…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল, প্রায় ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের প্রক্রিয়া চলছে: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর করতে প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানান। সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের ৭১ বিধির আওতায় উত্থাপিত জনস্বার্থসংশ্লিষ্ট জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সবার জন্য স্বাস্থ্যনীতি বাস্তবায়নের আলোকে সরকারের লক্ষ্য হচ্ছে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা দিতে সরকার কাজ করছে। অতীতে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার একটি দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।

চিকিৎসকের শূন্য পদ পূরণের হিসাব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ৪৬তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে। তিনটি বিসিএস মিলিয়ে এই সংখ্যা তিন হাজার ৬৬৩ জন।

নার্স সংকট নিরসনে সিনিয়র স্টাফ নার্সের শূন্য পদ পূরণের কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি। ৮২৮টি পদে সরাসরি নিয়োগের জন্য গত ২৮ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া এক হাজার ৫৬৬টি শূন্য পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে এবং আরও এক হাজার ৭৭৫টি পদে নিয়োগের প্রস্তাব নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে পাঠানো হয়েছে।

মিডওয়াইফ পদে ৫৫৮ জনের নিয়োগের সুপারিশ করা হয়েছে এবং তাদের পুলিশ ভেরিফিকেশন চলছে বলে জানান প্রতিমন্ত্রী। এ ছাড়া আরও এক হাজার ২৫৬টি মিডওয়াইফ পদে নিয়োগের জন্য পিএসসিতে প্রস্তাব পাঠানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণ নয়, প্রয়োজনীয় জনবল নিশ্চিত করাও জরুরি। এ লক্ষ্যে উপজেলা হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি। এ-সংক্রান্ত প্রকল্পটি বর্তমানে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। ডিপিপি অনুমোদিত হলে নবগঠিত মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজও শুরু হবে।

কামরুজ্জামান কামরুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থাও রাখা হচ্ছে, যাতে তারা নিরাপদ পরিবেশে থেকে দায়িত্ব পালন করতে পারেন। চিকিৎসকদের স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা ও মানসম্মত জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাও সরকারের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের জনবল সংকট পূরণে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৪৮ শতাংশ পদ শূন্য, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৪৮ শতাংশ পদ শূন্য, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের প্রায় অর্ধেক পদই শূন্য রয়েছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসকের মোট ১৩ হাজার ৩৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছ…

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, চলতি বছর মোট মৃত্যু ১ হাজার ৩২৩
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, চলতি বছর মোট মৃত্যু ১ হাজার ৩২৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।…

অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমারে ভিন্নতা পেলেন গবেষকেরা, ব্যক্তিগত চিকিৎসার পথ খুঁজছেন
স্বাস্থ্য

অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমারে ভিন্নতা পেলেন গবেষকেরা, ব্যক্তিগত চিকিৎসার পথ খুঁজছেন

যুক্তরাষ্ট্রের সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমারে এমন কিছু ভিন্নতা পাওয়া গেছে, যা থেকে বোঝা যেতে পারে কেন এই ক্যা…

ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ স্থাপনের মঞ্জুরি দিল জনপ্রশাসন মন্ত্রণালয়
স্বাস্থ্য

ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ স্থাপনের মঞ্জুরি দিল জনপ্রশাসন মন্ত্রণালয়

রাজধানীর ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ নামে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে কলেজটি …