সিরিয়ার সঙ্গে প্রায় ২০ বছরের পুরোনো সহযোগিতা চুক্তি পুনরুজ্জীবিত করতে সম্মত ইউরোপীয় ইউনিয়ন
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার সঙ্গে প্রায় ২০ বছর আগের একটি সহযোগিতা চুক্তি পুনরুজ্জীবিত করতে সম্মত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির সঙ্গে সম্পর্ক জোরদার করার উদ্যোগের অংশ হিসেবে সোমবার ব্রাসেলসে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কায়া কালাস সোমবার বলেন, ‘সিরিয়ার বিনিয়োগ ও একটি সফল উত্তরণ দরকার।’ তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব ইউরোপ ও সিরিয়াকে বাণিজ্য, রাজনৈতিক সংলাপ ও ঘনিষ্ঠ সহযোগিতার একটি কাঠামো দেওয়াই লক্ষ্য।’
ইইউ-সিরিয়া অ্যাসোসিয়েশন চুক্তিটি প্রথম করা হয়েছিল ২০০৮ সালে, তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আমলে। তবে আসাদ সরকারের মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগের কারণে কোনো পক্ষই চুক্তিটি পুরোপুরি সই করেনি।
কালাস জানান, ব্রাসেলসে বৈঠকে বসা ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা ওই চুক্তি নিয়ে এগিয়ে যাওয়া এবং একটি হালনাগাদ চুক্তির জন্য আলোচনা শুরুর পক্ষে সমর্থন দিয়েছেন। বৈঠকের আগে জোটের কূটনৈতিক বিভাগের তৈরি একটি আলোচনা-পত্রে আসাদের পতনের দুই বছরের কম সময়ের মধ্যে দামেস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অন্যতম উচ্চাভিলাষী উদ্যোগের রূপরেখা দেওয়া হয়েছিল।
কালাস বলেন, কূটনীতিকেরা এখন চুক্তিটি চূড়ান্ত করতে কারিগরি ও আইনি বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এই চুক্তি ব্রাসেলস ও দামেস্কের মধ্যে মুক্ত বাণিজ্য, রাজনৈতিক সংলাপ ও বিস্তৃত সহযোগিতার কাঠামো তৈরি করবে।
তিনি বলেন, ‘সবাই বলেছেন, সিরিয়ার সঙ্গে আমাদের যুক্ত হতেই হবে; কারণ আমরা যুক্ত না হলে এই শূন্যতা অন্য শক্তিরা পূরণ করবে।’
কালাস জানান, হালনাগাদ চুক্তি পেতে সিরিয়ার জন্য নতুন শর্ত নির্ধারণ করবে ইইউ। তিনি বলেন, ‘মানবাধিকারের বিষয়ে আমাদের সুস্পষ্ট শর্ত থাকা উচিত।’ সেই সঙ্গে আসাদ আমলে স্বীকৃতি দেওয়া ইউক্রেন ও জর্জিয়ার দখলকৃত ভূখণ্ডের স্বীকৃতি প্রত্যাহারের বিষয়টিও শর্তে থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।
নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন দামেস্কের সঙ্গে সম্পর্ক জোরদারে ২৭ দেশের জোটের ধারাবাহিক উদ্যোগের সর্বশেষ পদক্ষেপ এটি। দেশটির অর্থনীতির পুনরুদ্ধারে সহায়তা করতে ইইউ ২০২৫ সালে সিরিয়ার ওপর থাকা কঠোর নিষেধাজ্ঞা তুলে নেয়।
২০২৬ সালের শুরুতে ব্রাসেলস সিরিয়ার জন্য দুই বছর মেয়াদি ৬২ কোটি ইউরো (৬৮ কোটি ডলার) তহবিল প্যাকেজ ঘোষণা করে।
২০২৪ সালের ৮ ডিসেম্বর মাত্র ১১ দিনের আক্রমণের মধ্য দিয়ে আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান ঘটে। এর মধ্য দিয়ে দীর্ঘ গৃহযুদ্ধেরও অবসান হয়। প্রায় ১৪ বছরের এই যুদ্ধে প্রায় ৬৮ লাখ সিরীয়, অর্থাৎ জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ, বিদেশে পালিয়ে যায়। আসাদের পতনের পর থেকে এরই মধ্যে দশ লাখের বেশি সিরীয় শরণার্থী দেশে ফিরেছেন।

