উপপ্রতিরক্ষামন্ত্রীকে নির্দিষ্ট ব্যাংকারের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ 'ভিত্তিহীন', বলল পেন্টাগন
মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফিনবার্গ প্রতিরক্ষা ঠিকাদারদের নির্দিষ্ট এক গোল্ডম্যান স্যাকস ব্যাংকারের সঙ্গে কাজ করতে উৎসাহিত করেছেন—এমন অভিযোগ অস্বীকার করেছে পেন্টাগন। সোমবার দেওয়া বিবৃতিতে পেন্টাগন অভিযোগগুলোকে 'ভিত্তিহীন' বলেছে।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বিবৃতিতে বলেন, উপমন্ত্রী কোনো কোম্পানিকে গোল্ডম্যান স্যাকস ব্যবহারের নির্দেশ দিয়েছেন—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। তাঁর ভাষ্য, ফিনবার্গ কর্মজীবনজুড়ে এই শিল্পের নানা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন; তাঁর কোনো পছন্দের প্রতিষ্ঠান নেই, প্রতিরক্ষা বিভাগেরও নেই।
অভিযোগটি প্রথম প্রকাশ করে ব্লুমবার্গ, বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনের সঙ্গে আলোচনার সময় ফিনবার্গ লকহিড মার্টিন ও আরটিএক্সের মতো ঠিকাদারদের গোল্ডম্যান স্যাকস ব্যাংকার জিম ডোনোভানের সঙ্গে কাজ করার দিকে নির্দেশনা দেন।
প্রতিবেদনে বলা হয়, ডোনোভান ও ফিনবার্গের পরিচয় পুরোনো; ডোনোভান আগে ফিনবার্গের সহপ্রতিষ্ঠিত বিনিয়োগ প্রতিষ্ঠান সার্বেরাস ক্যাপিটাল ম্যানেজমেন্টে কাজ করেছেন, যেটি ৭ হাজার কোটি ডলারের সম্পদ পরিচালনার দাবি করে।
ব্লুমবার্গের প্রতিবেদন লাভজনক পেন্টাগন আলোচনার সময় স্বার্থের সংঘাত নিয়ে উদ্বেগ তুলেছে। প্রতিরক্ষা চুক্তিগুলো প্রায়ই লাখো, এমনকি কোটি কোটি ডলারের হয়; চুক্তির জন্য প্রতিযোগিতায় থাকা কোনো কোম্পানিকে নির্দিষ্ট ব্যাংকারের দিকে পাঠানোকে আলোচনায় কারসাজি হিসেবে দেখা যেতে পারে, এবং এতে ওই ব্যাংকার বড় কমিশন পাওয়ার সুযোগে থাকেন।
ব্লুমবার্গের ভাষ্য অনুযায়ী, ফিনবার্গের পরামর্শের পর আরটিএক্স ও লকহিড মার্টিন—দুটোই ডোনোভানকে নিয়োগ দেয়। প্রতিবেদনে ডোনোভানের অংশগ্রহণে সাম্প্রতিক কয়েকটি চুক্তির কথাও বলা হয়েছে—লকহিড মার্টিনের সঙ্গে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ৫ হাজার ৯০০ কোটি ডলারের চুক্তি এবং আরটিএক্সের সঙ্গে প্রায় ৪ হাজার ৫০০ কোটি ডলারের দুটি ক্ষেপণাস্ত্র চুক্তি।
পেন্টাগন অবশ্য ব্লুমবার্গকে ভিত্তিহীন অভিযোগকে বিশ্বাসযোগ্যতা দেওয়ার চেষ্টার অভিযোগ করেছে। পেন্টাগনের উপপ্রেস সচিব জ্যাকব ব্লিস বলেন, বিভাগের স্পষ্ট অস্বীকার সত্ত্বেও ব্লুমবার্গ তথ্য প্রতিষ্ঠার চেয়ে ভিত্তিহীন কলঙ্ক ছড়াতে বেশি আগ্রহী বলে মনে হচ্ছে। তাঁর ভাষ্য, 'উপমন্ত্রী সম্মান ও সততার মানুষ। দুর্ভাগ্যবশত কেউ কেউ তাঁর সাফল্যের চেয়ে ব্যর্থতাই দেখতে চায়।'
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিনবার্গকে পেন্টাগনের শীর্ষ পদগুলোর একটিতে মনোনয়ন দেন। সিনেট ৫৯-৪০ ভোটে তাঁর নিয়োগ নিশ্চিত করে এবং ২০২৫ সালের ১৭ মার্চ তিনি ৩৬তম উপপ্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ নেন বলে পেন্টাগন জানিয়েছে।
লকহিড মার্টিন ও আরটিএক্স—দুটি মহাকাশ ও প্রতিরক্ষা কোম্পানিরই পেন্টাগনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আগস্টে প্রতিরক্ষা বিভাগ প্যাট্রিয়ট প্যাক-৩ ও থাড ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার যন্ত্রাংশের উৎপাদন বাড়াতে লকহিড মার্টিন ও আরেক প্রতিরক্ষা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যানের সঙ্গে কয়েক শ কোটি ডলারের চুক্তি ঘোষণা করে।
ব্লুমবার্গের প্রতিবেদনের নামহীন সূত্রগুলো কারা, তা স্পষ্ট নয়। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অধীনে পেন্টাগন সংবেদনশীল তথ্য ফাঁসের বিষয়ে একাধিক তদন্ত শুরু করেছে এবং সামরিক কর্মকর্তা ও অন্যান্য পেন্টাগন সম্পদের কাছে সাংবাদিকদের প্রবেশ সীমিত করার পদক্ষেপ নিয়েছে।




