চীনে কিম জং-উনের সঙ্গে দেখা হতে পারে, এশিয়া সফরে যাওয়ার আগে বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহে চীনে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের সঙ্গে তাঁর দেখা হতে পারে। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
এশিয়া সফর শুরু করতে হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্প সাংবাদিকদের এই মন্তব্য করেন। এই সফরে তিনি মঙ্গলবার ভোরে ফিলিপাইনে পৌঁছাবেন।
এরপর তিনি চীনে যাবেন। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, কিম জং-উনের সঙ্গেও তাঁদের দেখা হতে পারে। তাঁর ভাষায়, তা হলে ভালো হবে এবং তাঁদের অনেক কিছু অর্জনের সুযোগ রয়েছে।
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের শেনজেনে পুতিন ও সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার পরিকল্পনা করেছেন ট্রাম্প। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে এই আলোচনা হবে।
সোমবার ট্রাম্প বলেন, তাঁরা নিরস্ত্রীকরণ নিয়ে কথা বলবেন। বিষয়টিকে কঠিন আখ্যা দিয়ে তিনি বলেন, কোনো দেশের পক্ষেই নিজের পারমাণবিক অস্ত্র ছেড়ে দেওয়ার কথা বলা খুব কঠিন, বিশেষ করে অন্য দেশগুলোর কাছেও এমন অস্ত্র থাকায়।
তিনি আরও বলেন, ইরান ও ইউক্রেনের যুদ্ধের পাশাপাশি অর্থনীতি ও বাণিজ্য নিয়েও আলোচনা হবে।
গত আগস্টে কিমের সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরেছিলেন ট্রাম্প। তখন তিনি বলেছিলেন, বছরের কোনো এক সময়ে তাঁদের দেখা হবে, যদিও বিস্তারিত কিছু জানাননি।
সে সময় ট্রাম্প বলেন, কিমের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো, এটি খারাপ নয়, ভালো বিষয়। কিমের কাছে ৫৭টি খুব শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে বলেও তিনি উল্লেখ করেন এবং বলেন, এটি কখনো হতে দেওয়া উচিত ছিল না; তিনি প্রেসিডেন্ট থাকলে তা হতে দিতেন না, তবে এখন কিমের কাছে সেগুলো রয়েছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি সেপ্টেম্বরে বলেন, উত্তর কোরিয়ার অস্ত্রমানের পারমাণবিক উপাদান উৎপাদন সম্প্রসারণের খবর গুরুতর উদ্বেগের কারণ।




