ওশোর চরিত্রে অভিনয় করতে চান নওয়াজউদ্দিন সিদ্দিকী, পরিচালনায় অনাগ্রহ স্পষ্ট করলেন
বাস্তব জীবনের বৈচিত্র্যময় চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য পরিচিত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এবার আধ্যাত্মিক গুরু ও দার্শনিক ওশোর চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন।
সম্প্রতি নিউজ১৮ আয়োজিত ‘রাইজিং ভারত সামিট নর্থ এডিশন’-এ অংশ নিয়ে তিনি নিজের অভিনয়ের ইচ্ছা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, বাস্তব জীবনের কোনো ব্যক্তিত্বের চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে কাকে বেছে নেবেন। উত্তরে এক মুহূর্ত না ভেবেই ওশোর নাম বলেন তিনি।
নওয়াজউদ্দিন বলেন, ‘ওশো। তার দর্শন, জীবনযাপন, ব্যক্তিত্ব ও দৃষ্টিভঙ্গি আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। এমন কোনো সুযোগ পেলে আমি অবশ্যই তার চরিত্রে অভিনয় করতে চাই।’
তার মতে, ওশোর চিন্তাভাবনা ও জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বেশ আকর্ষণীয়, আর এই চরিত্রে অভিনয় করতে পারলে তা হবে তার জন্য বিশেষ অভিজ্ঞতা।
ওশো ১৯৩১ সালের ১১ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশে চন্দ্রমোহন জৈন নামে জন্মগ্রহণ করেন, ভগবান শ্রী রজনীশ নামেও পরিচিত ছিলেন তিনি। আধ্যাত্মিকতা, ধ্যান, প্রেম, সম্পর্ক ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে তার বক্তব্য বিশ্বজুড়ে অনুসারীদের আকৃষ্ট করেছিল।
তিনি ১৯৭৪ সালে পুনেতে আশ্রম প্রতিষ্ঠা করেন। পরে যুক্তরাষ্ট্রের ওরেগনে তার অনুসারীরা গড়ে তোলেন বিতর্কিত রজনীশপুরম কমিউন। নানা আইনি জটিলতার পর ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হয়ে ভারতে ফিরে আসেন ওশো, ১৯৯০ সালের ১৯ জানুয়ারি পুনেতে মারা যান তিনি।
অনুষ্ঠানে ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালনায় আসার পরিকল্পনা আছে কি না জানতে চাওয়া হলে নওয়াজউদ্দিন স্পষ্ট করে বলেন, ‘না, পরিচালনা আমার জন্য নয়। পরিচালনার প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি অভিনেতা হয়েই থাকতে চাই।’
নওয়াজউদ্দিনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা আদিত্য কৃপালানী পরিচালিত ‘ম্যায় অ্যাক্টর নেহি হুঁ’, মুক্তি পায় ২০২৬ সালের ৮ মে।
সামনে ইশান শর্মার পরিচালনায় ‘কবুতর’ সিনেমায় পুরান দিল্লির এক পথ গোয়েন্দা মেহবুবের চরিত্রে দেখা যাবে তাকে। এ ছাড়া তিগমাংশু ধুলিয়ার ‘ওহ ফির কভি দিখা নেহি’ ও ‘ব্লাইন্ড বাবু’ এবং নির্মাণাধীন ‘তুম্বাড ২’ সিনেমাতেও রয়েছেন তিনি।

