মেহেরপুরের গাংনী হাসপাতালে দুদকের অভিযান, দরপত্রের নথি সংগ্রহ ও রোগীদের বক্তব্য শুনলেন কর্মকর্তারা

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চিকিৎসাসেবায় হয়রানি, দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম এবং নিম্নমানের ও অসম্পূর্ণ চিকিৎসাসামগ্রী সরবরাহের অভিযোগ তদন্তে সোমবার দুপুরে এই অভিযান চালানো হয়।
দুদকের কুষ্টিয়া জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম অভিযানটি পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ।
দুদক সূত্রে জানা গেছে, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসাসেবা দিতে হয়রানির অভিযোগ রয়েছে। একই সঙ্গে ই-জিপি টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও রয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
অভিযোগের আরেকটি অংশ হলো, নিম্নমানের ও অসম্পূর্ণ চিকিৎসাসামগ্রী সরবরাহ করেও শতভাগ বিল উত্তোলন করা হয়েছে। এই অভিযোগগুলো তদন্ত করতেই এনফোর্সমেন্ট টিম হাসপাতালে যায়।
অভিযানকালে টিমের সদস্যরা অভিযোগসংশ্লিষ্ট দরপত্র প্রক্রিয়ার বিভিন্ন তথ্য ও নথিপত্র সংগ্রহ করেন। হাসপাতালের দরপত্রসংক্রান্ত কাগজপত্র তাঁরা সঙ্গে নিয়ে যান পর্যালোচনার জন্য।
টিমের সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা নিতে গিয়ে তাঁরা কোনো হয়রানি বা অনিয়মের শিকার হচ্ছেন কি না, তা জানতে চাওয়া হয়।
রোগীদের কাছে হাসপাতালে দালালের দৌরাত্ম্য রয়েছে কি না এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তাঁরা পাচ্ছেন কি না, সেসব বিষয়েও বক্তব্য শোনেন দুদকের কর্মকর্তারা।
এ ছাড়া হাসপাতালের রান্নাঘর, রোগীদের জন্য তৈরি খাবারের মান, পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সরেজমিনে পরিদর্শন করেন টিমের সদস্যরা।
দুদকের সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ বলেন, অভিযানে সংগ্রহ করা নথিপত্র ও পাওয়া তথ্য বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। পরে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।




