ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া সেতু, এক দিনে ১ হাজার ৩০০-র বেশি ড্রোন ছোড়ার দাবি রাশিয়ার
ইউক্রেন সোমবার ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে যুক্ত করা ক্রিমিয়া সেতু ক্ষতিগ্রস্ত করেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সোমবার ১ হাজার ৩০০-র বেশি ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার দিকে ছোড়া হয়েছে।
ক্রেমলিন-সমর্থিত স্থানীয় গভর্নর সের্গেই আকসিওনভ টেলিগ্রামে লিখেছেন, ‘শত্রু ক্রিমিয়া সেতুতে হামলা চালিয়েছে।’ তবে সেতুর ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাননি।
ক্রেমলিনপন্থী টেলিগ্রাম চ্যানেল ম্যাশ জানিয়েছে, একটি ইউক্রেনীয় ড্রোন সেতুর খিলানাকৃতির কাঠামোতে আঘাত হানার পর সেতুর কাছে যানজটে প্রায় ২ হাজার গাড়ি আটকা পড়ে। চ্যানেলটির ভাষ্য, ড্রোনটির সম্ভাব্য লক্ষ্য ছিল কাছের ক্রাসনোদারস্কি ক্রাই অঞ্চলের একটি তেল শোধনাগার। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অঞ্চলের ইলস্কি শহরে হামলায় ছয়জন আহত হয়েছেন।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এক বিবৃতিতে জানিয়েছেন, রোববার বিকেল ৫টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত প্রায় ৬০০ ড্রোন রাজধানী অঞ্চলের দিকে এসেছে। তিনি বলেন, বেশির ভাগ ড্রোন দূরবর্তী সীমান্ত এলাকাতেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে; মস্কোর কাছে ১৯১টি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে।
রোস্তভ অঞ্চলেও ড্রোন হামলা হয়েছে। সেখানে আজভ শহরের একটি তেল শোধনাগারে হামলায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার সন্ধ্যার ভাষণে বলেন, তাঁর দেশ এখন প্রায় প্রতিদিন ফল পাচ্ছে এবং রাশিয়ার তেল শোধন সক্ষমতার ৫৫ শতাংশের বেশি অকার্যকর করা হয়েছে। রাশিয়ার উত্তেজনা কমাতে অস্বীকৃতি এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলার ন্যায্য জবাব হিসেবে তিনি এটিকে বর্ণনা করেন।
অন্যদিকে রাশিয়াও রাতে ইউক্রেনে ১৫১টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে কিয়েভ জানিয়েছে; এর মধ্যে ১৩১টি ভূপাতিত করা হয়েছে। রুশ হামলায় জাপোরিঝিয়া ও দিনিপ্রোতে ক্ষয়ক্ষতি হয়েছে, ১০ জনের বেশি আহত ও একজন নিহত হয়েছেন। রুশ বাহিনী ওদেসা বন্দরে একটি টাগবোট ও অবকাঠামোতেও আঘাত হেনেছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের আরেক দফা ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ভেতরে জ্বালানি লক্ষ্যবস্তুতে হামলা না চালাতে ইউক্রেনের ওপর চাপ দিয়ে আসছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

