শ্রীমঙ্গলের ভৈরব বাজারে খাদ্য অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সমন্বয়ে উপজেলার ভৈরব বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস ভৈরব বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে মহাদেব খই ভান্ডারে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ না করাসহ বিভিন্ন কারণে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একই বাজারে দুধালয় মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইস আল রেজুয়ান। দইয়ের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইস আল রেজুয়ান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


