ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা: সাতক্ষীরায় পাঁচ স্থানে সতর্কতামূলক গুলি, আটক ৮

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ঠেকাতেই এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এভাবে কারও প্রবেশের তথ্য দিলে পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানানো হয়েছে।
এর সর্বশেষ চিত্র দেখা গেছে সাতক্ষীরা সীমান্তে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে এবং দিন ও রাতে সীমান্তবর্তী এলাকায় টহলের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর দিবাগত রাতে সীমান্তের পাঁচটি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে কয়েক রাউন্ড সতর্কতামূলক গুলি ছোড়া হয়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মানব পাচারে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করে টহল দল। সীমান্তে নজরদারি বাড়াতে থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সিসি ক্যামেরা ও সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়নের সব সদস্য ও সীমান্ত ফাঁড়ির (বিওপি) জনবলকে প্রস্তুত রাখা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকেই গত কয়েক দিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলসহ নানা ধরনের ঘটনা ঘটছে।
এরই মধ্যে গোপালগঞ্জে গত দুই দিন ধরে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিক্ষোভ-সহিংসতার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও সরিয়ে দিয়েছে সরকার। সেখানে পরিস্থিতি সামলাতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
সম্প্রতি সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকার সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে নিজের এলাকায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন—এমন খবর প্রকাশের পর সীমান্ত এলাকাগুলোতে বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি জোরদার করতে নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শকও (আইজিপি)।
সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করলে তার আগে বা সেই সময় ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের বিপুল নেতা-কর্মী বাংলাদেশে ফিরে আসতে পারেন। তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। সেই পরিস্থিতি সামলাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা বলছে পুলিশ ও বিজিবি।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। সেই সময় থেকে দলটির অনেক নেতা-কর্মীই বর্তমানে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। সেখানে তাদের বৈঠক করার একাধিক খবর প্রকাশ হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে। সম্প্রতি শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফিরবেন বলে ঘোষণা দেওয়ার পর থেকে দেশের ভেতরে থাকা কার্যক্রম নিষিদ্ধঘোষিত এই দলটির নেতা-কর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন এবং এরই অংশ হিসেবে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও গোপন বৈঠকসহ নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
বিজিবির দুই জেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিসেম্বরকে ঘিরে সীমান্ত পেরিয়ে দেশে অবৈধ প্রবেশের চেষ্টা ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন, কেউ এভাবে প্রবেশ করলে কোনো সাধারণ নাগরিক যদি তার তথ্য বিজিবিকে দেন, তাহলে তাঁকে পুরস্কৃত করা হবে এবং তাঁর তথ্য গোপন রাখা হবে।
যশোর বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে গোপালগঞ্জে এই দলটির কার্যক্রম। নাশকতা সৃষ্টি করতেছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করতেছে এবং আমরা মানে যতটুক জানি যে ইন্ধন জোগাচ্ছে ওই নেতারাই দেশের বাইরে থেকে। স্বাভাবিকভাবেই যদি তারা আসার চেষ্টা করে তো দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।’ এ কারণেই ‘অনুপ্রবেশ’ করে কেউ যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, তাই বিজিবি তৎপর রয়েছে বলে তিনি জানান।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা তো বাংলাদেশেরই নাগরিক—তাদের নিজ দেশে ফিরে আসার ক্ষেত্রে আপত্তি কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের পূর্বপ্রস্তুতি বা সুপ্রস্তুতি হিসেবে আমরা তারা যেন অবৈধভাবে দেশে না আসতে পারে। সীমানা পেরিয়ে যে কোনো আমি আপনিও যদি সীমানা পেরিয়ে অন্য দেশে যাই সেটা আমার জন্য অবৈধ, সবার জন্য অবৈধ। সেই অবৈধ ক্রসপাসিং তো কখনোই আমরা অ্যালাউ করতে পারি না।’
কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে যশোর ও সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করছেন বিজিবি কর্মকর্তারা। মি. খান জানান, অবৈধ প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন, বিশেষ টহল ও রোড ব্লকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সীমান্তে নাইট ভিশন, থার্মাল ক্যামেরা আমরা ব্যবহার করছি। লেজার রেঞ্জ ফাইন্ডার দিয়ে আমরা চেষ্টা করছি। সার্চ লাইট যেসব জায়গাকে আমরা ঝুঁকিপূর্ণ জায়গা মনে করছি সেখানে আমরা সার্চ লাইট দিয়ে সেখানে আলোকিত করা দরকার, ঝুঁকিপূর্ণ এলাকাকে শনাক্ত করে সেখানে সার্চলাইটের ব্যবস্থা করছি।’
অন্যদিকে ৩৩ বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, তাঁর দায়িত্বের সীমান্ত এলাকায় বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে। কেউ সীমান্ত দিয়ে প্রবেশ করলে তাঁকে গ্রেপ্তার করা হবে নাকি পুশ ব্যাক করা হবে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘বৈধ পাসপোর্টধারী যাত্রীদের নির্ধারিত ইমিগ্রেশন চ্যানেলের মাধ্যমে যাতায়াতের সুযোগ রয়েছে। অন্যদিকে, যেকোনো ধরনের অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রেখেছে।’ এ ধরনের ক্ষেত্রে সাধারণত কাউকে আটকের পর স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি এবং এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে ডিসেম্বরকে ঘিরে পুলিশ বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে, যাতে দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে না পারে। পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের এআইজি কামারুম মুনিরা জানান, ডিসেম্বর মাসে বিজয় দিবস, বড়দিনসহ নানা অনুষ্ঠান আয়োজন হয়। এসব মাথায় রেখেই ডিসেম্বরকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে পুলিশ। এর মধ্যে রয়েছে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুততম সময়ে সাড়া দেওয়া।
কামারুম মুনিরা বলেন, ‘নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দল যাতে কোন ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর কোন ধরনের সুযোগ দেওয়া হবে না। কেউ নাশকতা সৃষ্টির অপচেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।’




