মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির অর্থায়নের যোগ্য দেশ হলো বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। সোমবার (১৬ নভেম্বর) ওয়াশিংটন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। এর ফলে বাংলাদেশের উপযুক্ত প্রকল্পগুলো এখন ডিএফসির অর্থায়নের জন্য বিবেচিত হওয়ার সুযোগ পাবে।
ডিএফসি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা। প্রচলিত উন্নয়ন সহায়তার মতো শুধু অনুদান না দিয়ে সংস্থাটি বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় ও উন্নয়নমুখী প্রকল্পে অর্থায়ন করে এবং বিনিয়োগের ঝুঁকি কমানোর ব্যবস্থা করে, যাতে অর্থায়ন সংকট বা ঝুঁকি থাকা খাতেও বেসরকারি পুঁজি বিনিয়োগে এগিয়ে আসে।
সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি প্রকল্পে বিনিয়োগ এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখে; এসব প্রকল্প যুক্তরাষ্ট্রের মিত্রদের শক্তিশালী করার পাশাপাশি অঞ্চলের সার্বভৌমত্ব সুরক্ষায়ও সহায়তা করে।
ডিএফসির মতে, বাংলাদেশের এই নতুন যোগ্যতা বেসরকারি বিনিয়োগ কাজে লাগিয়ে দেশের বড় অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। অর্থায়ন ও ঝুঁকি প্রশমনের সুবিধায় প্রবেশাধিকার বাড়লে বিনিয়োগ ঘাটতি পূরণ করা এবং অর্থায়ন সংকটে থাকা প্রকল্পগুলো এগিয়ে নেওয়া সহজ হবে।
সংস্থাটি আরও বলেছে, এ ধরনের বিনিয়োগ গুরুত্বপূর্ণ অবকাঠামো গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবায় মানুষের প্রবেশাধিকার বাড়ানো এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানকে শক্তিশালী করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। বাণিজ্যিকভাবে লাভজনক প্রকল্পও অর্থায়নের সীমাবদ্ধতা বা সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীদের অনাগ্রহের মুখে পড়তে পারে; সেই বাধা কাটাতে ডিএফসির সহায়তা কাজে আসতে পারে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেছেন, অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং প্রবৃদ্ধিতে অবদান রাখবে এমন বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসার বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তিকে তিনি এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অঙ্গীকার হিসেবে উল্লেখ করে বলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এর মাধ্যমে উভয় দেশের সমৃদ্ধি বাড়বে।
তবে যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলেই প্রতিটি প্রকল্প অর্থায়ন পাবে না। ডিএফসির নীতিমালা অনুযায়ী প্রতিটি প্রকল্পের বাণিজ্যিক সম্ভাবনা, উন্নয়নগত প্রভাব, পরিবেশ ও সামাজিক মানদণ্ড, বিনিয়োগকারীর সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিগত অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য আলাদাভাবে যাচাই করা হয়।
ঘোষণায় বাংলাদেশের নির্দিষ্ট কোনো প্রকল্পে বিনিয়োগের পরিমাণ, অর্থ ছাড়ের সময়সূচি বা অনুমোদিত প্রকল্পের তালিকা প্রকাশ করা হয়নি। ফলে এই সিদ্ধান্তকে তাৎক্ষণিক অর্থপ্রাপ্তির নিশ্চয়তা নয়, ভবিষ্যৎ বিনিয়োগের একটি নতুন প্রাতিষ্ঠানিক সুযোগ হিসেবেই দেখা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে ডিএফসি আরও জানিয়েছে, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস এবং কয়েকটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির অবস্থান ইন্দো-প্যাসিফিক অঞ্চলে হওয়ায় এই অঞ্চল যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ। মুক্তবাজার অর্থনীতির নীতির ভিত্তিতে প্রবৃদ্ধি এগিয়ে নেওয়া, অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালী করা এবং এই অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়াতে বেসরকারি পুঁজি কাজে লাগিয়ে সংস্থাটি কাজ করছে।



