আয়ারল্যান্ডে বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’।
উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়ে সেরা পরিচালনার স্বীকৃতিস্বরূপ ‘বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার’ পেয়েছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তাঁর পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
গত ৯ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে উৎসবটির ১৪তম আসর অনুষ্ঠিত হয়। সমাপনী দিন ১৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
ইশতিয়াক আহমেদ জিহাদের নিজস্ব চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই সিনেমার গল্পে গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষার কথা তুলে ধরা হয়েছে।
গল্পে উঠে এসেছে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার এবং সামাজিক নানা বিধিনিষেধের বাস্তবতা। নারীদের জীবনের এই নীরব সংগ্রাম ও বাস্তবমুখী চিত্রায়ণ আন্তর্জাতিক জুরি বোর্ডের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান ‘মনপাচিত্র’ এবং জার্মানির ‘মোগাদর ফিল্ম’। সিনেমাটির মূল প্রযোজক মনোজ প্রামাণিক এবং সহযোগী প্রযোজক হিসেবে কাজ করেছেন ক্রিস্টোফ থোকে।
এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানি।
আন্তর্জাতিক অঙ্গনে ‘সাঁকোটা দুলছে’ সিনেমাটির যাত্রা শুরু হয় চলতি বছর সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের মধ্য দিয়ে। সেখানে এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল।
সাংহাইয়ের পর থেকে সিনেমাটি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশগ্রহণ করে আসছে। আয়ারল্যান্ডের এই সম্মাননাসহ এখন পর্যন্ত সিনেমাটি মোট তিনটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।

