…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

কক্সবাজারে বাসি খাবার ও ভেজাল ঘিতে চার প্রতিষ্ঠানকে ১৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে বাসি খাবার ও ভেজাল ঘিতে চার প্রতিষ্ঠানকে ১৭ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার পরিবেশন ও ভেজাল ঘি উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কক্সবাজার শহরের চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানগুলো হলো কাসুন্দি রেস্তোরাঁ, জামান হোটেল, স্বপ্ন সুপার শপ ও চৌরঙ্গী বেকারি।

গত শনিবার কক্সবাজার শহরের লাবণী এলাকার কাসুন্দি রেস্তোরাঁ ও ঝাউতলার জামান হোটেলে অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর ও বাসি খাবার পরিবেশনের দায়ে প্রতিষ্ঠান দুটিকে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়।

স্বপ্ন সুপার শপে বিভিন্ন অনিয়ম পাওয়ায় সেটিকেও তিন লাখ টাকা জরিমানা করা হয়। আর চৌরঙ্গী বেকারিতে আট ধরনের অনিয়ম পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত আট লাখ টাকা জরিমানা করেন। সব মিলিয়ে চার প্রতিষ্ঠানের জরিমানার অঙ্ক দাঁড়ায় ১৭ লাখ টাকা।

চৌরঙ্গী বেকারির অনিয়মের মধ্যে ছিল খাদ্য উৎপাদনস্থলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার, লেবেলবিহীন ভেজাল ঘি উৎপাদন এবং ময়লা কাপড় দিয়ে ঢেকে দই তৈরি করা।

অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক এস এম গিয়াস উদ্দিন। চৌরঙ্গী বেকারি ও কাসুন্দি রেস্তোরাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর কক্সবাজার জেলা রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে সড়ক অবরোধসহ আন্দোলনের হুমকি দেওয়া হয়। অন্যদিকে শহরের নাগরিক সমাজ ও পরিবেশবাদীরা বলছেন, পর্যটন শহরের ভাবমূর্তি রক্ষা এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

কক্সবাজার জেলা রেস্তোরাঁ মালিক সমিতি ও প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার শহর ও মেরিন ড্রাইভ এলাকায় অন্তত ৮০০টি রেস্তোরাঁ রয়েছে। এসব রেস্তোরাঁ ও হোটেলের বেশির ভাগই পর্যটকনির্ভর। হোটেল-রেস্তোরাঁয় অতিরিক্ত দাম আদায় ও মানহীন খাবার বিক্রির অভিযোগ প্রায়ই ওঠে।

স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অভিযোগ, শহরের অনেক রেস্তোরাঁয় খাবারের দাম নির্ধারণে কোনো স্বচ্ছতা নেই। একই ধরনের খাবারের দাম একেক রেস্তোরাঁয় একেক রকম। অনেক ক্ষেত্রে খাবারের তালিকায় উল্লেখ করা দামের সঙ্গে বিলের অঙ্কের মিল থাকে না। পর্যটকদের কাছ থেকে তুলনামূলক বেশি দাম আদায়ের অভিযোগও রয়েছে।

কক্সবাজার জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল বলেন, ‘অনিয়মের বিরুদ্ধে প্রশাসন অভিযান চালাচ্ছে, তাতে আপত্তি নেই। কিন্তু বিশাল অঙ্কের জরিমানা করায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ছেন।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, ‘নামকরা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও খাদ্যে ভেজালের অভিযোগ উঠেছে, যা পর্যটন শহরের জন্য অত্যন্ত দুঃখজনক।’

কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, ‘কক্সবাজার শহরের চৌরঙ্গী বেকারি একটি প্রাচীন প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে যেসব অনিয়ম ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উঠে এসেছে, তা হতাশাজনক।’ নিয়মিত তদারকির মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য জানান, কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বিভিন্ন খাদ্য পরিবেশন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান পরিদর্শন করে নানা অসংগতি পাওয়া যায়। ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ বলেন, ভেজাল খাবার ও অতিরিক্ত দাম আদায়ের বিরুদ্ধে জেলা প্রশাসন এবং অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভোক্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৪৮ শতাংশ পদ শূন্য, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৪৮ শতাংশ পদ শূন্য, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের প্রায় অর্ধেক পদই শূন্য রয়েছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসকের মোট ১৩ হাজার ৩৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছ…

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, চলতি বছর মোট মৃত্যু ১ হাজার ৩২৩
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, চলতি বছর মোট মৃত্যু ১ হাজার ৩২৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।…

অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমারে ভিন্নতা পেলেন গবেষকেরা, ব্যক্তিগত চিকিৎসার পথ খুঁজছেন
স্বাস্থ্য

অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমারে ভিন্নতা পেলেন গবেষকেরা, ব্যক্তিগত চিকিৎসার পথ খুঁজছেন

যুক্তরাষ্ট্রের সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমারে এমন কিছু ভিন্নতা পাওয়া গেছে, যা থেকে বোঝা যেতে পারে কেন এই ক্যা…

ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ স্থাপনের মঞ্জুরি দিল জনপ্রশাসন মন্ত্রণালয়
স্বাস্থ্য

ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ স্থাপনের মঞ্জুরি দিল জনপ্রশাসন মন্ত্রণালয়

রাজধানীর ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ নামে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে কলেজটি …