ইংল্যান্ডে পতাকা অভিযানের পাল্টায় গড়ে উঠছে তৃণমূল বর্ণবাদবিরোধী সংগঠন, বলছে নতুন গবেষণা

ইংল্যান্ডে পতাকা প্রদর্শনের অভিযান ও উগ্র ডানপন্থী ভীতি প্রদর্শনের পাল্টায় গত ১২ মাসে দেশজুড়ে তৃণমূল পর্যায়ে বর্ণবাদবিরোধী সংগঠন গড়ে উঠেছে বলে এক গবেষণায় উঠে এসেছে।
ইনস্টিটিউট অব রেস রিলেশনস (আইআরআর) বলছে, সেন্ট জর্জের ক্রস ও ইউনিয়ন জ্যাক পতাকার ব্যাপক প্রদর্শনের পাশাপাশি বর্ণবাদী গালাগাল ও সহিংসতা ঘটেছে। স্কুল, মসজিদ ও কেয়ার হোমের বাইরে ইচ্ছাকৃতভাবে পতাকা লাগানো হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, এই পতাকা অভিযান উগ্র ডানপন্থী সতর্কতাবাদী তৎপরতার জন্য লোক সংগ্রহের ক্ষেত্র হিসেবেও কাজ করতে পারে। স্থানীয় গোষ্ঠীগুলোর সঙ্গে আরও জঙ্গি অভিবাসীবিরোধী নেটওয়ার্কের যোগসূত্রের দিকে ইঙ্গিত করা হয়েছে।
তবে প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযান সাধারণ বাসিন্দাদেরও পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করেছে। অক্সফোর্ডে কোয়েকাররা পতাকা নামানোর জন্য নিজেদের তৈরি সরঞ্জাম বানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম লন্ডনে সামাজিক গোষ্ঠীগুলো বর্ণবাদী ঘটনা নথিভুক্ত করছে এবং নটিংহামে সংহতি কেন্দ্র গড়ে উঠেছে।
প্রতিবেদনের লেখক সোফিয়া সিদ্দিকি বলেছেন, যাঁরা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন, তাঁদের রাগ ও হতাশা দেখে তিনি বিস্মিত হয়েছেন। তিনি বলেন, ৭৫ বছর বয়সী এক ব্যক্তি, যিনি আগে কখনো আন্দোলনকর্মী ছিলেন না, চারপাশে যা ঘটছে দেখে রাত ২টায় সাইকেলে চড়ে পতাকা নামাতে শুরু করেছিলেন।
সিদ্দিকি বলেন, কিছু এলাকায় এই অভিযান উল্টো ফল দিয়েছে। যেখানেই পতাকা উঠেছে, সেখানেই সামাজিক প্রতিরোধ তৈরি হয়েছে, যা মানুষকে আরও কাছাকাছি এনেছে।
গত বছর ইংল্যান্ডজুড়ে সেন্ট জর্জের ক্রস ও ইউনিয়ন জ্যাক পতাকা দেখা যায়। আয়োজকেরা এটিকে দেশপ্রেম হিসেবে বর্ণনা করলেও সমালোচকেরা এটিকে বর্ণবাদী ভীতি ও হয়রানির সঙ্গে যুক্ত করেছেন।
এই উদ্যোগগুলোর একটি, রেইজ দ্য কালার্সের সহপ্রতিষ্ঠাতা রায়ান ব্রিজের বিরুদ্ধে চলতি বছরের শুরুতে বর্ণবাদী হয়রানি ও হামলাসহ ১৪টি অভিযোগ আনা হয়। চলতি মাসের শুরুতে ব্রিজ সব অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন।
‘অ্যান্টি-ফ্যাসিজম ফ্রম বিলো: রেজিস্ট্যান্স টু ফার-রাইট ফ্ল্যাগ ক্যাম্পেইনস’ শিরোনামের প্রতিবেদনটি অক্সফোর্ড, বার্মিংহাম, লন্ডন, নটিংহাম ও ওরচেস্টারশায়ারের সামাজিক সংগঠকদের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি।
সিদ্দিকি বলেন, পতাকা অভিযানের পাশাপাশি স্কুলশিশুদের বিরুদ্ধে বর্ণবাদী গালাগাল, ইসলামবিদ্বেষী হয়রানি ও বর্ণবাদী গ্রাফিতি ঘটেছে। বহুসংস্কৃতির এলাকায় স্কুল, কেয়ার হোম ও উপাসনালয়ের বাইরে পতাকা লাগানোয় ভীতির পরিবেশ তৈরি হয়েছে।
