…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ফরিদগঞ্জে চিকিৎসা নিতে যাওয়া নারীর শ্লীলতাহানির অভিযোগ দাঁতের চিকিৎসকের বিরুদ্ধে, চেম্বার বন্ধ

নিজস্ব প্রতিবেদক
ফরিদগঞ্জে চিকিৎসা নিতে যাওয়া নারীর শ্লীলতাহানির অভিযোগ দাঁতের চিকিৎসকের বিরুদ্ধে, চেম্বার বন্ধ
ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে এক নারী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার রূপসা বাজারের ডিজিটাল ডেন্টাল কেয়ারের ডিপ্লোমা চিকিৎসক এইচ এম এ আলী আকবর রনির বিরুদ্ধে অভিযোগটি করা হয়েছে।

ঘটনাটি ঘটে গতকাল রোববার দুপুরে। তবে লিখিত অভিযোগ না দেওয়ায় এ ঘটনায় মামলা হয়নি। অভিযুক্ত রনি রূপসা (উত্তর) ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

ভুক্তভোগী নারীর অভিযোগ, দাঁতে ক্যাপ লাগানোর জন্য তিনি আলী আকবর রনির কাছে যান। চেম্বারে একা পেয়ে চিকিৎসক তাঁকে যৌন হয়রানি করেন।

ভুক্তভোগী নারী বলেন, প্রতিবাদ করলে চিকিৎসক তাঁর হাত চেপে ধরেন। পরে তাঁকে ধাক্কা দিয়ে তিনি চেম্বার থেকে বের হয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের বিষয়টি জানান।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলে অভিযুক্তের পক্ষে দলীয় লোকজন তাঁর বাবার সঙ্গে কথা বলেছেন।

ভুক্তভোগী নারীর পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর অভিযোগ ও স্থানীয়দের বক্তব্য শোনে। আজ সোমবার বিকেল ৪টা পর্যন্ত অভিযুক্ত চিকিৎসকের চেম্বার বন্ধ পাওয়া গেছে।

ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক নুরুল আলম বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সামনে ওই নারী জানান, দাঁতের চিকিৎসা নিতে আলী আকবর রনির চেম্বারে যাওয়ার পর চিকিৎসার একপর্যায়ে তাঁর শ্লীলতাহানি করা হয়। এ কারণে তিনি ৯৯৯-এ কল দেন।

নুরুল আলম আরও বলেন, চেম্বারে গিয়ে আলী আকবর রনিকে পাওয়া যায়নি। তিনি আত্মগোপনে চলে গেছেন বলে পুলিশ জানতে পেরেছে। ভুক্তভোগী নারীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হলেও তিনি তাৎক্ষণিকভাবে অভিযোগ দেননি।

রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম বলেন, ঘটনার পর ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে তাঁকে রনির চেম্বারে যেতে বলা হয়। সেখানে যাওয়ার পর চিকিৎসকের সামনেই ওই নারী তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন এবং ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। ওই সময় নারীর ভাইও উপস্থিত ছিলেন।

আজিম বলেন, অভিযোগের জবাবে চিকিৎসক বলেন, ‘চিকিৎসার সময় হাত লাগতে পারে।’ পরে তিনি ওই নারীকে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়ে সেখান থেকে চলে যান। এরপর ওই নারী ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

অভিযুক্ত আলী আকবর রনিকে তাঁর চেম্বারে পাওয়া যায়নি। বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি বলেন, আলী আকবর রনির বিরুদ্ধে এর আগেও কয়েকটি অভিযোগ উঠেছে। তবে কেউ থানায় অভিযোগ করেননি। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগে ঘটনার তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ভুক্তভোগী নারী পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন। তবে কী কারণে তিনি লিখিত অভিযোগ দিতে চাননি, তা পুলিশ জানে না। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৪৮ শতাংশ পদ শূন্য, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৪৮ শতাংশ পদ শূন্য, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের প্রায় অর্ধেক পদই শূন্য রয়েছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসকের মোট ১৩ হাজার ৩৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছ…

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, চলতি বছর মোট মৃত্যু ১ হাজার ৩২৩
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, চলতি বছর মোট মৃত্যু ১ হাজার ৩২৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।…

অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমারে ভিন্নতা পেলেন গবেষকেরা, ব্যক্তিগত চিকিৎসার পথ খুঁজছেন
স্বাস্থ্য

অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমারে ভিন্নতা পেলেন গবেষকেরা, ব্যক্তিগত চিকিৎসার পথ খুঁজছেন

যুক্তরাষ্ট্রের সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমারে এমন কিছু ভিন্নতা পাওয়া গেছে, যা থেকে বোঝা যেতে পারে কেন এই ক্যা…

ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ স্থাপনের মঞ্জুরি দিল জনপ্রশাসন মন্ত্রণালয়
স্বাস্থ্য

ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ স্থাপনের মঞ্জুরি দিল জনপ্রশাসন মন্ত্রণালয়

রাজধানীর ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ নামে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে কলেজটি …