…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

পৃথিবীর গড় তাপমাত্রা বাড়লেও কিছু শহরে দিনের তাপমাত্রা কমছে কেন

নিজস্ব প্রতিবেদক
পৃথিবীর গড় তাপমাত্রা বাড়লেও কিছু শহরে দিনের তাপমাত্রা কমছে কেন
ছবি: সংগৃহীত

বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়লেও বিশ্বের কিছু শহরে দিনের বেলায় তাপমাত্রা কমার প্রবণতা দেখা যাচ্ছে। সূর্যালোক, মেঘের উপস্থিতি, বায়ুমণ্ডলীয় প্রবাহ এবং আর্দ্রতার পার্থক্যের কারণে সব অঞ্চলে একই হারে তাপমাত্রা বাড়ছে না। ফলে বৈশ্বিক উষ্ণায়নের মধ্যেও কোথাও তীব্র শৈত্যপ্রবাহ, আবার কোথাও রেকর্ড তাপপ্রবাহ দেখা যাচ্ছে।

চলতি বছরের মে মাসে কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, গত এক শতকে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির হার বেড়েছে। এ ক্ষেত্রে প্রাকৃতিক আবহাওয়াগত ঘটনা এল নিনোরও আংশিক ভূমিকা রয়েছে। তবে তাপমাত্রার পরিবর্তন সব অঞ্চলে সমান নয়।

ওই গবেষণায় ২০০২ থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্বের প্রায় ১ হাজার ৪০০টি শহরের স্যাটেলাইট পর্যবেক্ষণ বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ৮৬ শতাংশ শহরে দিনের বেলায় এবং ৯৬ শতাংশ শহরে রাতের বেলায় তাপমাত্রা বেড়েছে। তবে ৩ দশমিক ৯ শতাংশ শহরে দিনের বেলায় ভূপৃষ্ঠের তাপমাত্রা কমার পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ প্রবণতা পাওয়া গেছে। রাতে এ ধরনের শীতল হওয়ার প্রবণতা ছিল প্রায় নগণ্য।

২০২৬ সালের জানুয়ারিতে বৈশ্বিক গড় ভূপৃষ্ঠসংলগ্ন বায়ুর তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯৫ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৯১ থেকে ২০২০ সালের গড়ের চেয়ে শূন্য দশমিক ৫১ ডিগ্রি বেশি। তবে একই সময়ে উত্তর গোলার্ধের বিভিন্ন অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ দেখা যায়।

ফিনল্যান্ডের লাপ্পেনরান্টায় তাপমাত্রা মাইনাস ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। সাইবেরিয়ায় তাপমাত্রা ছিল প্রায় মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ২৫ জানুয়ারি ১১ দশমিক ৪ ইঞ্চি বা ২৯ সেন্টিমিটার তুষারপাত হয়, যা প্রায় চার বছরের মধ্যে একক তুষারঝড়ে সর্বোচ্চ।

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে জানুয়ারির প্রথম দুই সপ্তাহে দুই মিটারের বেশি তুষারপাত হয়। জাপানের উত্তরাঞ্চলীয় আওমোরিতে ৩ ফেব্রুয়ারি তুষারের স্তর ১ দশমিক ৭ মিটারে পৌঁছায়, যা ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে অস্ট্রেলিয়ার রেনমার্কে ২৬ জানুয়ারি তাপমাত্রা ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা শহরটির ইতিহাসে সর্বোচ্চ। এসব ঘটনা বৈশ্বিক উষ্ণ পরিস্থিতির মধ্যেও অঞ্চলভেদে আবহাওয়ার চরম বৈপরীত্য তুলে ধরে।

গবেষণায় ভারত, ইরান, আফগানিস্তান ও উত্তর-পূর্ব চীনের কয়েকটি শহরে দিনের তাপমাত্রা তুলনামূলক কম বাড়তে দেখা গেছে। কিছু শহরে তাপমাত্রা হ্রাসের প্রবণতাও শনাক্ত হয়েছে। বিজ্ঞানীদের মতে, এর সম্ভাব্য কারণের মধ্যে রয়েছে বায়ুমণ্ডলে অ্যারোসলের ঘনত্ব বৃদ্ধি এবং উদ্ভিদ আচ্ছাদনের পরিবর্তন।

অ্যারোসল হলো বায়ুমণ্ডলে ভেসে থাকা ক্ষুদ্র কঠিন কণা বা তরল কণিকা। ধুলাবালি ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক উৎসের পাশাপাশি শিল্পকারখানার নির্গমন, যানবাহনের ধোঁয়া এবং জৈব পদার্থ পোড়ানোর ফলে এসব কণা তৈরি হয়। অ্যারোসল সূর্যালোকের প্রভাব কমিয়ে তাপমাত্রা হ্রাসে ভূমিকা রাখতে পারে। তবে এর স্বাস্থ্যঝুঁকিও রয়েছে; বিশেষ করে সূক্ষ্ম বস্তুকণা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলো মেঘ, বৃষ্টিপাত এবং আঞ্চলিক জলবায়ুর ধরনেও প্রভাব ফেলে।

