সত্যজিৎ রায়ের চার ছোটগল্প নিয়ে সন্দীপ রায়ের নতুন সিনেমা, থাকছেন সব্যসাচী ও শাশ্বত
সত্যজিৎ রায়ের লেখা চারটি ছোটগল্প অবলম্বনে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন তাঁর ছেলে ও নির্মাতা সন্দীপ রায়। গল্পকার হিসেবেও সত্যজিতের জনপ্রিয়তা বিস্তৃত—তাঁর লেখায় রহস্য, অদ্ভুতুড়ে ঘটনা ও মানবমনের জটিল দিক ফুটে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমাটিতে থাকবে সত্যজিৎ রায়ের ‘খগম’, ‘বাতিক বাবু’, ‘ভুতো’ ও ‘নীল আতঙ্ক’—এই চারটি ছোটগল্প। প্রতিটি গল্পের প্রেক্ষাপট, ঘটনা ও চরিত্র হবে সম্পূর্ণ আলাদা।
নন্দী মুভিজের ব্যানারে নির্মিতব্য সিনেমাটি প্রযোজনা করছেন প্রদীপ কুমার নন্দী।
অভিনয়শিল্পীদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ সব্যসাচী চক্রবর্তী ও শাশ্বত চ্যাটার্জি। সত্যজিৎ রায়ের সৃষ্টি ‘ফেলুদা’ সিরিজের বিভিন্ন চলচ্চিত্রে একসঙ্গে কাজ করে জনপ্রিয়তা পাওয়া এই দুজন আবার একই সিনেমায় হাজির হচ্ছেন।
তাঁদের পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শুভাশিস মুখার্জি, কৌশিক গাঙ্গুলী, ঋত্বিক চক্রবর্তী, সাহেব চ্যাটার্জি, সুপ্রিয় দত্ত ও কৌশিক ব্যানার্জি।
নতুন প্রকল্পটি প্রসঙ্গে সন্দীপ রায় জানিয়েছেন, বহুদিন ধরেই তাঁর ইচ্ছে ছিল বাবার ছোটগল্প নিয়ে আবার বড় পর্দায় কাজ করার। এর আগে তিনি ‘যেখানে ভূতের ভয়’ ও ‘চার’-এর মতো ছবি নির্মাণের পাশাপাশি টেলিভিশনের জন্যও বেশ কয়েকটি ছোটগল্প নিয়ে কাজ করেছিলেন।
মাঝখানে অনেকটা সময় এই ধাঁচে কাজ করা হয়নি। দীর্ঘদিনের সেই ইচ্ছা অবশেষে পূরণ হতে চলায় তিনি আনন্দিত বলে জানিয়েছেন সন্দীপ রায়।

