ক্যালিফোর্নিয়ায় গর্ভবতী মার্কিন নাগরিককে পিপার স্প্রে করে মাটিতে ফেলে আটকের অভিযোগ আইসের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক গর্ভবতী মার্কিন নাগরিককে পিপার স্প্রে করে মাটিতে ফেলে আটক করার অভিযোগ উঠেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) কর্মকর্তাদের বিরুদ্ধে। ওই নারীর পরিবারের আইনজীবী ঘটনার ভিডিও প্রকাশ করেছেন।
আটক নারীর নাম লিজবেথ ভার্গাস আন্দ্রাদে, বয়স ২৩ বছর। তিনি ১২ সপ্তাহের গর্ভবতী। রোববার ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালির মডেস্টোতে স্টানিস্লাউস কাউন্টি কারাগারের বাইরে আইস কর্মকর্তাদের উপস্থিতির প্রতিবাদে তিনি ভিডিও করছিলেন ও প্রতিবাদ জানাচ্ছিলেন।
ভার্গাস আন্দ্রাদে রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি স্থানীয় বাসিন্দাদের একটি দলের সদস্য, যারা এলাকায় আইসের উপস্থিতি পর্যবেক্ষণ করে। এলাকায় কর্মকর্তাদের দেখা গেছে—এমন খবর পেয়ে তিনি কারাগারের পার্কিং লটে যান।
কারাগার থেকে সদ্য মুক্তি পেয়েছেন বলে মনে হওয়া এক ব্যক্তিকে আইস কর্মকর্তারা আটক করতে গেলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ভিডিওতে তা দেখা গেছে। ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি এবং তাঁর আটকের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। কর্মকর্তাদের গায়ে আইন প্রয়োগকারী সংস্থার ভেস্ট ও আইসের ব্যাজ ছিল এবং তাঁদের অন্তত দুজনের মুখে মাস্ক ছিল।
ভার্গাস আন্দ্রাদের স্বামী আদলফো তালাভেরার ধারণ করা ভিডিওতে উত্তেজনাপূর্ণ দৃশ্য দেখা গেছে, যেখানে কয়েকজন কর্মকর্তাদের আটকের প্রতিবাদ করছিলেন। ভিডিওর শব্দ বারবার কেটে যাওয়ায় ভার্গাস আন্দ্রাদের আটকের ঠিক আগের মুহূর্তে কী ঘটেছিল, তা স্পষ্ট নয়। এক হাতে ফোন ধরা অবস্থায় তাঁর সঙ্গে এক কর্মকর্তার ধাক্কা লাগে বলে ভিডিওতে মনে হয়েছে। এরপর ওই কর্মকর্তা তাঁকে ধরে হাতকড়া পরাতে শুরু করেন।
আরেক কর্মকর্তা তখন পিপার স্প্রের মতো একটি ক্যানিস্টার বের করে ভার্গাস আন্দ্রাদে ও ভিডিও ধারণকারী তাঁর স্বামীর দিকে তাক করেন। ভিডিওতে স্প্রে ছোড়ার দৃশ্য আংশিক ধরা পড়লেও কতক্ষণ ও কোথায় তা ছোড়া হয়েছিল, তা বোঝা কঠিন ছিল। এরপরই তালাভেরাকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘সে গর্ভবতী, তার পেটে সন্তান!’
কিছুক্ষণের মধ্যেই দুই কর্মকর্তা ভার্গাস আন্দ্রাদেকে মাটিতে ফেলে দেন। পেটের ওপর ভর দিয়ে শোয়া অবস্থায় পেছনে হাত নিয়ে তাঁকে হাতকড়া পরানো হয়, এরপর এক কর্মকর্তা তাঁকে পাশ ফিরিয়ে দেন।
তাঁর আইনজীবী প্যাট্রিক কোলাসিনস্কি জানান, ভার্গাস আন্দ্রাদেকে আটক করে স্টকটনে আইসের ফিল্ড অফিসে নেওয়া হয়। তাঁর বোন অ্যাম্বুলেন্স ডাকেন; অ্যাম্বুলেন্সটি আইসের কার্যালয়ে পৌঁছে তাঁকে হাসপাতালে নিয়ে যায়—সংবাদ সম্মেলনে পরিবার ও এক স্থানীয় অধিকারকর্মী এ কথা বলেন।
ভার্গাস আন্দ্রাদে বলেন, কর্মকর্তারা তাঁকে এক আইস কর্মকর্তাকে আক্রমণের অভিযোগের কথা বলেছিলেন, তবে তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন। কোলাসিনস্কির ভাষ্য অনুযায়ী, সেদিনই পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় এবং তাঁর বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি।
রোববার রাতে সাংবাদিকদের ভার্গাস আন্দ্রাদে বলেন, ‘তারা আমাকে মাটিতে ফেলে দিল, আমাকে স্প্রে করল, তারপর হাতকড়া পরাল। আমি আইস কর্মকর্তাকে বলেছিলাম, আমি গর্ভবতী, তাই আমার গায়ে হাত দেবেন না।’
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) মুখপাত্ররা সোমবার তাৎক্ষণিকভাবে এ বিষয়ে সাড়া দেননি। বিচার বিভাগের এক মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানান। কারাগারটি পরিচালনাকারী স্টানিস্লাউস শেরিফের কার্যালয়ের এক মুখপাত্র বলেন, ভার্গাস আন্দ্রাদের আটকের ঘটনায় শেরিফের ডেপুটিরা জড়িত ছিলেন না।




