারি মামলায় পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন।
ফরহানুল গণি চৌধুরী বলেন, পাচার হওয়া অর্থ কোন দেশে, কার কাছে ও কীভাবে বিভিন্ন স্তরে স্থানান্তরিত হয়েছে, তা শনাক্ত করতে হবে। এরপর সংশ্লিষ্ট দেশের আদালতে সেই সম্পদের অবৈধতা প্রমাণ করতে হবে।
তিনি বলেন, শুধু বাংলাদেশের তদন্ত বা আইনি উদ্যোগ যথেষ্ট নয়। যে দেশে সম্পদ রয়েছে, সেই দেশের আইন, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশে কোনো কাজ অবৈধ হলেও সংশ্লিষ্ট দেশের আইনে তা একইভাবে বিবেচিত না-ও হতে পারে।
এ অবস্থায় পাচার হওয়া অর্থ ফেরাতে আইনি কৌশল পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংকের স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্স। এ কাজে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞ নিয়োগের পাশাপাশি আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠান ও লিটিগেশন ফান্ডারদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যাংক খাতের খেলাপি ঋণ ও অর্থ পাচারসংশ্লিষ্ট দ্বিতীয় ধাপে আরও প্রায় ৪০টি মামলা নিয়ে কাজ শুরু করেছে টাস্কফোর্স। গত আগস্টে দ্বিতীয় ধাপে এই মামলাগুলো যুক্ত করা হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছে টাস্কফোর্স। পরামর্শক হিসেবে অর্থ পাচার ও সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়া হয়েছে।
টাস্কফোর্সের অগ্রগতি নিয়মিত প্রকাশ না করার বিষয়ে আরিফ হোসেন খান বলেন, অর্থ পাচার স্পর্শকাতর বিষয়। তদন্তের তথ্য ও অগ্রগতি প্রকাশ করা হলে পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা আগেভাগে সতর্ক হয়ে নতুন কৌশল নিতে পারেন, এতে অর্থ ফেরত আনার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ফরহানুল গণি চৌধুরী বলেন, কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বাংলাদেশ এই কার্যক্রম শুরু করেছে। গত দুই বছরের অভিজ্ঞতার ভিত্তিতে এখন কৌশল হালনাগাদ করা হচ্ছে এবং যেসব ক্ষেত্রে কাজ প্রত্যাশা অনুযায়ী এগোয়নি, সেগুলো চিহ্নিত করে আরও কার্যকর কৌশল নেওয়ার চেষ্টা চলছে।
২০২৪ সালের অক্টোবরে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে টাস্কফোর্সের কার্যক্রম শুরু হয়। শুরুতে তৎকালীন সরকারের নির্ধারণ করে দেওয়া অগ্রাধিকারপ্রাপ্ত মামলাগুলো নিয়ে কাজ শুরু করে সংস্থাটি। প্রথম ধাপে কয়েকটি খেলাপি ঋণসংশ্লিষ্ট মামলাকে অগ্রাধিকার দেওয়া হয়।
যেসব ক্ষেত্রে ব্যাংকের কাছে বিদেশে অর্থ স্থানান্তরের তথ্য রয়েছে ও সংশ্লিষ্ট ঋণগ্রহীতা বা মালিকের বিদেশে অবস্থানের সম্ভাবনা আছে, সেসব মামলা বিবেচনায় নেওয়া হয়েছে বলে টাস্কফোর্স জানিয়েছে।
পাচার হওয়া অর্থের পরিমাণ, সম্পদের অবস্থান কিংবা চলমান আইনি কৌশল প্রকাশে সতর্কতা অবলম্বন করতে চায় বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্টদের আশঙ্কা, এসব তথ্য প্রকাশ পেলে অভিযুক্ত ব্যক্তিরা সম্পদ অন্যত্র সরিয়ে ফেলতে বা নতুন লেনদেনের মাধ্যমে সম্পদের অবস্থান আড়াল করতে পারেন। আরিফ হোসেন খান বলেন, গণমাধ্যমের প্রশ্নের জবাব দেওয়া হবে, তবে কারিগরি ও কৌশলগত কারণে সব তথ্য প্রকাশ করা সম্ভব হবে না।



