মানুষের হস্তক্ষেপ ছাড়াই পুরোপুরি স্বয়ংক্রিয় এআই সাইবার হামলা প্রথমবার শনাক্তের দাবি গুগলের
রুশভাষী হ্যাকাররা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এজেন্ট ব্যবহার করে সম্ভবত ইতিহাসের প্রথম পুরোপুরি স্বয়ংক্রিয় সাইবার হামলা চালিয়েছে বলে সোমবার জানিয়েছে গুগল।
প্রযুক্তি প্রতিষ্ঠানটির সাইবার হুমকি গোয়েন্দা বিভাগ বলেছে, হ্যাকাররা এআই ব্যবহার করে ‘মানুষের হস্তক্ষেপ ছাড়াই দুর্বলতা খুঁজে বের করা ও তা কাজে লাগানো পুরোপুরি স্বয়ংক্রিয়’ করেছে—এমন ঘটনা তারা প্রথমবার দেখেছে।
গুগলের ভাষ্য অনুযায়ী, হ্যাকাররা একের পর এক এআই এজেন্ট সাজিয়েছিল; এই এজেন্টগুলো প্যাচের আগের ও পরের কোড ক্রমাগত তুলনা করে দুর্বলতা শনাক্ত করেছে এবং মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে এক্সপ্লয়েট তৈরি করেছে। অর্থাৎ এজেন্টগুলো নিজে নিজেই সফটওয়্যারের ত্রুটি এবং সেগুলো কাজে লাগানোর উপায় বের করেছে।
গুগল জানিয়েছে, হ্যাকারদের শনাক্ত করা কারিগরি নথিপত্রে রুশ ভাষা ব্যবহার করা হয়েছিল। এই হামলাকারীদের লক্ষ্য ছিল ফ্রান্সের গণমাধ্যম, বিনোদন ও শিক্ষা খাতের ওয়েবসাইট।
এত দিন সবচেয়ে উন্নত এআই মডেলগুলোও সম্পূর্ণ স্বাধীনভাবে সাইবার হামলা চালাতে পারত না; সেগুলোকে পথ দেখাতে বা তাদের ভুল ঠিক করতে দক্ষ হ্যাকারের প্রয়োজন হতো। গুগলের বর্ণনা অনুযায়ী, মূল বদলটি হলো—এআই মডেল এখন হ্যাকারদের হামলা আরও দ্রুত এবং আরও লক্ষ্যভিত্তিক করতে পারছে।
গুগল বলেছে, এই অগ্রগতি এআই ব্যবহার করে সাইবার হামলার ক্ষেত্রে একটি মোড় ঘোরানো মুহূর্ত হতে পারে। এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক গত এপ্রিলে তাদের বিশেষায়িত মডেল ‘মাইথোস’ প্রকাশের পর থেকে এআই-চালিত সাইবার হামলা শিরোনামে জায়গা করে নিয়েছে এবং নীতিনির্ধারকদের উদ্বেগের কারণ হয়ে আছে।
এই ঘটনা এমন এক সময়ে সামনে এলো, যখন সরকার ও গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনাকারীরা সম্প্রতি আবিষ্কৃত বড় নিরাপত্তা ত্রুটি নিয়ে চাপে রয়েছে। এর মধ্যে রয়েছে ওয়েবের ৭০ শতাংশের ভিত্তি হিসেবে কাজ করা প্রোগ্রামিং ভাষা পিএইচপির বড় ত্রুটি এবং সুপারমার্কেটের ফ্রিজে ধারাবাহিক হ্যাকের ঘটনা, যার জন্য আংশিকভাবে ইরানকে দায়ী করা হয়েছে।

