বিশ্বজুড়ে আউটলুক বিভ্রাটের তিন কারণ জানাল মাইক্রোসফট, ক্ষমা চাইলেন নির্বাহী

গত সপ্তাহে বিশ্বজুড়ে আউটলুক বিভ্রাটের জন্য ক্ষমা চেয়েছে মাইক্রোসফট এবং সমস্যার প্রধান কারণগুলো চিহ্নিত করেছে। দুই কর্মদিবসজুড়ে চলা এই বিভ্রাটে বিশ্বের নানা প্রান্তের ব্যবহারকারীরা ইমেল সেবা ব্যবহারে ভোগান্তিতে পড়েন।
সোমবার সকালে সামাজিক মাধ্যমে দেওয়া দীর্ঘ এক পোস্টে মাইক্রোসফটের নির্বাহী চার্লস লামান্না বলেন, একটি ‘সুপ্ত ত্রুটি’, বেড়ে যাওয়া লোড এবং সার্ভারের সক্ষমতা কমে যাওয়া—এই তিনটি বিষয় একসঙ্গে মিলে বিভ্রাটের ধারাবাহিক পরিস্থিতি তৈরি করে।
লামান্না মাইক্রোসফটের কোপাইলট, এজেন্টস ও প্ল্যাটফর্ম বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। তিনি লিখেছেন, ‘একটি সুপ্ত ত্রুটির কারণে নির্দিষ্ট লোড পরিস্থিতিতে সার্ভারগুলো অতিরিক্ত চাপে পড়ে এবং সাড়া দেওয়া বন্ধ করে দেয়।’ তাঁর ভাষায়, ত্রুটিটি এসেছিল মাইক্রোসফট ৩৬৫ নেটওয়ার্কিং গেটওয়ে সার্ভারের জন্য বিশেষভাবে তৈরি একটি সংশোধনী থেকে।
দ্বিতীয় কারণ হিসেবে নেটওয়ার্কিং গেটওয়েতে ‘লোডের হঠাৎ বৃদ্ধি’র কথা উল্লেখ করেন লামান্না। তৃতীয় প্রধান কারণ হিসেবে তিনি সার্ভারের সক্ষমতা কমে যাওয়ার কথা বলেন, যদিও তাঁর ভাষায়, এই হ্রাস ‘এককভাবে কোনো প্রভাব ফেলেনি’।
তিনি লিখেছেন, ‘বেড়ে যাওয়া লোড ও কমে যাওয়া সার্ভার সক্ষমতা একসঙ্গে জুলাইয়ের সেই সুপ্ত ত্রুটিকে সক্রিয় করে তোলে। এর ফলে অনুরোধ জমতে থাকে, যতক্ষণ না সার্ভারগুলো শেষ পর্যন্ত সাড়া দেওয়া বন্ধ করে দেয়। ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রে ট্রাফিকের সর্বোচ্চ সময়ে।’
বিভ্রাটের সময় বিভিন্ন শিল্পখাতে যোগাযোগ ব্যাহত হওয়ার খবর পাওয়া যায়। ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, স্কুল ও স্বাস্থ্যসেবা প্রদানকারীরা যোগাযোগে বিঘ্নের মুখে পড়েন বলে জানানো হয়।
বিভ্রাট থেকে সেরে উঠতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগার কারণও ব্যাখ্যা করেন লামান্না। তিনি বলেন, ‘সেরে উঠতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছে, কারণ সার্ভারগুলো সেবায় ফিরলেই অপেক্ষমাণ ট্রাফিকের চাপে আবার অতিরিক্ত ভারী হয়ে সাড়া দেওয়া বন্ধ করে দিচ্ছিল।’
পোস্টে লামান্না লিখেছেন, ‘সব গ্রাহকের ওপর এই প্রভাবের জন্য আমরা গভীরভাবে দুঃখিত এবং বুঝতে পারছি, এটি তাঁদের স্বাভাবিক ব্যবসা ও কার্যক্রমের ওপর কী প্রভাব ফেলে।’