অক্সফোর্ডে কোয়েকার সম্প্রদায়ের সদস্যরা এতটাই উদ্বিগ্ন হন যে তাঁরা পতাকা নামানোর নিজস্ব পদ্ধতি বানান। আসল নাম প্রকাশে অনিচ্ছুক অক্সফোর্ড কোয়েকারদের মুখপাত্র জর্জ বলেন, বাসিন্দারা মনে করেছিলেন, পতাকাগুলো শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের স্বাগত জানানোর দীর্ঘ ইতিহাস থাকা একটি শহর সম্পর্কে ভুল ধারণা দিচ্ছে।
প্রথমে কাউন্সিল শুধু বিপজ্জনক মনে করা পতাকাগুলোই সরাচ্ছিল এবং পতাকা নামাতে যাওয়া কাউন্সিল কর্মীরা গালাগাল ও ভীতির মুখে পড়ছিলেন বলে জানা গেছে। এরপর কোয়েকাররা আট মিটার লম্বা কাঠের খুঁটির সঙ্গে ব্লেড লাগিয়ে পতাকা কাটার সরঞ্জাম তৈরি করেন।
দক্ষিণ-পশ্চিম লন্ডনে মার্টন অ্যাগেইনস্ট রেসিজমের সহপ্রতিষ্ঠাতা সাকিব দেশমুখ কলিয়ার্স উডে তাঁর নিয়মিত দৌড়ের পথে পতাকা দেখে সেগুলো নথিভুক্ত করতে শুরু করেন। তিনি একটি স্প্রেডশিটে পতাকা ও আঁকা ক্রসের হিসাব রাখেন এবং কাউন্সিলে করা অভিযোগের সঙ্গে তা মিলিয়ে দেখেন। তাঁর দল প্রায় ৫০টি ঘটনা নথিভুক্ত করেছে।
দেশমুখ বলেন, পতাকা ওঠা সড়কগুলোতে কৃষ্ণাঙ্গ ও এশীয় বাসিন্দাদের বিরুদ্ধে বর্ণবাদী গালাগালের অভিযোগও এসেছে, যার মধ্যে স্কুল, নার্সারি ও অভিবাসী কর্মীদের কাজ করা একটি কেয়ার হোমের কাছের এলাকাও রয়েছে। কাউন্সিলরদের কাছে দাবি জানানো, সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ ও কাউন্সিল সভায় উদ্বেগ তোলার পরও অনেক পতাকা আবহাওয়া খারাপ হওয়ার আগে পর্যন্ত থেকে যায় বলে তিনি বলেন।
নটিংহামে সংগঠকেরা ভিন্ন পথ নিয়েছেন। হাইসন গ্রিনে একটি সংহতি কেন্দ্র গড়ে তোলা হয়েছে, যেখানে খাবার, আইনি পরামর্শ, শিল্পকর্মশালা এবং বিভিন্ন পটভূমির মানুষের মেলামেশার জায়গা রয়েছে। এই উদ্যোগের সঙ্গে যুক্ত জগদীশ প্যাটেল বলেন, মানুষকে খাওয়ানোর মধ্য দিয়ে বিভিন্ন পটভূমির মানুষ একত্র হন।
গত বছর ওরচেস্টারে পাল্টা বিক্ষোভকারীরা ওরচেস্টার প্যাট্রিয়টসের একটি সমাবেশে সংখ্যায় অনেক বেশি ছিলেন, বার্মিংহামের বাসিন্দারা শহরজুড়ে সংহতি পোস্টার অভিযান শুরু করেন। অক্সফোর্ডে সামাজিক চাপে বাতির খুঁটিতে অননুমোদিত পতাকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আদায় হয় এবং বার্মিংহামও একই ধরনের পদক্ষেপ নিচ্ছে।
তবে উগ্র ডানপন্থী তৎপরতাকে চ্যালেঞ্জ করা ঝুঁকিও বয়ে এনেছে। প্যাটেল বলেন, আশ্রয়প্রার্থীদের প্রতি সহানুভূতি প্রকাশ করায় শ্বেতাঙ্গ নারীদের হয়রানির ঘটনা ঘটেছে। প্রতিবেদনে আন্দোলনকর্মীদের হুমকি, ভীতি ও অনলাইনে ব্যক্তিগত তথ্য প্রকাশের ঘটনাও নথিভুক্ত করা হয়েছে।
আইআরআর সতর্ক করেছে, পতাকা অভিযান আরও জঙ্গি উগ্র ডানপন্থী সতর্কতাবাদে লোক টানার পথ তৈরি করে থাকতে পারে। সিদ্দিকি সেপ্টেম্বরে কেন্ট ও পোর্টসমাউথ বন্দরে মুখোশ পরা লোকজনকে সংগঠিত করা প্যাট্রিয়টিক প্ল্যাটফর্মের উত্থানের দিকে ইঙ্গিত করেন।
সিদ্দিকি বলেন, শেষ পর্যন্ত গবেষণাটি তাঁকে সাধারণ মানুষের উগ্র ডানপন্থাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা নিয়ে আশাবাদী করেছে। স্থানীয়ভাবে সম্পর্ক গড়ে তোলা, মানুষের সঙ্গে কথা বলা ও কঠিন আলোচনায় যাওয়ার গুরুত্বই তাঁর কাছে সবচেয়ে বেশি উঠে এসেছে।