তাপমাত্রা নিয়ন্ত্রণে উদ্ভিদও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছপালা ছায়া দেওয়ার পাশাপাশি বাষ্পমোচন বা ইভাপোট্রান্সপিরেশন প্রক্রিয়ায় জলীয় বাষ্প বাতাসে ছেড়ে দেয়। এ প্রক্রিয়ায় আশপাশের পরিবেশ থেকে তাপশক্তি ব্যবহৃত হয়, ফলে ভূপৃষ্ঠ ও সংলগ্ন বাতাস ঠান্ডা থাকে।

যুক্তরাষ্ট্রের জলবায়ু সংস্থা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) গত এক শতকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে উষ্ণ ও শীতল আবহাওয়ার বিভিন্ন পর্যায় রেকর্ড করেছে। সংস্থাটির মতে, অক্ষাংশ, ভূপ্রকৃতি এবং আটলান্টিক মহাসাগর ও মেক্সিকো উপসাগরের মতো বৃহৎ জলভাগের নৈকট্য তাপমাত্রার এই পরিবর্তনে ভূমিকা রেখেছে।

জলবায়ু গবেষকেরা ঘন মেঘ ও মাটির আর্দ্রতাকেও তাপমাত্রা কমার সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন। ঘন মেঘ ভূপৃষ্ঠে পৌঁছানো সূর্যালোকের পরিমাণ কমায়। অন্যদিকে আর্দ্র মাটিতে বাষ্পীভবনের হার বেশি থাকায় দিনের তাপমাত্রা তুলনামূলক কম থাকে।

এ ছাড়া এল নিনো, লা নিনা এবং অন্যান্য আবহাওয়াগত ঘটনাও আঞ্চলিক পরিস্থিতিতে পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন অঞ্চলের তাপমাত্রায় তারতম্য সৃষ্টি করে। তবে কয়েকটি অঞ্চলে শীতল হওয়ার প্রবণতা থাকলেও পৃথিবীর সামগ্রিক তাপমাত্রা বৃদ্ধির চিত্র বদলায়নি। বৈশ্বিক উষ্ণায়নের কারণে গড় তাপমাত্রা বাড়ছে। একই সঙ্গে সমুদ্রের বরফ কমে যাওয়া, সমুদ্রে তাপের পরিমাণ বৃদ্ধি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় বিশ্বের বিভিন্ন অঞ্চল হুমকির মুখে পড়ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা: বাহারছড়ায় আহত মাদি হাতির চিকিৎসা শুরু, সঙ্গী ছাড়েনি পুরুষ হাতি
আবহাওয়া ও পরিবেশ

উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা: বাহারছড়ায় আহত মাদি হাতির চিকিৎসা শুরু, সঙ্গী ছাড়েনি পুরুষ হাতি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে লোকালয়ে বন্য হাতির আনাগোনা বেড়েছে। টেকনাফের বাহারছড়ায় ডান পায়ে গুরুতর ক্ষত নিয়ে দুই দিন ধরে ঘুরে বেড়াচ্ছে একটি মাদ…

বিশ্বে প্রথমবার আইনি অধিকার পেল পেরুর আমাজনের হুলবিহীন মৌমাছি
আবহাওয়া ও পরিবেশ

বিশ্বে প্রথমবার আইনি অধিকার পেল পেরুর আমাজনের হুলবিহীন মৌমাছি

বিশ্বে প্রথমবারের মতো কোনো কীটপতঙ্গ আইনি অধিকার পেয়েছে। পেরুর আমাজন অঞ্চলের হুলবিহীন মৌমাছিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।…

আবহাওয়া ও পরিবেশ

আজ রাতে আকাশে লিওনিড উল্কাবৃষ্টির চূড়া, ঘণ্টায় দেখা যেতে পারে প্রায় ১৫টি উল্কা

বছরের দ্রুততম উল্কাগুলোর কয়েকটি ফিরে আসছে এ সপ্তাহে। লিওনিড উল্কাবৃষ্টি চূড়ায় পৌঁছাবে ১৭ ও ১৮ নভেম্বরের মধ্যবর্তী রাতে।…

ইতিহাসে সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড রপ্তানি করেছে রাশিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়া: বিশ্লেষণ
আবহাওয়া ও পরিবেশ

ইতিহাসে সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড রপ্তানি করেছে রাশিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়া: বিশ্লেষণ

১৮৫০ সাল থেকে জীবাশ্ম জ্বালানির রপ্তানি নিয়ে করা এক বিশ্লেষণে দেখা গেছে, ইতিহাসে সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড রপ্তানিকারক তিন দেশ রাশিয়া, সৌদি আর…