তুরস্কের কায়াকয়: যে শহর থেকে সবাই চলে গিয়েছিল, ফেরেনি কেউ
তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলা প্রদেশে অবস্থিত কায়াকয়। পাহাড়ের ঢালে সারি সারি বাড়ি, সরু আঁকাবাঁকা রাস্তা, প্রাচীন পানির ফোয়ারা আর গির্জা মিলিয়ে একসময় প্রাণচঞ্চল ছিল শহরটি। পাহাড়ের চূড়ায় থাকা একটি গির্জা থেকে দেখা যায় নীল এজিয়ান সাগরের দৃশ্য।
কিন্তু গত প্রায় ১০০ বছর ধরে সেখানে মানুষের বসবাস নেই। কায়াকয় এখন একটি পরিত্যক্ত শহর। একসময় যারা এখানে বসবাস করতেন, তাদের স্মৃতি আর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শহরটির ধ্বংসাবশেষ; সময়ের সঙ্গে সঙ্গে ভেঙে পড়া বাড়িঘর গ্রাস করছে গাছপালা ও লতাগুল্ম। সব মিলিয়ে জায়গাটি হয়ে উঠেছে এক রহস্যময় ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র।
এক শতাব্দীর কিছু বেশি সময় আগে কায়াকয়ের নাম ছিল লেভিসি। তখন অন্তত ১০ হাজার গ্রিক অর্থোডক্স খ্রিষ্টানের বসবাস ছিল সেখানে। তাদের অনেকেই ছিলেন কারুশিল্পী। স্থানীয় মুসলিম তুর্কি কৃষকদের সঙ্গে শান্তিপূর্ণভাবেই বসবাস করতেন তারা।
কিন্তু তুরস্কের স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশের সময় রাজনৈতিক অস্থিরতা ও গ্রিসের সঙ্গে সংঘাত তাদের জীবন বদলে দেয়। ১৯২২ সালে গ্রিস-তুরস্ক যুদ্ধের অবসানের পর দুই দেশের মধ্যে জনসংখ্যা বিনিময় শুরু হয়। এর আওতায় কায়াকয়ের গ্রিক খ্রিষ্টানদের গ্রিসে পাঠানো হয়। অন্যদিকে, গ্রিসের বর্তমান মেসিডোনিয়া ও থ্রেস অঞ্চলের কাভালা থেকে মুসলিম তুর্কিদের কায়াকয়ে আনা হয়।
তবে নতুন পরিবেশে এসে অনেক মুসলিম পরিবারই সেখানে থাকতে চাননি। অল্প সময়ের মধ্যেই তারা অন্যত্র চলে যান। ফলে জনশূন্য হয়ে পড়ে একসময়ের ব্যস্ত শহরটি।
কায়াকয়ে থেকে যাওয়া অল্প কয়েকটি পরিবারের মধ্যে ছিল আইসুন একিজের দাদা-দাদির পরিবার। বর্তমানে তাদের পরিবারের সদস্যরা শহরের প্রধান প্রবেশপথের কাছে একটি ছোট রেস্তোরাঁ পরিচালনা করেন; পর্যটকদের কাছে হাতে তৈরি গয়না বিক্রিও করেন একিজ।
পরিবারের কাছ থেকে শোনা সেই সময়ের স্মৃতি তুলে ধরে একিজ বলেন, গ্রিক বাসিন্দারা নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে চাননি। বিদায়ের সময় অনেকেই কেঁদেছিলেন। কেউ কেউ তুর্কি প্রতিবেশীদের কাছে সন্তানদের রেখে গিয়েছিলেন এই আশায় যে একদিন ফিরে আসবেন। কিন্তু তাদের আর ফেরা হয়নি।
একিজের দাদা-দাদির পরিবার ছিল রাখাল। শহরের প্রান্তে বসবাস করায় নতুন পরিবেশের সঙ্গে তারা সহজেই মানিয়ে নিয়েছিলেন। তবে অন্য অনেক পরিবারের কাছে কায়াকয়ে বসবাস কঠিন মনে হয়েছিল। বাড়ির দেয়ালে নীল রং করা থাকায় তারা অস্বস্তি বোধ করতেন; প্রচলিত ধারণা ছিল, এই রং বিচ্ছু ও সাপ দূরে রাখে। শহরটির প্রায় আড়াই হাজার বাড়ির কিছু দেয়ালে এখনো সেই নীল রঙের চিহ্ন দেখা যায়।
কায়াকয়ের পরিত্যক্ত হওয়ার পেছনে শুধু জনসংখ্যা বিনিময়ই নয়, আরও কিছু কারণ রয়েছে বলে মনে করেন ‘এ গাইড টু কায়াকয়’ বইয়ের সহলেখক জেন আকাতায়। তার মতে, ১৯২০-এর দশকের মর্মান্তিক ঘটনাগুলোর স্মৃতি শহরটির ওপর দীর্ঘদিন ধরে এক ধরনের বিষণ্নতা তৈরি করে রেখেছে। পাশাপাশি ভূমিকম্প, ঝড় ও বৃষ্টিও ধ্বংসাবশেষের ক্ষতি করেছে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় বাড়িগুলোর দেয়াল ধরে রাখা গাঁথুনির উপকরণ ক্ষয়ে গেছে, ফলে ধীরে ধীরে ভেঙে পড়েছে স্থাপনাগুলো।
বর্তমানে কায়াকয়ে প্রবেশের জন্য প্রধান সড়কের পাশে একটি ছোট টিকিট কাউন্টার থেকে তিন ইউরো দিতে হয়। এরপর পর্যটকেরা পায়ে হেঁটে শহরের আঁকাবাঁকা ও উঁচুনিচু রাস্তা ঘুরে দেখতে পারেন। স্কুল, গির্জা ও পানির ফোয়ারার দিকনির্দেশনাও রয়েছে প্রবেশপথে। শহরটি ঘুরে দেখতে অন্তত দুই ঘণ্টা সময় রাখা ভালো; পর্যটকের সংখ্যা তুলনামূলক কম থাকায় নিরিবিলি পরিবেশে পুরোনো জনজীবনের কথা কল্পনা করার সুযোগ মেলে।
একসময় শহরের প্রধান চত্বরে স্থানীয় পুরুষেরা জড়ো হয়ে চা পান করতেন এবং গল্প করতেন; এখন সেখানে মানুষের কোলাহলের বদলে নীরবতা। বাড়িগুলোর অধিকাংশ নির্মিত হয়েছিল শহরটি পরিত্যক্ত হওয়ার আগের শতাব্দীতে। দুইতলা এসব বাড়ির অনেকগুলোর ছাদ নেই, ভেঙে পড়া দেয়ালের ফাঁকে জন্মেছে গাছপালা। কিছু বাড়ির নিচতলায় এখনো চামড়া প্রক্রিয়াজাত করার জন্য তৈরি গর্ত দেখা যায়।
