ইতালিতে অন্তত ১০০ স্কুলে বোমা ও বিষের হুমকির ইমেইল, ক্যান্টিনের খাবারে অসঙ্গতি মেলেনি

ইতালিতে সোমবার অন্তত ১০০টি স্কুল ইমেইলে বোমা ও বিষ প্রয়োগের হুমকি পেয়েছে। গত সপ্তাহে একই ধরনের হুমকির পর সরকারের চালু করা নতুন নিরাপত্তা প্রোটোকল এবার সক্রিয় হয়েছে।
ইমেইলটি সকাল প্রায় ১০টা ৫০ মিনিটে আসে। ‘এমএ’ আদ্যক্ষরে স্বাক্ষরিত ইমেইলে দুটি আসন্ন বিপদের সতর্কবার্তা দেওয়া হয়।
ইমেইলে বলা হয়, ‘আমাকে এইমাত্র আপনার ভবনে একটি বিস্ফোরক যন্ত্র রেখে সক্রিয় করার দায়িত্ব দেওয়া হয়েছে। ৪০ মিনিটের মধ্যে বিস্ফোরণ ঘটবে।’ একই সঙ্গে দাবি করা হয়, স্কুলের ক্যান্টিনের এক কর্মী খাবার ও সরবরাহে সোডিয়াম অ্যাজাইড ও পটাশিয়াম সায়ানাইডসহ বিষাক্ত পদার্থ মিশিয়ে দিয়েছেন। ইমেইলে আরও লেখা ছিল, ‘আপনারা আমাদের দাবি উপেক্ষা করেছেন।’
এবার হুমকির পর মাত্র কয়েকটি স্কুল খালি করা হয়েছে। স্কুল ক্যান্টিনে পরিবেশিত খাবার পরীক্ষা করে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি।
নতুন নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী, এ ধরনের অস্পষ্ট ও গণহারে পাঠানো হুমকির ক্ষেত্রে ইতালির স্কুলগুলো এখন আর স্বয়ংক্রিয়ভাবে খালি করা হয় না; সিদ্ধান্ত আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা কর্মকর্তাদের বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবারের বার্তাগুলো ভিয়েতনামের একটি প্রতিষ্ঠানের ইমেইল অ্যাকাউন্ট থেকে এসেছে, যেটি হ্যাক হয়েছে বলে মনে করা হচ্ছে। অ্যাকাউন্টটি দা নাং শহরের একটি গবেষণা কেন্দ্রের সঙ্গে যুক্ত।
ঘটনায় ইতালির ডাক পুলিশ তদন্ত শুরু করেছে।
সাইবার পুলিশ সেবার পরিচালক ইভানো গ্যাব্রিয়েলি স্কাইটিজি২৪-কে বলেছেন, ‘আমরা একটি তদন্তগত চ্যালেঞ্জের মুখে আছি: অভিযান যত সহজ, হামলাকারীর ভুল শনাক্ত করা তত কঠিন।’ তিনি বলেন, আজকাল ডার্ক ওয়েব থেকে একটি ইমেইল সংগ্রহ করে বেনামে ব্যবহার করা প্রযুক্তিগতভাবে দুর্ভাগ্যজনকভাবে খুব সহজ।
তবে গ্যাব্রিয়েলি আরও বলেন, এত বিপুলসংখ্যক ইমেইল পাঠানোর অবকাঠামো যিনি তৈরি করেছেন, তিনি এমন কোনো ভুল করে থাকতে পারেন, যা তদন্তকারীরা খুঁজে বের করে এগিয়ে যেতে পারবেন।
ব্রাসেলসে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি বলেছেন, ইমেইল, সাইবার বা হ্যাকিংয়ের মাধ্যমে আসা বিভিন্ন ধরনের হুমকির জবাব দেওয়া ও সেগুলো প্রতিরোধে আরও ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি ও আকাঙ্ক্ষা রয়েছে।


