লোকসংগীত শিল্পী দীপ্তি রাজবংশী মারা গেছেন, বয়স হয়েছিল ৭৪ বছর
বরেণ্য লোকসংগীত শিল্পী দীপ্তি রাজবংশী আর নেই। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, দীপ্তি রাজবংশী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।
দীপ্তি রাজবংশী ছিলেন দেশের প্রখ্যাত লোকসংগীত শিল্পী, বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক প্রয়াত ইন্দ্রমোহন রাজবংশীর সহধর্মিণী।
সত্তরের দশক থেকে তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের পল্লীগীতির বিশেষ গ্রেডের শিল্পী হিসেবে কাজ করেছেন।
তিনি সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ লোকসংগীত পরিষদের সভাপতির দায়িত্বেও ছিলেন।
সংগীত পরিবারে জন্ম ও বেড়ে ওঠা দীপ্তি রাজবংশীর। তাঁর পরিবারের পাঁচ বোন ও তিন ভাই — সবাই কোনো না কোনোভাবে সংগীতের সঙ্গে যুক্ত।
তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সাংস্কৃতিক অঙ্গনের অনেকে শোক প্রকাশ করেছেন; তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর আত্মার চিরশান্তি কামনা করেছেন।

