…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ভ্রমণ › খবর
ভ্রমণ

ছয় শতাব্দীর সাক্ষী বুরসার উলু জামে: ২০ গম্বুজ আর পেরেকছাড়া কাঠের মিনবার

নিজস্ব প্রতিবেদক

তুরস্কের বুরসা শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে উলু জামে, দেশটির ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের অন্যতম নিদর্শন। প্রায় ৬০০ বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই মসজিদ উসমানীয় সাম্রাজ্যের উত্থান, শিল্প-সংস্কৃতি ও স্থাপত্যশৈলীর জীবন্ত সাক্ষী হিসেবে পরিচিত, আর এটি দেখতে প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ও দর্শনার্থী ভিড় করেন।

তুর্কি ভাষায় ‘উলু জামে’ অর্থ বড় মসজিদ বা মহান মসজিদ। উসমানীয় সুলতান প্রথম বায়েজিদের শাসনামলে ১৩৯৬ থেকে ১৩৯৯ সালের মধ্যে মসজিদটি নির্মিত হয়। বুলগেরিয়ার নিকোপোলিস যুদ্ধে বিজয়ের পর সুলতান বায়েজিদ এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন বলে ঐতিহাসিকভাবে উল্লেখ করা হয়।

মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য এর ২০টি গম্বুজ। পাঁচ সারিতে সাজানো এসব গম্বুজ বিশাল ছাদের ওপর এক অনন্য স্থাপত্যিক বিন্যাস তৈরি করেছে। মসজিদের ভেতরে রয়েছে ১২টি বৃহৎ স্তম্ভ, যেগুলো ছাদের কাঠামোকে ধারণ করে রেখেছে, আর বিশাল আয়তনের নামাজের স্থানে একসঙ্গে বিপুলসংখ্যক মুসল্লির নামাজ আদায়ের সুযোগ রয়েছে।

মসজিদের ভেতরে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে মাঝখানের উন্মুক্ত গম্বুজের নিচে অবস্থিত অজুখানা বা শাদিরভান। এর ১৬ কোণবিশিষ্ট জলাধার ও পানির ফোয়ারা ভেতরের পরিবেশকে আরও আকর্ষণীয় করেছে। গম্বুজের ওপরের অংশে কাচের ব্যবস্থা থাকায় দিনের আলো সরাসরি ভেতরে প্রবেশ করে এবং প্রাকৃতিক আলোয় আলোকিত হয়ে ওঠে বিশাল নামাজের জায়গা।

উলু জামের আরেকটি বিশেষ আকর্ষণ এর ক্যালিগ্রাফি বা ইসলামিক লিপি। মসজিদের দেয়াল, স্তম্ভ ও বিভিন্ন অংশে আরবি ভাষায় লেখা পবিত্র কোরআনের আয়াত, আল্লাহর গুণবাচক নাম ও ধর্মীয় বাণী শোভা পাচ্ছে। বিভিন্ন সময়ে বিখ্যাত ক্যালিগ্রাফারদের তৈরি এসব শিল্পকর্ম মসজিদটিকে যেন একটি উন্মুক্ত ইসলামিক শিল্পকেন্দ্রে পরিণত করেছে।

মসজিদের অন্যতম মূল্যবান সম্পদ কাঠের তৈরি মিনবার, যা ‘কুন্দেকারি’ নামের বিশেষ কারুকাজের কৌশলে নির্মিত। এই পদ্ধতিতে কাঠের বিভিন্ন অংশ পেরেক ছাড়াই বিশেষভাবে জোড়া লাগানো হয়। মিনবারের নকশায় জ্যামিতিক কারুকাজের পাশাপাশি সূর্যজগৎ ও ছায়াপথের প্রতীকী উপস্থাপনও রয়েছে।

ইতিহাসের নানা প্রতিকূলতার মধ্য দিয়েও টিকে রয়েছে উলু জামে। ১৪০২ সালে তিমুরের আক্রমণের সময় মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়। ১৮৫৫ সালের ভয়াবহ ভূমিকম্পেও এর ব্যাপক ক্ষতি হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন সংস্কারের মাধ্যমে স্থাপনাটিকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা হয়।

মসজিদটির উদ্বোধনী নামাজ ও প্রথম দিকের ধর্মীয় কার্যক্রমের সঙ্গে সোমুনচু বাবা, আমির সুলতান ও মোল্লা ফেনারির মতো বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বের নাম জড়িয়ে রয়েছে। বিখ্যাত ‘মাওলিদ’ কাব্যের রচয়িতা সুলায়মান চেলেবি এই মসজিদের প্রথম ইমাম ছিলেন বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে।

বর্তমানে বুরসার ঐতিহাসিক বাজার, গ্র্যান্ড বাজার ও অন্যান্য দর্শনীয় স্থানের কাছেই উলু জামের অবস্থান। ফলে পর্যটকেরা একই সঙ্গে বুরসার ইতিহাস, ঐতিহ্য ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। বর্তমানে এটি ধর্মীয় উপাসনার পাশাপাশি তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক পর্যটনকেন্দ্র।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

ভ্রমণ বিভাগের আরও খবর

ভ্রমণ

তুরস্কের কায়াকয়: যে শহর থেকে সবাই চলে গিয়েছিল, ফেরেনি কেউ

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলা প্রদেশে অবস্থিত কায়াকয়। পাহাড়ের ঢালে সারি সারি বাড়ি, সরু আঁকাবাঁকা রাস্তা, প্রাচীন পানির ফোয়ারা আর গির্জা মিলিয়ে এ…