একই যোগ্যতায় নারীকে কম বেতন দাবি করতে বলছে এআই, শ্বেতপত্রে সতর্কবার্তা

একই পদের জন্য সমান শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নারীকে পুরুষের তুলনায় অনেক কম বেতন দাবি করতে পরামর্শ দিচ্ছে বলে ২০২৫ সালে পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষায় ব্যবহৃত একাধিক এআই মডেল বেতন নিয়ে দর-কষাকষির ক্ষেত্রে নারীদের ধারাবাহিকভাবে কম বেতন দাবি করতে বলেছে, অনেক ক্ষেত্রে ব্যবধান ছিল প্রায় ১০ শতাংশ।
যুক্তরাজ্যের নারী অধিকারবিষয়ক সংগঠন ফসেট সোসাইটি সম্প্রতি ‘ক্যান উই অ্যাফোর্ড টু অটোমেট জেন্ডার ইনইকুয়ালিটি?’ শীর্ষক একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। এতে দেখানো হয়েছে, এআইভিত্তিক ব্যবস্থা কীভাবে নিয়োগ, বেতন ও পদোন্নতিতে বিদ্যমান লিঙ্গবৈষম্যকে আরও গভীর করতে পারে।
শ্বেতপত্রের লেখক মরিয়ম ইয়াকুব বলেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা শূন্য থেকে বৈষম্য তৈরি করে না। আমাদের প্রতিষ্ঠানগুলোতে আগে থেকেই যে পক্ষপাত রয়েছে, তা থেকেই শেখে এবং ব্যাপক পরিসরে তার পুনরাবৃত্তি ঘটায়। আমরা যদি এখনই ব্যবস্থা না নিই, তাহলে যেসব প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ইতিমধ্যে নারীদের প্রতি বৈষম্য করছে, সেগুলোই কেবল স্বয়ংক্রিয় ব্যবস্থায় রূপান্তরিত হবে।’
প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে কিছু শিল্পে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও এআইয়ের কারণে ৪০ শতাংশ পর্যন্ত নারী কর্মচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বিশ্লেষণেও দেখা গেছে, পুরুষপ্রধান পেশাগুলোর তুলনায় নারীপ্রধান পেশাগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে অনেক বেশি পরিবর্তন ও ঝুঁকির মুখে রয়েছে।
নিয়োগের ক্ষেত্রে বৈষম্যের আলোচিত উদাহরণ হিসেবে প্রতিবেদনে অ্যামাজনের কথা এসেছে। প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে একটি এআইভিত্তিক নিয়োগব্যবস্থা তৈরি করেছিল, যা অতীতের নিয়োগসংক্রান্ত তথ্য ব্যবহার করে প্রশিক্ষিত ছিল। সেই প্রযুক্তি পুরুষ প্রার্থীদের বেশি গুরুত্ব দিতে শেখে এবং নারীদের দরখাস্ত তুলনামূলকভাবে কম মূল্যায়িত হচ্ছিল। শেষ পর্যন্ত অ্যামাজন ব্যবস্থাটি বাতিল করে।
প্রতিবেদনে বলা হয়েছে, এআইয়ের পক্ষপাত মানুষের পক্ষপাত থেকে তিনটি জায়গায় আলাদা — ব্যাপকতা, গতি ও প্রাতিষ্ঠানিকীকরণ। একজন নিয়োগকর্তার পক্ষপাত হয়তো কয়েকজন নারীকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু পক্ষপাতদুষ্ট একটি এআই-ব্যবস্থা মুহূর্তের মধ্যে হাজার হাজার প্রার্থীর বিষয়ে বৈষম্যমূলক সিদ্ধান্ত দিতে পারে। প্রযুক্তিনির্ভর সিদ্ধান্তকে অনেকেই নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ বলে ধরে নেওয়ায় বৈষম্য শনাক্ত করা এবং সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করাও কঠিন হয়ে পড়ে।
বাংলাদেশের প্রসঙ্গে প্রতিবেদনে বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২৬-এর তথ্য তুলে ধরা হয়েছে। সে অনুযায়ী, ১৪৫টি দেশের মধ্যে অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১৪২তম। শিক্ষায় নারী-পুরুষের ব্যবধান ৯৬ দশমিক ১ শতাংশ দূর হলেও অর্থনৈতিক ক্ষেত্রে তা মাত্র ৪১ দশমিক ৯ শতাংশ। আইনপ্রণেতা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবস্থাপকদের মধ্যে নারীর অংশ মাত্র ৬ দশমিক ২ শতাংশ।
প্রতিবেদনে নিয়োগ, বেতন ও পদোন্নতিতে ব্যবহৃত এআই চালুর আগে লিঙ্গভিত্তিক প্রভাব মূল্যায়ন এবং নিয়মিত নিরীক্ষা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। প্রশিক্ষণের তথ্য প্রতিনিধিত্বমূলক হওয়া, কর্মীদের জানানো তাঁদের বিষয়ে কোনো সিদ্ধান্তে এআই ব্যবহার করা হয়েছে কি না, বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানোর সুযোগ ও মানবিক পর্যালোচনার ব্যবস্থা রাখা, সরকারের পক্ষ থেকে উচ্চ ঝুঁকির এআই ব্যবহারের জন্য কার্যকর নীতিমালা ও জবাবদিহির কাঠামো তৈরি এবং নারীদের এআই-সংক্রান্ত দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানোর সুপারিশও এতে রয়েছে।



